সোমবার, ৩ জুন, ২০১৩

মাশুল

মাশুল
- যাযাবর জীবন

বন্ধুত্ব হয় নি কখনই আমার, তোর সাথে;
প্রথম দেখাতেই নিখাদ প্রেমের হাতছানি মনে মনে
হয়তো আমার কিংবা তোর কে জানে?

ভালোবাসার সুধা পান করেছিলেম দুজনে মিলে
মনের অনেক আড় ভেঙ্গে, দুজনে দুজনে;
এ প্রেমে শুধুই বিচ্ছেদের হাতছানি তাও জেনে
তবুও মেতেছিলেম প্রেমে দুজন দুজনে
তারই মাশুল গুনে যাচ্ছি আজ আমরা
দুজনে মিলে.........
তোর কি কখনো মনে খেদ জমে আছে আমাদের প্রেম নিয়ে?

না হয় স্বল্প কিছু সময় আমরা কাটিয়েছিলেম মধুর সান্নিধ্যে
হৃদয় ভরা অনেক ভালোবাসা নিয়ে
তারই অনুভব হৃদয়ে ধরে
বিচ্ছেদের মাধুর্য আজো পান করে যাচ্ছি প্রতিটি নিঃশ্বাসে
তোর মুখচ্ছবি মনে করে।

রবিবার, ২ জুন, ২০১৩

ভালোবাসার স্বরূপ

ভালোবাসার স্বরূপ
-যাযাবর জীবন

স্রোতোধারা বয়ে যায় জোয়ার আর ভাটার টানে
নিজের মতন করে
ভালোবাসাবাসির কথাগুলো ফুরোলে;
বালিহাঁস উড়ে যায় নতুনের সন্ধানে
খাবার খুঁটে খেয়ে
দৈহিক ভালোবাসার সমাপ্তিতে।

নিথর পড়ে থাকি আমি
দেহ আর মনের
এহেন শৈল্পিক ব্যবহারের রূপ দেখে।

ভালোবাসার মূল্যবোধ গুমরে কাঁদে
অসহায় অপমানে।

আজকাল বিস্মিত হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি
মানুষের ভালোবাসার স্বরূপ দেখে।

গন্তব্য

গন্তব্য
- যাযাবর জীবন

চলার যত পথ
সরল সোজা রেললাইনের মত
কিংবা আঁকাবাঁকা মেঠো কাঁচা পাকা
উঁচুনিচু পাহাড়ি
মসৃণ আর বন্ধুর
আছে অনেক অনেক
হরেক রকম
এক, একাধিক কিংবা অনেক
চলার এত পথ
বাঁধা নেই পথ চলতে;
তবুও আমার পা থমকে আছে
থেমে গেছি আমি পথচলাতে
অনেক ভেবে গভীর অনুভবে
পথ চলার সমাপ্তি যে একদিন হবে
পড়ে রইবে নিথর দেহ
যে কোনো এক চলারই পথে
খাটিয়াতে করে এনে ফেলে দেবে
সারে তিন হাতের ছোট্ট এক ঘরে;
যেখানে যেতে হবে কতগুলো মানুষের কাঁধে চড়ে
আমার পা রইবে পায়ের জায়গায়
পড়ে থাকবে নিশ্চল,
হেঁটে যাওয়া হবে না আমার
নিশ্চিত সেই গন্তব্যে।


ভাবের যত কথা
স্বল্প কিছু কিংবা বাচালতা
মনের সাথে মনের কথা
কবিতার খাতায় লেখা
কাঁচা হাতে আঁকিঝুঁকি কাটা
কিংবা পাকা হাতে সুন্দর একটি কবিতা
প্রেম বিরহ আর ভালোবাসা
উচাটন মনে চাঁদ দেখা
রিমঝিম বৃষ্টিতে বিষণ্ণ মনের যত গান
সবই তো মনেরই বারতা
হৃদয়ের ঘরে অনুভবের আবীরতা;
কল্পনার ফানুস উড়িয়ে
মনের ঘরে স্বপ্নের মানুষের সাথে বসবাস
কিংবা বিরহ জ্বালায় নিজেরই সর্বনাশ
চলুক না সে তার নিজের মতন করে
বাঁধা নেই কোনো মনের ঘরে
বল্গাহীন এক হৃদয় কুঠরে;
তবুও আমার অনুভূতিগুলো থেমে গেছে
ভুলে গেছি আমি স্বপ্ন দেখতে
অনেক ভেবে গভীর অনুভবে
মনেরও যে একদিন লাগাম টানা হবে
পড়ে রইবে নিথর দেহ
হৃদয়টা ধুকপুক-হীন এক মাংসপিণ্ড হয়ে
কতগুলো চেনা বা অচেনা মানুষের কাঁধে করে
খাটিয়াতে সাদা কাফনে জড়িয়ে সযতনে
ফেলে দেবে সারে তিন হাতের ছোট্ট এক ঘরে;
আমার শত স্বপ্ন দেখা হৃদয় হয়ে রবে নিথর
সহস্র কথার ফুলঝুরি মুখ হয়ে রবে নিশ্চুপ,
চলে যেতেই যে হবে
সেই নিশ্চিত গন্তব্যে।

শনিবার, ১ জুন, ২০১৩

অপেক্ষা

অপেক্ষা
- যাযাবর জীবন

চাঁদকে ঢেকে রেখেছে আজ মেঘের ছায়া
ঠিক যেন তোর ভালোবাসার ঘরের ঢাকনা
মেঘ সরে যাবে একসময় বাতাসের ভেলায় ভেসে
তোর ভুলগুলোও একদিন ভেঙ্গে যাবে অবশেষে
কেন সরিয়ে নিয়েছিলেম তোর কাছ থেকে নিজেকে
চাঁদ অপেক্ষায় মেঘ সরে যাওয়ার
আমি অপেক্ষায় তোর ভুল ভাঙ্গার।

একলা জীবন

একলা জীবন
- যাযাবর জীবন

একলা আমি
একলা তুই
একলা ভালোবাসা
একলা রাতের নির্জনতায়
শূন্য হয়ে কাঁদা;
শূন্য আমি তোকে ছাড়া
অপূর্ণ এক প্রেমের গাঁথা
ওপর দিয়ে দেখিস যেমন
আসলে এক ছিঁড়ে কাঁথা;
থাকিস নে তুই শূন্য হয়ে
আমার মতন পড়ে
জীবন টাকে নিজের মতন
আনন্দ আর ভালোবাসায়
নিস তুই ওরে গড়ে।

"পারলে ঠেকা"

"পারলে ঠেকা"
- যাযাবর জীবন

জীবনটা তোর প্রজাপতি রঙ্গিন
চেয়ে চেয়ে দেখি আমি
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কোথায় যেন খুশির আবেগ
তোর প্রজাপতি রূপ দেখে
মাঝে মধ্যে শিহরিত হই আমি
হারিয়ে তোকে
শিহরিত তুই
নতুনকে সাথী করে
প্রজাপতি ডানায় রং মেখে।

আসলে আমিও শূন্য তুই শূন্য
শূন্য দুজনের ভালোবাসা
আর তোর এই শাক দিয়ে মাছ ঢাকা
প্রজাপতির ডানায় রঙ্গিন রঙ মাখা
বুঝি আমি সবই
চুপ করে থাকি
হারজিত কার হলো আমি জানি না
বলেছিলাম তোকে আমায় পাবি না
অনেক অহংকারে বলা তোর সেই কথা
মনে আছে? "পারলে ঠেকা!"

কিভাবে অকরুণ নির্মম আঘাতে ঠেকিয়ে দিয়েছি আমি
এতটুকু বুঝিস নি তুই আমার অক্ষমতা;
ভুলিয়ে দিয়েছি তোর অহংকারের বার্তা - "পারলে ঠেকা!"
মনে মনে খুব মাঝে মাঝে ফেটে পড়ি হাসিতে
নিজে নিজে
হা হা হা।

নিজেকে বড্ড নিষ্ঠুর মনে হয় আজ
তবুও সেদিন কিছু করার ছিল না আমার
বুঝবি হয়তো একদিন আমার অক্ষমতা
বাজবে বুকে যেদিন শূন্য হাহাকার।


ভালোবাসি তোরে

ভালোবাসি তোরে
- যাযাবর জীবন

মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি
কেমন যেন বিষণ্ণ চারিধার
রাতের নির্জনতা ভেঙ্গে দিচ্ছে টিপটিপ বৃষ্টির শব্দ
বুকের নির্জনতায় আঘাত করেছে পুরোনো অনেক কথা
মনের গভীরে বাড়ছে ব্যস্ত কোলাহল
একে একে ভিড় করে নস্টালজিক সব ভাবনা।

ভেজা বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে মনের আঙ্গিনা
ভিজে যাচ্ছে ভাবনাগুলো
ধুয়ে যাচ্ছে স্বপ্নগুলো এঁকেছিলেম জলরং ছবিতে
মুছে যাচ্ছে কবিতাগুলো লিখেছিলাম কলমের আচরে
তোকে নিয়ে, শুধুই তোকে নিয়ে।

আজ বড্ড একা মনে হয়
মেনে নিয়েছি নিয়তির নির্মম পরিণয়
একলা হাসি, একলা কাঁদি
একলা বসে আজ বৃষ্টিতে ভিজি
কারণে আর অকারণে
যখনি তোর কথা পড়ে মনে।

লোকে পাগল বলে কেওবা অহংকারী
যখন আমার দিক থেকে পায় না সাড়া
আমার কিছুতেই কিছু আসে যায় না
কিভাবে কাকে দেব সাড়া বল না আমায়
শূন্য করে দিয়ে চলে গিয়েছিস মনটা আমার
কিছু আসে যায় না যে যা বলুক আমারে
এখনো যে বড্ড ভালোবাসি তোরে
ঠিক সেই আগের মতন করে।