শনিবার, ৫ জুলাই, ২০১৪

আয়নাকন্যা


আয়নাকন্যা
- যাযাবর জীবন

প্রতিবিম্ব আয়নাতে
মনের প্রতিবিম্ব অন্য এক মনেতে
ছায়া-মানবের কথা শুনেছি
আয়নামানব প্রতিবিম্বে দেখেছি
আয়নাকন্যা তাকে হতেই হবে এমন দিব্যি কে দিয়েছিল?
এখন তো ভয় লাগে উঁকি দিতে মনের ঘরে
যদি অন্ধকারগুলো তার চোখে পড়ে!


শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

প্রেম ও বন্ধুত্ব



প্রেম ও বন্ধুত্ব
- যাযাবর জীবন

প্রেম ও বন্ধুত্বের মাঝে ফারাক বিস্তর
ফারাক বন্ধু ও প্রেমিকের মাঝে
তাদের অনুভূতি আর অনুভবে
কজন বোঝে?
বন্ধু, বন্ধুকে চেনে
মুখে কিছু বলার প্রয়োজন হয় না তাকে
বন্ধুর বিপদ আপদ
সুখ দুঃখ
হাসি কান্না
বন্ধু বুঝে নেয় অনুভবে;
অন্যজন কথায় কথায় মুখ ঘোরায় অভিমানে
বন্ধুত্ব ও প্রেমের মাঝে ফারাক বোঝে কজনে!!!

মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

বৃক্ষ


বৃক্ষ
- যাযাবর জীবন

একটা দুটো পাখি
আকাশে ওড়ে
ডানা ঝাপটায়
ক্লান্ত পাখি উড়ে এসে বসে গাছের গায়
একা
কিংবা জোড়ায়;
কিছু সময় পার করে
ছায়ার তলে
বিশ্রামের তরে
একা
কিংবা জোড়ায়;
কিছু পাখি ঠোকর মারে
গাছের বাকলে
কিছু গান ধরে
কিছু গল্প করে
কিছু প্রেম করে
তারপর উড়ে যায়
যে যার ঘরে
একা
কিংবা জোড়ায়।

পাখিগুলো খুব অল্প কিছু সময় কাটায়
বসে গাছের গায়
খুব একান্তে নিজের মনে
তারপর আবার উড়ে চলে
যে যার ঘরে
তখন হয়তো গাছের মন উদাস হয়
হয়তো অল্প
কিংবা কিছু বেশি সময় ধরে উদাস রয়
আর নয়তো দাগ পড়ে যায়
গভীর হয়ে গাছের মনে
কিংবা ঠোকরে বাকলের গায়
পাখির তাতে কি আসে যায়?
পাখি উড়ে যায়
নিজ ডেরায়
গাছ, গাছের জায়গায়
একঠায় দাঁড়িয়ে
পাখির ফিরে আসার অপেক্ষায়।



উদাস ভাবনা


উদাস ভাবনা
- যাযাবর জীবন

মন কি তোর উদাস নাকি রে আজ?
বাইরে কি অন্ধকার রাত
নাকি মন খারাপের লিলুয়া বাতাস?
বইছে
নাকি থমকে আছে,
তবে কি ঝড়ের পূর্বাভাষ?
মেঘ হয়ে ঝরবে
নাকি অশ্রু হয়ে নামবে
বিচিত্র নারী মনের ভাবনার
পায় কে আভাষ?

আমি বসে আছি
টুপ করে ঝরে পড়া মুক্তো-বিন্দুগুলো
নেব আঁজলা পেতে
মালা গেঁথে পড়াতে তোরই গলেতে
আনন্দ নহর দেখার বড্ড সাধ
তোর উদাস চোখেতে
আজকের রাতে।


রবিবার, ২৯ জুন, ২০১৪

স্বার্থ চিন্তা



স্বার্থ চিন্তা
- যাযাবর জীবন

প্রথম দাঁতটা ইঁদুর খেয়েছিল
দাদীর হাতে
শেষ দাঁতটা টুপ করে ঝরে গেলো
নাতির হাতে
দু প্রান্তে দু প্রজন্ম
মাঝখানে সেতুবন্ধন আমি;
আদি থেকে পরিবারের চলমান ধারা
একসময় বনেদী ছিল
সম্পর্ক
পরিবার
অনুশাসন
ঠিক দাঁতের মতই শক্ত,
দিন বদলাচ্ছে
বদলাচ্ছে সম্পর্কের ধরণ
খুব সহজেই ফাটল
কিংবা ভেঙে যাচ্ছে সহসাই অকারণ;
দাঁতের মত শক্ত হয় না এখনকার সম্পর্কগুলো
পোকা ধরার আগেই টুপ করে ঝরে পরে স্বার্থ বাতাসে।

বৃদ্ধাশ্রমগুলোও যেন আজকাল ব্যবসায়ে পরিণত হয়েছে
আমার সঞ্চয় কি আছে? নতুন করে ভাবতে হবে।


শুক্রবার, ২৭ জুন, ২০১৪

ফেসবুক বন্ধু


ফেসবুক বন্ধু
- যাযাবর জীবন

ফেসবুকটা বড্ড মজার,
নতুন নতুন অপরিচিত কত আই ডি
সেখানে সদর্পে ঘুরে বেড়ায়,
প্রথমে পরিচয়
তারপর টুকটাক
হঠাৎ করেই বড্ড আপন;
কারো এখানে বাস
কেও থাকে অনেক দূরে
ভার্চুয়াল জগতের মিলন
এভাবেই ঘুরে ঘুরে
সময়ের সাথে সময় গড়ায়।

সকাল বেলাটা আমার বড্ড ব্যস্ত কাটে
তোর তখন রাত্রির দ্বিতীয় প্রহর
আলসে হাই এর আড়মোড়ে চোখ ঘুম ঘুম
কখনো বিছানা থেকে ধড়ফড় উঠে যাওয়া
আমার কথা মনে হলে
বড্ড আবেগী প্রেম নতুন পরিচয়ে,
কখনো বা মনের অজান্তেই চোখ লেগে যাওয়া
পাশবালিশটা বুকে জড়িয়ে
কিছু সময় স্বপ্ন জগতে বিচরণ;
সাথে কে?
আমি না বক-রাক্ষস তাতে কি এসে যায়!

আজ আমার দুপুরে বড্ড অগোছালো ছিলাম
হঠাৎ করেই মনে এলো
তোর বোধ হয় সকাল হলো
তবু পরিচিত মেসেজের আগমনে
মুঠোফোনটা এখনো টিং করলো না কেন?
একটু অস্বস্তি মনের ভেতর
ফেসবুকে উঁকি,
ওমা!!
কোথায় তুই?
এ যে বন্ধ হয়ে যাওয়া আই ডি
বরাবরের মত;
এক বার
দু বার
বার বার
অনেকবার
এতে আমি আমি বড্ড বেশী অভ্যস্ত
মনে মনে একটু হাসলাম;
বিদায় বন্ধু, ভালো থেকো।


বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

স্মৃতিতে অমলিন



স্মৃতিতে অমলিন
- যাযাবর জীবন

নিস্তব্ধ আমি
স্তব্ধ তুই
নিথর হয়ে
একলা শুয়ে রই,
উড়ে যায় পাখি
পালক ঝরিয়ে
বর্তমান কথা বলে
অতীত সরিয়ে,
বাতাসের স্পর্শে যদি পাস পালকের পেলব
ভুলে যাস তখন আমায় হারানোর অনুভব;

হারানোর বেদনা সয়ে যাবে হয়তো একদিন
স্মৃতিতে তোর থাকব আমি চিরদিন অমলিন।