বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
অন্ধকারের ওপারে
অন্ধকারের ওপারে
- যাযাবর জীবন
মনের গহীনে যখন অন্ধকারের কোলাহল
দুপুরের বুক চিরেও নামে অমাবস্যার কালো ঢল,
শীতের কুয়াশা যেন রাতের জ্যোৎস্না ঢাকা চাদর
সেই কতকাল হয়ে গেছে! তোকে করি নি সেভাবে আদর;
ইদানীং বড্ড মন কেমন করে
তোর তরে, তোর তরে,
তোকে বড্ড বেশি মনে পড়ে
আলো কিবা অন্ধকারে।
কোথায় তুই?
জ্যোৎস্নার ছায়াতলে?
নাকি অমাবস্যার ওপারের আলো ঘরে?
অন্ধকারের বিষণ্ণ গান বাজে অশরীরী সুরে
তোর কথা মনে হলে
মনঘরে, মনঘরে।
মনের গ্রহণে চোখে পর্দা পড়লে
হারিয়ে যায় মনের মানুষ অন্ধকারের ওপারে
চিরতরে, চিরতরে।
যখন তখন
যখন তখন
- যাযাবর জীবন
মেয়েদের প্রেমে পড়ার কোন কারণ লাগে না
কারণ লাগে না কাছে আসার
কারণ লাগে না ভালোবাসার
কারণ লাগে না ভুলে যাওয়ার
লাগে না কারণ ছুড়ে ফেলার;
দাসত্ব ইচ্ছার, শৃঙ্খলিত মন
যুক্তি-তর্কের ধার ধারে না
লাগে না ভালোবাসা কিংবা ঘৃণার কোন কারণ;
মনে প্রেম আসে যখন তখন
আর ভালোবাসে পাগলের মতন
যখন তখন, যখন তখন;
ভালোবাসার অত্যাচার সইবার ক্ষমতা দেয়া হয় নি আমায়;
যখন তখন, যখন তখন।
দুঃখ-বিলাস
দুঃখ-বিলাস
- যাযাবর জীবন
কবিতার খাতায় গল্পও লেখা যায়
জীবন'তো আর কবিতা নয়;
কেও স্বপ্নেও কবিতা লেখে
কারো জীবন কণ্টকময়;
আমি না হয় দু:খই লিখলাম চাঁদনী মনে করে
তোর জীবন হোক জ্যোৎস্নাময়।
লোনা কাব্য
লোনা কাব্য
- যাযাবর জীবন
জলের বিছানায় শুয়ে
কান্নার মেঘ ছুঁয়ে দিতেই
তোর চোখ থেকে মুক্তা গড়ালো,
আমি ধরতে যেতেই অশ্রু হলো,
টুপ করে ঝরে পরতেই ঝর্ণা;
সময়ের পিঠে চেপে কুলকুল রবে সাগরে পড়তেই
সাগরের জল লোনা;
ভাগ্যিস সেদিন তোর অশ্রু ধরতে পারি নি!
তাই তো আজো লোনা কাব্য লেখা হয়
জলের বিছানায় শুয়ে
ফোঁটা ফোঁটা কান্না গড়ায়
চোখের কোল বেয়ে;
তোর কথা মনে হলে।
রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
যেদিন ঘুম ভাঙবে
যেদিন ঘুম ভাঙবে
- যাযাবর জীবন
ছোট ছোট কিছু ইচ্ছের পূর্ণতা পাশাপাশি জীবনের কিছু অপূর্ণতা
কর্ম সম্পাদনের তৃপ্তি আর অতৃপ্ত কিছু অসমাপ্তি
কিছু চাওয়া অবাস্তব, প্রাপ্তি অসম্ভব
কেও মনকাড়া কেও অধরা
কেও ভালোবাসে কেও করে ঘৃণা
কখনো দিন কখনো রাত্রি
কারো আনন্দ কারো বেদনা
কারো খোঁজ শুধুই জাগতিক
কেও খোঁজে অমাবস্যায় অলৌকিক জ্যোৎস্না;
থাকুক না এ জীবনে কিছু অপূর্ণতা
তবেই না থাকবে বেঁচে থাকার স্পৃহা;
তারপর না হয় কাটাবো অসীম প্রতীক্ষার প্রহর
দিনরাত্রিহীন এক নির্জন ঘুমঘরে, ঘুমঘোরে;
তারও অনেক অনেক কাল পরে
মাটির ঘরগুলো জেগে উঠবে কোন একদিন বিস্তীর্ণ হাশরে;
তারপর আবার একদিন জেগে উঠবো ঘুম ভেঙে
আমি
তুমি
তুই
সে
আমরা
ও তাহারা সকলে.........
শেষ বিচার দিনে।
মালা
মালা
- যাযাবর জীবন
সব সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না
যেমন জ্যোৎস্না,
সব ভালোবাসায় কবিতা হয় না
যেমন তুই;
পাথর খোদাই করে করে তুই ভালোবাসার মালা গেঁথে চলেছিস
শব্দের কবিতা বোনা আমারই হয় না,
ভালোবাসা আমার সয় না ........
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
