সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

অবগাহন


অবগাহন
- যাযাবর জীবন

আমার আর চাঁদনির মাঝে যোগসূত্র চাঁদ
আমার আর জ্যোৎস্নার মাঝে হাইফেন অমাবস্যা
বাকি সব সম্পর্ক অন্ধকার
ভালোবাসা বেদনার;

চাঁদের ঈর্ষা যখনই চাঁদনির সাথে
প্রেমে অন্ধকার আসে তখন নেমে
জ্যোৎস্না ধরেছিল কে, কোথায়, কবে?
তুই ক্রমাগত ভিজে চলেছিস প্রেমে;

শারীরিক আকর্ষণ তো কিছু থাকেই প্রেমে
ক্ষরণ থাকে ভালোবাসায় বিরহ নামে;
তাই বলে কি ভালোবাসলেই ভিজে যেতে হয়?
কান্নায় কিংবা কামে।

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ভালোবাসার প্রতারণা



ভালোবাসার প্রতারণা
- যাযাবর জীবন

প্রেম আসতেই থাকে জীবনে
মন যদি থাকে রক্তমাংসের শরীরে;
শৈশবে বাল্যপ্রেম কিছুদিন
কৈশোরে মন কেমন কেমন উদাসীন
উথালপাথাল যৌবনে ভালোবাসা রঙিন
বিয়ের পর ঘরকুনো কিছুদিন
তারপর মন আবার বল্গাহরিণ
প্রেমসাগরে ডুবে থেকেও জীবন যেন প্রেমহীন;
পর নারীতে নরের মন ছোক ছোক
পর পুরুষে নারীর বাঁকা চোখ
শরীর যতদিন কথা বলে শরীরের সাথে
একের পর এক প্রেম আসতেই থাকে
মনের আর কি দোষ
এ যে ভালোবাসা রোগ।

শরীর ঘুমিয়ে যাওয়ার পর কোন একদিন দেখে নিস
থরে থরে সাজানো ভালোবাসার মমিগুলো
প্রেম যাদুঘরের দরজা খুলে;
আর অখণ্ড অবসরে পাঠ করিস প্রতারণার সব পুঁথি কাব্য,
প্রেমিকের সাথে প্রেমিকার
স্বামীর সাথে স্ত্রীর
আর নিজের সাথে নিজের, ভালোবাসার নামে।




শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

অসম অনুভূতি



অসম অনুভূতি
- যাযাবর জীবন

মানব মানবীর সম্পর্কগুলো শরীর বৃত্তিও
প্রেম নিমিত্ত মাত্র
অনুভূতিগুলো হয়তো ক্ষরণ ঘটায়
ভালোবাসা বায়বীয়।

স্বপ্নভঙ্গে ভোকাট্টা প্রেম-ঘুড়ি
আঘাতে বোধোদয়,
প্রেম কোথায়?
শুধুই কষ্ট কষ্ট অনুভব।

ফুলদানির হাসি বাহারি তাজা ফুলে?
অশ্রু-নয়নে রাতভর তারা গোনা, ভালোবাসা নয়।

তুই এখনো জ্যোৎস্না দেখিস
আমার চোখে রাত্রি;

ভালোবাসার বায়বীয় অনুভূতিগুলো এত অসম কেন?

আমি আজো মন পাহারা দিচ্ছি
তুই অপেক্ষায় ভালোবাসার ঘরে, কেওর মেলে।


বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

চাঁদচক্র



চাঁদচক্র
- যাযাবর জীবন

চাঁদচক্রে জ্যোৎস্নার মৃত্যুর পরও বাকি থাকে কিছু রাত
ঘুমের বোঝাপড়া ভোরের সাথে,
চাঁদের সাথে সূর্যের সংঘাত
সকালের সাথে বিকেলের
অভিমানের সাথে ভালোবাসার
তোর সাথে আমার,
তারপর সন্ধ্যের পরে অবসন্ন রাত
আর একা একা দুজনের বিরহের বিলাপ।

আমাবস্যার রাত পার হতেই ব্লাউজের বোতাম খোলে নতুন চাঁদ
আলো আসবেই জ্যোৎস্নায়,
তারপর না হয় ভালোবাসার স্রোতে ভাসিয়ে নিস আমায়
কি আসে যায়, জোয়ার কিংবা ভাটায়?
যখন তুই আমি একসাথে
আর মনে ভালোবাসার সংলাপ।

চাঁদচক্রে জ্যোৎস্না আসবেই ঘুরেফিরে
প্রত্যেক অমাবস্যার পরে,
অভিমানের বাস ভালোবাসার ঘরে।



প্রেম ঘড়ি


প্রেম ঘড়ি
- যাযাবর জীবন

শরীর কদিনের?
সকালে স্নিগ্ধ সূর্যোদয়
দুপুর কামে পুড়তে চায় সবাই
শরীরে বিকেল ঢলতেই সূর্যের তেজ মরে আসে
রাত্রি দুজনার স্পর্শানুভবের;

জীবন কদিনের?
ভালোবাসা অনুভবে।

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

স্বার্থপরতা



স্বার্থপরতা
- যাযাবর জীবন

আমার চারিদিকে কতগুলো মানুষ ঘোরে
কতগুলো মানুষ খুব কাছে আসে
মানুষগুলো খুব আদরে কাছে ডাকে
পথের বাঁকে বাঁকে অপেক্ষায় থাকে
জীবনের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকে
প্রায়ঃশই আমায় বলে ভালোবাসে,
আমার বোঝার সাধ্য কই?
ভালোবাসার সংজ্ঞা জানা নেই আমার।

আমার চারিদিকে কতগুলো মানুষ ঘোরে
তারা আমায় চায় খুব আপন করে
তাতে আমার কি যায় আসে?
আমার সকল চাওয়া তো শুধুই নিজের তরে,
পেয়ে আমি খুব অভ্যস্ত
দেবার প্রয়োজন বোধ করি নি কাওকে কখনো
স্বার্থপরের রাজ্যে আমার আধিপত্য একচ্ছত্র
দূরে থাকো সবাই আমার কাছ থেকে।

মানবের প্রেম তো মানবীর সাথে
স্বার্থপরের স্থান কোথায় ভালোবাসার ঘরে?



মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

এলোমেলো বাঁশি


এলোমেলো বাঁশি
- যাযাবর জীবন

চৌরসিয়ার বাঁশিতে রাত নামতেই
মনে হাহাকার
স্তব্ধ তবলার ধা তিন তিন
রাতের চোখে পানি
নিঃশব্দ পৃথিবী
নিঃশব্দ তুই
নিঃশব্দ আমি;
রাতের বাঁশিতেও আলো জ্বলে
যদি প্রেম থাকে মনে
চৌরসিয়ার বাঁশিতে প্রেম জাগতেই সূর্যের হাসি
সকালের মুখে
তোর চোখে;
আর নয়তো কাঁদে প্রেমহীন অন্ধকার
কাঁদে রাত
আর আমি
একা একা তবলার ধা তিন তিনে।