মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

গল্প ঢেঁকুর - ২৬-৫০ঃ



গল্প ঢেঁকুর - ২৬ঃ

ভুল আমদের দুজনেরই হয়েছিল,

তোর ভাঙতে গিয়ে
আমার গড়তে গিয়ে........।


গল্প ঢেঁকুর - ২৭ঃ

তোর বুকে মুখ গুজতেই
.........
.........
.........
শিশু।



গল্প ঢেঁকুর - ২৮ঃ

তৃপ্ত সঙ্গমে প্রেম ঘন
অতৃপ্তিতে দ্রবীভূত
ঘৃণায় দূরীভূত।



গল্প ঢেঁকুর - ২৯ঃ

ছিড়ে ফেলেছি জমানো সব চিঠিগুলো
পুড়িয়ে ফেলেছি অতীত;

বর্তমান আঁকড়ে বেঁচে থাকাই জীবন;
তুই আমায় জীবন চিনিয়েছিস-
"দূরে গিয়ে"।



গল্প ঢেঁকুর - ৩০ঃ

তুই থাকলে রাত্রি ভেজে
না থাকলে কান্না।

ভেজাতে জুড়ি নেই তোর,
"লবণে"।

গল্প ঢেঁকুর - ৩১ঃ

পাঁচ দিনের চেষ্টায় মনে টোকা
পাঁচ মাস লেগে থেকে মন পাওয়া
পাঁচ বছরের চুমোচুমি প্রেম;
পরিণতি,
পাঁচ সেকেন্ডের স্খলনানন্দ।



গল্প ঢেঁকুর - ৩২ঃ

পেছন থেকে সবাই নারী;

সামনে থেকে কেও খালা কেও ভাবী
কেও চাচী কেও নানী
কেও প্যাঁচা কেও হরিণী,
কেও কেও সত্যিই সুন্দরী
মনকাড়া মনোহারিণী;

পেছনে দেখলেই ধোঁকাদারি
সামনে থেকে চেনো নারী।



গল্প ঢেঁকুর - ৩৩ঃ

কোকিল ডাকছে;
ঠোঁটে বাসন্তী রাঙিয়ে কি হবে?

কাক চুমু খেলে।




গল্প ঢেঁকুর - ৩৪ঃ


তুই আমাকে কঠিন কঠিন ভালোবাসার কথা বলিস,
আমি সরল প্রত্যাখ্যানে বার বার তোকে বুঝিয়ে যাই;

তোর জটিল চিন্তাভাবনার গরল প্রেম একদিন তরল হবেই;
বাস্তব কঠিন বিষ।



গল্প ঢেঁকুর - ৩৫ঃ


ভালোবাসার গল্পগুলো তো হয় কাছে আসার।

তবে তোর আর আমার মাঝে এত দূরত্ব কেন?



গল্প ঢেঁকুর -৩৬ঃ

আজ আমাদের মনে অনেক কথা জমা হয়ে আছে
বলার মত বন্ধু নেই পাশে।

আমরা অনেক বছরের বন্ধুত্ব নষ্ট করে ফেলেছিলাম - একটি চুমুতেই।







গল্প ঢেঁকুর -৩৭ঃ


তোর আর আমার মধ্যে ছিল ঐ বিছানাটা
আর কয়েকটা রাত;

শরীর নির্ভর ভালোবাসা বিছানার জন্য, জীবনের জন্য নয়।




গল্প ঢেঁকুর - ৩৮ঃ

ঠোঁট পেকে আছে শরীর গাছে
এইইই...... ঝরে পড়লো বলে;
.
অপেক্ষা চুমুর;

বিছানার দেড় হাত পর্যন্তই তো তোর সীমা,
প্রেম গাছ বায় সাহসীরা।





গল্প ঢেঁকুর - ৩৯ঃ


মেয়েটি অসম্ভব ব্যস্ততায় সংসার সামলায়,
এলোমেলো ছেলেটি সময় অসময় কাটাকুটি করে কবিতার খাতায়;

অনেক বছর আগে প্রেমে পড়েছিল ছেলেটি।





গল্প ঢেঁকুর - ৪০ঃ


ময়লার বিনে খুঁজে পাইনা আজকাল কোন টুকরো টাকরা, হাবিজাবি;
বই ছাপলেই নাকি কবি!!

চল পাঠক হই মনের পাঠশালায়।



গল্প ঢেঁকুর - ৪১ঃ

তেঁতে উঠেছে বইমেলা......
আমি কবিতা বুঝি না।



গল্প ঢেঁকুর - ৪২ঃ


আমার সুদকষার হিসাবের প্রয়োজন হয় নি কখনোই,
ঐকিক নিয়মেই খুব চলে যাচ্ছে জীবন;

তুই সরল অঙ্কের মত জটিল।


গল্প ঢেঁকুর-৪৩:


কি খাবে? চা, না কফি?
চুমু খাব।

নারী দিবসে প্রেমিকার কাছে একটি চুমু তো পেতেই পারি;
বন্ধুকে কি আর চুমু খাওয়ার কথা বলা যায়? ছিঃ




গল্প ঢেঁকুর-৪৪:

বলতে গিয়ে বুক ফাটে
ফুটেছিলো কথা দ্বিধা দ্বন্দ্ব অবশেশে,
এখন ভুলতে গিয়ে ভুলভুলাইয়া;

ভালোবাসা বড্ড জটিল
প্রকাশে কিংবা নিকাশে।



গল্প ঢেঁকুর-৪৫:


তোর থেকে সুন্দরী
ঘোরে রাস্তায় ভুরিভুরি
আমার মন লেগেছিল তোতে
আমি মনের পূজারী............




গল্প ঢেঁকুর-৪৬:


জীবনের কাছে ভালোবাসা বিক্রি করে
আজ আমি পৃথিবীর শীর্ষ ধনী;
এখন আমি বিশাল দানবীর
তুই কিছু দুঃখ নিবি?




গল্প ঢেঁকুর-৪৭:


তোর আর আমার বয়স বাড়ে প্রতি দিন
আমাদের কাছে প্রেম চির নবীন
তোর কাছে প্রতি রাতই প্রেমের জন্য নতুন রাত
মাটির সাথে আমার দূরত্ব কমে প্রতিরাতে একরাত।



গল্প ঢেঁকুর-৪৮:

উড়তে কার না ভালো লাগে?
সংগি যদি সংগে থাকে,
নিজের ডানায় পাখা মেলে মেঘের দেশে;
পাখির ডানায় একলা ওড়ায় সেই আনন্দ কোথায়?
একলা ভেসে।




গল্প ঢেঁকুর-৪৯:

ওরে চৈত্র মেয়ে, তোর গরমে বাতাস গরম
বইছে আগুন ঘাম ঝড়াতে;
ওলো স্বপ্ন মেয়ে, তোর গরমে বিছানা গরম
স্বপ্নে আসিস ভিজিয়ে দিতে।



গল্প ঢেঁকুর-৫০:


বুকের কার্নিশে কেন বসে থাকিস পা ঝুলিয়ে?
নিচে ভালোবাসার অথৈ খাদ;
পা পিছলালেই ডুবে যাবি প্রেমের কান্নাজলে।



মোবাইলের যন্ত্রণা



মোবাইলের যন্ত্রণা
- যাযাবর জীবন

মোবাইলটা ঘুমিয়ে থাকে
আমার পুরোটা অবসর জুড়ে;

গোসলে গেলাম
বাথরুমে ঢুকলাম
নামাজে দাঁড়ালাম
কি খেতে বসলাম
অথবা ঘুমোতে গেলাম
তো
ওনার জ্বলন শুরু হলো
চেঁচামেচিতে পাড়া মাতালো;

দৌড়ে এলাম চুপ করাতে
ভেজা বেড়াল ঘুমিয়ে গেলো;
এ তো দেখি নারীকেও হার মানায়
ছলা কলায়
আমার মোবাইল বিল আকাশ ছোঁয়
কলব্যাক এর যন্ত্রণায়।




শীতের পাখি



শীতের পাখি
- যাযাবর জীবন

পাখি আমার পাখি
শীতের উড়াল পাখি
চাঁননি রাতে ডাকি
শুনতো যদি পাখি;

পাখির বদন লাল
রঙে রঙিন মন
পায়ে নূপুর তাল
নাচে আমার মন;

শীতের দেশের পাখিরে তুই
উইড়া চইলা যাস
ডানা ঝাইড়া মায়ার পালক
আমায় দিয়া যাস।




ফস্কাগিরু



ফস্কাগিরু
- যাযাবর জীবন

পায়ে পা মিলতেই হেঁটে চলা
মন চাইলেই কথা বলা
খুব সহজ ইদানীং;
ইচ্ছে হলেই ভালোবাসা
মন চাইলেই ঠোঁটে ঠোঁট
প্রেম নিবেদন
শরীরে শরীরে কথন
খুব যেন ডালভাত আজকাল;
বিয়ে হরদম
নিত্য বিচ্ছেদ
খুব হচ্ছে প্রতিদিন;

হৃদয়ে হৃদয় মিলিয়ে শেষনিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা
হাতে হাত রেখে ভালোবাসার অনুভবে আগলে রাখা
কোথায় আজকাল?
যুগের ডিজিটাল বজ্রআঁটুনি
সম্পর্কের ফস্কাগিরু;

ভালোবাসা কালও ছিল
আজও আছে
চিরদিনই থাকবে,
শুধু রং বদলায় সম্পর্ক
সময়ের সাথে তাল মিলিয়ে।




ইচ্ছে-খাতা



ইচ্ছে-খাতা
- যাযাবর জীবন

চাঁদের রাত বেয়ে চাঁদনি উঠে আসে
বসে আমার বুকে হেঁটে এসে
দমবন্ধ ভালোবাসায় পাগল করে
হারিয়ে যায় সূর্যের দেশে;
রাতের ভালোবাসায় চাঁদনি
দিনভর অনুভব অপেক্ষার,
কর্মব্যস্ত দিন কঠোর বাস্তবতার
পূর্ণিমারাত চাঁদনির কবিতার;

তোকে নিয়ে একটি কবিতা বুনতে ইচ্ছে করে
ভরা পূর্ণিমা রাতে;
হায়! আমি যদি কবিতা লিখতে পারতাম!
হারিয়ে যেতাম তোতে।




লাল পাহাড়ের মেয়ে




লাল পাহাড়ের মেয়ে
- যাযাবর জীবন

কন্যা তুই কলসি কাঁখে
নাইছি আমি গামছা কাঁধে
চোখে হতেই ঠোকাঠুকি
প্রেম পুকুরে ডুবে গিয়েছি;

ওরে লাল পাহাড়ের মেয়ে
কলসি রেখে আমায় তুই ধর
ওরে ও কচুরিপানা মন
ভাসতে ভাসতে এবার ডুবে মর।




নীল পাহাড়ে চাঁদ



নীল পাহাড়ে চাঁদ
- যাযাবর জীবন

চাঁদটা চাঁদনি হয়ে পাহাড়ে নেমে আসতেই জ্যোৎস্নায় চোখ ঝলসে গেল
তুই আমার গায়ে পড়তেই আমি তোতে হারালাম;
তুই চাঁদনি আমি অন্ধকার
চাঁদটা ছিল দুজনের ভালোবাসার;

আজ চাঁদ আছে
তুই আছিস
আমি আছি
তবুও বুকে শুন্যতার হাহাকার;

একা পাহাড়ে আসতে নেই
একা চাঁদ দেখতে নেই
জ্যোৎস্নায় পাহাড়ের ডাক শুনতে নেই,
পাহাড় ডাকলেই মন খারাপে একাকার;

পাহাড় তোকে দিলাম কান্না নিলাম
আলো তোকে দিলাম অন্ধকার নিলাম
চাঁদও তোকে দিলাম
চাঁদনি শুধুই আমার;

মন খারাপের ভালোবাসা তুই নীল পাহাড়ে যা
মন খারাপের ভালোবাসা তুই পাহাড় বেয়ে নেমে যা।