সোমবার, ৯ মে, ২০১৬

মাংসের হাটবাজার



মাংসের হাটবাজার
- যাযাবর জীবন

মানুষ না কি গড়া রক্ত মাংসে,
মানুষ বলে;

দেহ খুলে খুলে মাংস বাটে কে?
রাতের অন্ধকারে;
নারী না মানুষে?

নারী মাংস খুবলে খায় কে?
রাত নেমে আসলে;
পুরুষ না মানুষে?

কেও কামাগ্নি জ্বালায়
কেও কামে জ্বলে
নারী ও পুরুষে, অন্ধ রাতের অলিগলিতে;

মাংসের কেনাবেচা
মাংসের হাটে
নারী ও পুরুষে, মিলেমিশে একসাথে;

কেও পেটের ক্ষুধা মেটায়
কেও কামের
নারী ও পুরুষে, একে অপরের উপর চড়ে;

মাংসের হাটে কিছু কুকুর হেঁটে বেড়ায়
পেটের ক্ষুধায়
মানুষের মাংস ক্ষুধা দেখে তারা হাসে;

ক্যানিবলিজম কি যুগের দোষ না মানুষের? কে জানে?
মানুষ না কি গড়া রক্ত মাংসে?
মানুষ জানে।




আগে ও এখন



আগে ও এখন
- যাযাবর জীবন

কোন এক সময় মোহাচ্ছন্ন ছিলাম সুন্দরী রমণীতে
এখন সাজুগুজু সেলফির বাহার দেখতে দেখতে ক্লান্ত দু-চোখ
চোখের বড্ড সাধ জাগে গোসলের পর তাঁদের চেহারা দেখবার, একবার;

এক সময় স্বপ্নে দেখতাম পরী নেমে এসেছে ঘরের বৌ হয়ে
এখন পরীদের হাট বসে ভার্চুয়াল জুড়ে, হরেদরে
আজকাল পরী বড্ড পানসে লাগে;

কখনো হয়তো ভালোবাসতাম কাওকে, মন দিয়ে
এখন নিত্যই ভালোবাসার কেনাবেচা দেখি
ভার্চুয়ালের মাঠে;

আগে ভাবতাম, আহা! কি সুন্দরী সব নারী পথেঘাটে
চোখ চেয়ে থাকতো চলমান সুন্দরীর পানে
জীবন বুঝিয়েছে, নারী সুন্দর হয় মনে;

পরী'রা গল্পেই ভালো
দাদী নানীর মুখে
ওলোটপালট জীবন, বাস্তবে পরী ঘরে এলে;

আগে স্বপ্ন দেখতাম জীবন নিয়ে
এখন স্বপ্নের বিকিকিনি দেখি
স্বার্থের হাটে।

রবিবার, ৮ মে, ২০১৬

ইচ্ছে হলেই ছোঁড়াছুড়ি



ইচ্ছে হলেই ছোঁড়াছুড়ি
- যাযাবর জীবন

ছুঁড়ে দেয়া
লুফে নেয়া
খুব সহজ
হেলাফেলা,
ইচ্ছে হলেই ইচ্ছেগুলো
ইচ্ছেমতন
খেলা খেলা যখন তখন
যখন তখন
ধরে রাখা, বড্ড কঠিন
সম্পর্ক?
সে তো আরো এক কাঠি বাড়া
আপন হয় না কখনোই
মনের টান ছাড়া;

সম্পর্ক প্রেম নয়
তিলে তিলে গড়ে নিতে হয়
ভালোবাসা ছেলেখেলা নয়
ইচ্ছেমত ছুঁড়ে দেয়া
আর ইচ্ছে হলেই লুফে নেয়া
সম্পর্কে সংশয়;

চলে যাওয়া মানে প্রস্থান
ফিরে আসা নয়,
বোধে বোধগম্য হয়
কথায় হৃদয়ঙ্গম নয়।

শনিবার, ৭ মে, ২০১৬

বৃক্ষ



বৃক্ষ
- যাযাবর জীবন


মানুষের অনুভূতি থাকে
মানুষই লজ্জায় লাল হয়
ব্যথায় বেগুনী হয়
নীল হয় বিষে
আকাশ হয় ভালোবাসায়
পাখি হয়ে ভাসে;
আমি গাছ হয়ে বেঁচে আছি
মানুষের দেশে।

গাছের গায়ে কাকের বাসা
কাকের বাসায় কোকিল ডিম
বাচ্চা ভাবে কোকিল মা
কাকের ছানার হাট টি মা টিম,
সময় গেলে উভয় বুঝে
কাক-ঠোকরে বাচ্চার হুস
উড়ে যায় কোকিল ডানায়
কাকের কোনো হয় না দোষ।

গাছ বোঝে গাছ হয়ে
লোভ স্বার্থ দুনিয়াদারী
গাছ দেখে গাছ চোখে
ময়ূরপুচ্ছ রঙ বাহারি;

আমি গাছ ছিলাম,
গাছ আছি;
মাঝে মাঝে গাছের ঝুড়ি নামে, পা গজায়
দু পায়ের ভরে দাঁড়াতে চায়
হাঁটতে গিয়ে হোঁচট খায়
তারপর নিষ্ফল চেষ্টার পর আবার গাছ হয়ে যায়;
মানুষের মন থাকে, অনুভূতি থাকে, গাছের নয়
মানুষের মন ভালো বা খারাপ হয়
আমার কিছু হবার নয়।

গাছ তোমার নাম কি?
আমার গায়ে ফল ধরে না,
কি দেব পরিচয়?
গাছ চেনে গাছে
মানুষ নয়।







গোমূর্খ



গোমূর্খ
- যাযাবর জীবন

ভালোবাসার না কি নির্দিষ্ট একটা ভাষা থাকে
কাওকে বেত দিয়ে পড়িয়েও শেখানো যায় না
বোধোদয়ের আগেই নিজে নিজে শিখে যায় ইঁচড়ে পাকা'রা;

আমি কেবল মাত্র স্বার্থের ভাষা জানি
অসময়ে ছিপ ফেলি বড়শি বাই
সুসময়ে গান গাই, টাকার ঝনঝন শুনি,
সম্পর্কের আমি কি জানি?
ট্যাঁকে স্বার্থ গুঁজে গুঁজে পশু থেকে মানুষ হয়েছি;
এখন কাব্য বুনি;

আরে গোমূর্খরাই নাকি কবিতা আঁকে,
সুশীল সমাজ গাধা ডাকে।




কাব্যভ্রম


কাব্যভ্রম
- যাযাবর জীবন

আজকাল কি দেখতে যে কি দেখি কে জানে?
নিমিষে পালটায় দৃশ্যপট দেখার আগে
চোখেরও হয়েছে যেন দৃষ্টিভ্রম
শুধু ওলোটপালট দেখে
না হলে তোর চোখে'র সরল ভালোবাসা
কেন দেখি নি আগে?

আজকাল কি বুঝতে যে কি বুঝি, কে জানে?
নিমিষে পালটায় দৃশ্যপট বোঝার আগে
মনেরও মনে হয় ধরেছে ভীমরতিতে
না হলে মন কেন সব উল্টো বোঝে?
তোর সহজ সরল ভালোবাসা
তাই হয়তো বুঝতে পারি নি আগে।

আসলে সব দোষ পোড়া কলমটার
দৃষ্টিভ্রমে কাব্যভ্রম এঁকে গেছে
কবিতায় মতিভ্রম লিখতে গিয়ে,
তারপর ভালোবাসাটাই ভেঙ্গে দিয়েছে
এলোমেলো লেখার ঘায়ে;

এখন আর প্রেম নেই কোথাও,
আমার ভুল করে
তোর ভুল ভেবে;
মাঝখানে অনেকগুলো কবিতা,
কান্নার।



শুক্রবার, ৬ মে, ২০১৬

খোঁজ



খোঁজ

- যাযাবর জীবন

আমার মনে আর মনেতে সংঘর্ষ
পাহাড়ি ফাটল সম্পর্কে;
তুই সোনামুখী সুঁই'য়ে বরফ সেলাই করে যাস ক্রমাগত:
মন লবণাক্ত
হাত রক্তাক্ত
তোর, আমার দুজনেরই;

সেলাইয়ে নকশী কাঁথা বোনা হয়
মন নয়,
মনে কান্না বোনা হয়
সম্পর্ক নয়,
সম্পর্কে ভালোবাসা রয়
ফাটল নয়;

কখনো একটি চুমুই মিটিয়ে দিতে পারে এক আকাশ দূরত্ব,
আমি আঠা খুঁজছি, মন জুড়তে।