সোমবার, ১৬ মে, ২০১৬

তুই, আমি আর আমাদের টুকিটাকি



তুই, আমি আর আমাদের টুকিটাকি
- যাযাবর জীবন

নতুন নতুন ছলাকলায় অভ্যস্ত হয়ে গেছে চোখ
প্রতিদিন দেখতে দেখতে তোর নিত্য নতুন সাজ
নিত্যই বদলায় তোর চলন বলন ভ্রুকুটির হেলন
আর প্রেমের খেলায় কথার কারুকাজ,
কখনো কোমর দোলানিতে দেখাস বাঁকানো কোমরের খাঁজ
কখনো বা হেলানো আঁচলের উঁকিতে বুকের গভীর ভাঁজ
কত আর দেখব? চোখেরও মাঝে মাঝে হয় লাজ
এ তো তোর নিত্যকার ছলা কলার কাল পরশু কিংবা আজ;
আমি স্বপ্নালু চোখে চাঁদ দেখি যখন মনে নেমে আসে সাঁঝ
আমি স্বপ্নে দেখি অমাবস্যার ওপারে বিহ্বল জ্যোৎস্নার সাজ।

এক সময়, সময় ফুরিয়ে যাবে আমাদের
এক সময় বয়সের ভারে ন্যুজ হয়ে যাব আমি
এক সময় চোখে অন্ধকার ঘনাবে আমার
আর বয়সের ভারে চোখে পড়বে ছানি,
তুই কিন্তু তখনো ঠিক এমনই থাকিস
ছলা কলায় ভুলিয়ে আমায়
যদি ভালোবাসা এরকমই থাকে আমাদের মনে
তোর চোখেই না হয় দেখব পৃথিবী তখন আমি,
ভালোবাসা থেকে আর কি আছে দামী?
যখন প্রেমে মাখামাখি তুই আর আমি
এই যাহ দিলাম তো কাঁদিয়ে তোকে!
থাক, মুছে ফেল আজ তোর চোখের পানি;
আর না হয় হঠাৎই দেখবি কোন এক দিন
কোথায় যেন একবারেই হারিয়ে গেছি আমি।

কাঁদিস না সেদিন অমন করে ডুকরে ডুকরে
যেতে হয় আমাদের সবাইকে মাটির ঘরে।


শুক্রবার, ১৩ মে, ২০১৬

তোর-আমার ভালোবাসার গল্প



তোর-আমার ভালোবাসার গল্প
- যাযাবর জীবন

ভালো লাগাটা খুব সোজা
যখন তখন যাকে তাকে
চোখের দেখায় প্রতিদিন;
ভালোবাসাটা একটু কঠিন
যখন তখন যাকে তাকে
মন'তো নয় ইচ্ছের অধীন;
ভুলে যাওয়াটা প্রায় অসম্ভব
মনের মানুষ'কে
মন যখন ভালোবাসায় বিলীন;

সময় লাগে নি তোকে ভালো লাগতে
কিছু সময় লেগেছিল ভালোবাসতে
ভুলে যাওয়া? সে না হয় থাকুক অভিধানে'তে;

তুই হয়তো একটু বেশীই ভালোবেসেছিলি
আমি না হয় তোর থেকে না হয় একটু অল্প
এই তো শাশ্বত প্রেমিক প্রেমিকার গতানুগতিক ভালোবাসার গল্প;

আজ তোকে একটু ভালোবাসতে ইচ্ছে হলো
ছুঁয়ে দেয়ার ইচ্ছেও মনে এলো বেশী কিংবা অল্প
তাই না হয় আঁকলামই একটুখানি তোর-আমার ভালোবাসার গল্প;

ভালো লাগা প্রেম নয়
প্রেম মানে ছুঁয়ে থাকা নয়
ভালোবাসার অনুভব অসীম;

আমি তো'তে ছিলেম, তো'তে আছি
থাকব তো'তে হয়ে লীন;
বেঁচে থাকার প্রতিদিন।





তোর জন্য ভালোবাসা



তোর জন্য ভালোবাসা
- যাযাবর জীবন

কেন ভালোবাসিস আমায়?
কেন আমাকেই ভালোবাসতে হয় তোকে?
বিমর্ষ লাল আকাশ দেখিসনি কখনো দিনের মৃত্যুর আগে?
আমার গায়েও রঙ লেগেছে
ছোপ ছোপ লালচে আভা জেগেছে;
অন্ধকার'কে ভালোবাসলে মনে রাত্রি নামে
আমার জীবন সন্ধ্যে হয়ে গেছে
ছোপ ছোপ লালচে আভা জেগেছে দেহে;

তুই চাঁদ হ
তুই জ্যোৎস্না হ
রাত্রি হোস না কখনো,
দিনের মৃত্যুতে রাতের জন্ম
আমায় ভালোবেসে তুই কেবলই রাত্রি;

তুই দিন হ
তুই সূর্য হ
অন্ধকার হোস না কখনো
আমায় ভালোবাসলেই মনে কষ্ট
তোর ভালোবাসার মৃত্যু হোক; নতুন সূর্যে।





বিলাস



বিলাস
- যাযাবর জীবন

মেঘ জমলেই বৃষ্টি জমে
আকাশ কিংবা মনে
মেঘ ঘন হলেই বৃষ্টি নামে
প্রকৃতি কিংবা চোখে

আমি বৃষ্টির কান্না দেখি
দুচোখ চেয়ে
আমার চোখে বৃষ্টি নামে নি কখনো
মন মরে যাওয়ার পরে

মেঘ জমলে মেঘবিলাস
বৃষ্টি নামলে বৃষ্টিবিলাস
চোখ নামলে কান্নাবিলাস
আমার শুধুই মনবিলাস
তোকে নিয়ে তো'তে
যাক না ধুয়ে পৃথিবী জলবিলাসে;
বৃষ্টির দিনে একটু স্বপ্নবিলাস করাই যায়
তোকে নিয়ে তো'তে।


বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

ঢাকনি



ঢাকনি
- যাযাবর জীবন

সব অন্ধকার ঢেকে যায় রাত্রি হলে
সব আলো ঢেকে যায় সূর্য এলে
ভালোবাসা ঢাকা যায় কি দিয়ে?
মন যখন রাত্রি, অন্ধকারে ভয় কি?

আমি চাঁদের টর্চ জ্বেলে চাঁদনি খুঁজে বেড়াই
সূর্যের মধ্যাহ্নে,
তুই সূর্যের টর্চে খুঁজিস আমাকে
রাত্রির ঘুমঘোরে;

চাঁদ তো কবেই দিয়ে দিয়েছি তোকে
এবার তো সূর্য হ!
প্রেমের ঢাকনি খুলে।


বুধবার, ১১ মে, ২০১৬

মনের ডাকবাক্স



মনের ডাকবাক্স
- যাযাবর জীবন

অনেকগুলো কথা জমে আছে
মনের ডাকবাক্সে
চিঠি হওয়ার অপেক্ষায়;
অনেক দিন চিঠি লেখা হয় নি তোকে
পরুক না যত ধুলো মনের আয়নায়
মরচে পরে কি কখনো ভালোবাসায়?

অনেক দিন না দেখতে দেখতে কিছু ধুলো হয়তো জমেছে স্মৃতিতে
তাতে কি হয়েছে?
সূর্য উঠলেই কুয়াশা সরে যায়
চাঁদ উঠলেই চাঁদনি
ধুলো সরে তুই
কাছে রই আর দূরে রই
স্বপ্ন হয়ে তোর চোখেতে রই
কান্না হয়ে তোর মনেতে রই
তোর চোখে রাত নামলেই আমি গুটিসুটি তোর বুকে শুই
আমি অনুভবে খুব ভালো জানি
আমি তোর আত্মায় জড়িয়ে রই।

কে বলে চোখের আড়াল মনের আড়াল হয়?
তবে তোকে মনে পড়লেই কেন বুকে কষ্ট কথা কয়?
তোকে চিঠি লিখতে ইচ্ছে হয়
ভালোবাসার বলা আর না বলা সব কথাগুলো বুকেতে গুমরে রয়
মনের ডাকবাক্স উপচে পড়ে
তো'তে আর তো'তেই
তোর কথা মনে হতেই।

আজ মাত্র চাঁদের পঞ্চমী দিন
আকাশে চাঁদনি দেখব আরো দশ দিন পরে
মনের আকাশে চাঁদনি প্রতিদিন।

কত কথা যে জমে আছে
মনের ডাকবাক্সে
চিঠি হওয়ার অপেক্ষায়;
ভালোবেসে তোকে।



মঙ্গলবার, ১০ মে, ২০১৬

মাটির সাথে দূরত্ব



মাটির সাথে দূরত্ব
- যাযাবর জীবন

সময়ে দূরত্ব বাড়ে সময়ে কমে
হাঁড়িকুঁড়ি ঠোকাঠুকি থাকে সম্পর্কে
চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব মাপা হয়ে গেছে
চাঁদনির সাথে আমার দূরত্ব অজানাই আছে
মেজাজের ওঠানামা সূর্যের পারদে
ঝরে পড়ছে সময় বালিঘড়ি থেকে
দূরত্ব কমছে মাটির সাথে আমার
দিনে দিনে পায়ে পায়ে;
আজকাল রোদে বের হলেই গায়ে ফোস্কা পরে
মাটির গরম সইব কিভাবে?