রবিবার, ৩১ জুলাই, ২০১৬

অতিমানব



অতিমানব
- যাযাবর জীবন

জীবনের কালো অধ্যায়গুলো মাথাচাড়া দেয় সুনসান রাতের নিস্তব্ধতায়
মাঝে মাঝে আয়নার দিকে তাকালে স্তব্ধ হয়ে যেতে হয়
যখন পুরনো পাপাচার ব্যঙ্গ করে আয়নার মানচিত্রে
পারদ খসে যাওয়া মানে পাপক্ষয় নয়;
অনুতাপ কাঁদে রাতের গভীরে
ক্ষমা করবে কি প্রকৃতি?
প্রতিরাতে আয়নায় লজ্জিত মুখচ্ছবি দেখি;

পাপাচারের পর যাদের চোখে কান্না ঝরে নি
তারা নমস্য,
আমি অতিমানব খুঁজছি।


ভ্রমণ কল্পলোকে



ভ্রমণ কল্পলোকে
- যাযাবর জীবন

জানালায় হেলান দিয়ে দেখি
আকাশে উড়ছে মেঘের ভেলা
আমারও মন ওড়ে
মেঘ হয়ে মন ভেসে যাই তোর তরে;
আকাশে পাখি ওড়ে, কখনো একলা, কখনো জোড়া
কখনো বা ঝাঁক বেঁধে
আমি মানুষের ঝাঁকে একা হয় যাই তোর কথা মনে এলে
পাখি ডানায় উড়ে যাই তোর ঘরে;
মেঘের ভেলা আর পাখির ডানায় আমি কল্পলোকে
হাতের রেখায় কোথাও খুঁজে পাই না তোকে
মনের খাতায় তুই বুকের মাঝে
বাস্তবে যোজন যোজন দূরে।


অপলাপ


অপলাপ
- যাযাবর জীবন

মনে প্রতিস্থাপিত মন
ঠোঁটে ঠোঁট
শরীর ঘেঁষে শরীরে
কুঁচকানো বিছানার চাদর
সবাই দেখি প্রেম আঁকে;
মনে মন স্পর্শ না হলে
শরীর, শরীর থেকে দূরে থাকলে
চোখে বৃষ্টি নামলে
সবাই দেখি বিরহ ডাকে?

মিথ্যে বলা হবে যদি বলি আমার ঠোঁটে ঠোঁট লাগে নি
সত্যের অপলাপ হবে যদি বলি আমার চোখ লবণ চাটে নি
ভালোবেসেছিলাম কি কখনো?
তোকে?



শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

বিপরীত অনুভূতি



বিপরীত অনুভূতি
- যাযাবর জীবন

তোর তীক্ষ্ণ অনুভূতিগুলো বোঝার ক্ষমতা নেই
আমার অনুভূতিহীন মনের,
আমি কেবলই শরীর বুঝি
তুই শেখাস প্রেম;
তুই জ্যোৎস্না প্রেমিক
চাঁদ আমার কাছে শুধুই রাত বাতি
বৃষ্টিতে তোর কাব্য ভাব
আমার মাথায় ছাতি,
আমি কঠোর বাস্তবে চলি
বাস্তবতায় তোর ভয়
সূক্ষ্ম আর স্থুলো অনুভূতি সামনা সামনি হলে
সম্পর্কের অবশ্যম্ভাবী ক্ষয়;
কোথায় মেঘ?
কোথায় বৃষ্টি?
তবুও আমা'তেই কেন তোকে ভিজতে হয়?
প্রেমে কিংবা কান্নায়,
কাটিয়ে ভালোবাসাহীন সময়।


শরীর সাধনা



শরীর সাধনা
- যাযাবর জীবন

প্রেম ভেতর নয়
প্রেম নয় বাহির
প্রেম কামনা
শরীরে শরীর
গাছের মাথা উঁচু পাহাড় দেখতে
না হোক সঙ্গম, তৃপ্ত আত্মরতিতে;
স্পর্শ প্রেমের শরীর সাধনা
ভালোবাসা খুঁজতে গন্তব্য বিছানা।


বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

শ্রেণিভেদ



শ্রেণিভেদ
- যাযাবর জীবন

তোরা ওপর তলার মানুষ
মস্ত তোদের বাড়ি মাটির অনেক ওপরে আবাস
তোদের হিসাবে আমাদের স্থান অনেক নিচে
টিনের চালা ঘরে'তে আমাদের বাস,
তোদের আর আমাদের মাঝে শ্রেণিভেদের অদৃশ্য পর্দা
পর্দা সরে গেলেই সর্বনাশ;
গাড়ি ছাড়া তোদের এক কদম চলে না
হিম শীতল এসির ঠাণ্ডায়, নরম সিটে এলিয়ে গা
আমাদের হাঁটা পথ শীত গ্রীষ্ম বর্ষায়
কদম মিলিয়ে পায়ে পা;
কখনো চোখাচোখি হয়ে গেলে তাচ্ছিল্য চোখে
বিরক্তিতে মুখ ফেরাস আকাশের দিকে
বড্ড বিব্রত হই আমরাও তখন
হাঁটা ধরি তোদের উল্টো দিকে;
তোদের
আমাদের
উহাদের
তাহাদের
সাদা কালো বাদামী, ওপরের চামড়ার বর্ণ
ভেতরে লাল কাটলে সকলের,
বর্ণ বৈষম্য মানুষেরই তৈরি
উঁচু নিচু ভেদাভেদে মনে'তে বৈরী
জীবন কতদিনের? মরণ অবধি,
মাটির সৃষ্টির মাটিতেই সমাধি;

এত অহংকার কিসের রে তোর?
হে মূর্খ মানব!





স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে



স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে
- যাযাবর জীবন

রাতের পর রাত তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো
পুড়ে ছাই ভোরের সূর্যে
হয়তো কিছু বেঁচে যায় মেঘের ছায়ায়
গলে গলে পড়ে বৃষ্টির কান্নায়,
আমার দীর্ঘশ্বাসের ক্লান্ত দিন
আর রোদে পোড়া বৃষ্টিতে ভেজা স্বপ্নগুলো
সূর্য ডোবার অপেক্ষায়
আবার নতুন স্বপ্ন দেখবে বলে, রাতের কালিমায়;
স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে বারবার মন ছুটে যায়
স্বপ্ন দেখবে বলে মনের অলীক কল্পনায়।