বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

অবোধ্য



অবোধ্য
- যাযাবর জীবন

প্রেম বোঝ কি?
ভালোবাসা?
কান্না?
তবে কেন কবিতা বুঝতে যাও?

হরিণ হৃদয়



হরিণ হৃদয়
- যাযাবর জীবন

সেদিনও হৃদয় ছিল হরিণ
ছুটোছুটি বনে বনে
হাসি খেলায় সবার সনে,
হঠাৎ প্রেম ছুঁয়ে দিতেই মনে বিষণ্ণতা
তারপর থেকে হরিণ একলা;
রাতের মত,
নিস্তব্ধ।




পশুবীয়



পশুবীয়
- যাযাবর জীবন

ভালো হতে চেয়েও আমার ভালো হওয়া হয় না
চক্র আমায় ভালো হতে দেয় না
খারাপ হতে গিয়েও আমার খারাপ হওয়া হয় না
চক্র আমায় খারাপ হতে দেয় না
ভালো আর খারাপের চক্র ঘোরে চক্রাকারে
চক্রাকারে আমি ঘুরি চক্রের চক্রে পরে;

মানুষ হতে হতে আমার ভাল হওয়া হয় না
পশু হতে হতেও আমার খারাপ হওয়া হয় না
পশু ও মানুষে মিলে এক পশুবীয় জীবন যাপন
জীবনের সকল সমস্যার কারণ;

পুরোপুরি পশু হতে ইচ্ছে করে একবার।





বুধবার, ২ নভেম্বর, ২০১৬

তুই হীনা এক দিন



তুই হীনা এক দিন
- যাযাবর জীবন

ভোরটা পাখিদের
ঘুম ভাঙতেই তোর ভালোবাসার কিচিমিচি,
সকালটা সূর্যের
মনের মাঝে তুই জেগে উঠিস,
দুপুরটা রোদের
দহনে পুরিয়ে মারিস,
বিকেলটা মনখারাপের
হাত বাড়ালে কোথাও তুই নেই,
রাতটা চাঁদের
আমায় জড়িয়ে থাকিস;

তুই হীনা একটি দিন হলে
বেঁচে থাকাটা অন্যরকম হতো।


সময়ের যতিচিহ্ন



সময়ের যতিচিহ্ন
- যাযাবর জীবন

সময়ের পিঠে সময় গড়ায়
কালকের গল্পেরা পুরনো হয় আজকের কবিতার পিঠে
আজকের কবিতা চেপে বসে আগামীর গল্পের ঠোঁটে;

কিছু কথা
কিছু গল্প
কিছু কবিতা
কিছু স্বপ্ন
কিছু ভালোবাসা
তোর আর আমার মনের কথা,
কোথায় দাড়ি
কোথায় কমা
কোথায় থামতে হবে
কেও জানে না,
আজকের হাসি
কালকের বেদনা
পরশু কি হবে
কেও জানে না;
আজ তুই
আজ আমি
কিছু ভাঙা স্বপ্ন
আর চুরচুর অভিমান
এই তো আমাদের ভালোবাসার পরিণাম;

জীবনটা এমন কেন?
উঁচুনিচু
পাহাড় সাগর;
সমতলের ভালোবাসা কখনো আকাশে ওড়ে
কখনো ডুবে যায় অন্ধকারে;

আমিও ভালোবাসি
তুইও ভালোবাসিস
সময় যতিচিহ্ন টেনে দিয়েছে আমাদের মাঝে।




সত্ত্বা



সত্ত্বা
- যাযাবর জীবন


প্রথম সত্ত্বায় -
ঘুম ঘুম চোখে
তোকে দেখি স্বপ্নে স্বপ্নে
ঘুম ঘুম চোখে
তোর ভালোবাসার আবেশে;
ঘুম ঘুম চোখে
ঘুম ঘুম চোখে;

দ্বিতীয় সত্ত্বায় -
নির্ঘুম চোখে
রাতের নিস্তব্ধতায় তোর ভালোবাসার শব্দ শুনি
নির্ঘুম চোখে
ভেড়ার লোম খুঁটে খুঁটে তোর ভালোবাসা গুনি;
নির্ঘুম চোখে
নির্ঘুম চোখে।

সকল সত্ত্বায়
তোকে ভালোবাসি
তোকেই ভালোবাসি।





মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

অন্ধকারের তারা



অন্ধকারের তারা
- যাযাবর জীবন

কালো সেজেছে রাতটা
প্রসারিত অন্ধকারের ডানা,
মনের ছায়ায় তুই আর আমি
কিছু অনুভূতি
কিছু অনুভব
কিছু সুখ দুঃখ বেদনা
আর আমাদের মাঝে
ভালোবাসা সবচেয়ে দামী;

চেয়ে দেখ চারিদিকে স্বপ্ন সাজানো
শুধু চোখ বন্ধের অবসর
তুই আমি এখনো কাছাকাছি
শুধু সময় হয়েছে পর;

বুকে কান পেতে দেখ
প্রতি ধুকপুকে তুই তুই ধ্বনি
এই যাহ্‌,
স্বপ্নটা ভেঙে গেল ঝনঝন
তুই আকাশে
তাই একা একা তারা গুনি।