মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

দাম্পত্যে অনুভব


দাম্পত্যে অনুভব
-যাযাবর জীবন


এক পৃথিবীতে একই ভান্ডে
এক সাথে জান্নাত ও জাহান্নাম;
দাম্পত্য।


ঘরে ফেরা পাখি



ঘরে ফেরা পাখি
- যাযাবর জীবন


ভোরের স্বপ্ন ভাংতেই দুচোখ শিশির:

সূর্য ভাঙছে পাহাড়ে মেঘ ভেঙে
রৌদ্রের ঘ্রাণ মেখে আকাশে পাখির ডানা
আজ কাকপুকুরে ডুবিয়ে দেব অন্ধকার গল্পগুলো;

তারপর নতুন সূর্যে জীবনের নতুন হিসাব
চোখ মেলাতে হবে তোর সাথে চোখ মেলে
মন তো সেই কবেই মিলেমিশে একাকার তোর মনে,
ঘরে ফেরা পাখি ঘরেই ফেরে
মাঝে এদিক ওদিক অল্পকিছু ডানা ঝাপটানো, পথ ভুলে;

অন্ধকার জীবনের গোপন পাণ্ডুলিপিগুলো কবর দেয়া হয়
মনের ঘরে,
হরহামেশাই, খুব গোপনে;
আমার
তোর
তার ও তার
আমাদের সবার।




পাহাড়ের মন



পাহাড়ের মন
- যাযাবর জীবন


পাহাড় নগরীতে সারাদিন;
কখনো রোদ কখনো অভিমান
কখনো মেঘ কখনো কান্না,
ঠিক যেন পাহাড়ে তুই

আমি ভিজছিলাম পাহাড়ে
মেঘে, রোদে ও তোতে;
আচ্ছা! পাহাড়ের কি মন আছে?
কিংবা তোর?


সৌন্দর্য


সৌন্দর্য
- যাযাবর জীবন


সব সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না
সব সৌন্দর্য ক্যামেরায় ধরতেও হয় না,
যেমন তোকে আমি মনে ধরে রেখেছি
আর চাঁদনি।




জলবাসনা


জলবাসনা
- যাযাবর জীবন


তোর জলবাসনা
আমার চুমুস্নান


ভুলের ভুল


ভুলের ভুল
- যাযাবর জীবন


কিছু ঘাস লতা
কিছু গুল্মফুল
পাহাড় দাঁড়িয়ে সামনে
আমি তোকে ভেবে করি ভুল

কিছু জলরাশি
কুলকুল কুলকুল
সামনে বয়ে চলা ঝর্ণা
আর আমি তোতে মশগুল

তুই কে?
পাহাড়,
ঝর্ণা,
নদী,
না কি কেবলই নারী?
না কি আমার জীবনে ফোটা ভুল ফুল!


পাহাড়ে সকাল


পাহাড়ে সকাল
- যাযাবর জীবন


পাহাড়ে সকাল
সুনসান নিস্তব্ধতা
আড়মোড়া ভাঙছিল রোদ
আমি পাহাড়ের ভাঁজ ভাঙা খাঁজে,
বড্ড কষ্ট হচ্ছিলো পথ বাইতে;

কই, সেদিন তো একটুও কষ্ট হয় নি
পাড়ি দিতে চড়াই উতরাই,
তোর বুকের ভাঁজে;

উঁহু
আর বাইব না পাহাড়
তুইহীনা
একা একা
মন খারাপ করে।