শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

সম্পর্কের একাল সেকাল



সম্পর্কের একাল সেকাল
- যাযাবর জীবন



পুরনো দিনগুলো বড্ড ভালো ছিল রে,
সহজ সরল জলের মত
নদীর মত
মাঠের মত
ঘাসের মত;
তখন আমরা বন্ধু ছিলাম,
হাতে হাত রেখে
দাপাদাপি পিঠে উঠে
কি নিশ্চিন্তে নির্ভাবনায়
সহজ সরল মনে;

যেদিন বললি ভালোবাসিস,
সেদিন থেকেই জীবনটা বড্ড জটিল হয়ে গেল;
আর বন্ধুত্ব ডুবে গেল অন্ধকারের গভীর ।

সম্পর্কের সীমারেখাগুলো কি অদ্ভুত
তাই না?



বন্ধ দরজা


বন্ধ দরজা
- যাযাবর জীবন



অনেক দিন দরজা খোলা হয় না
ঘরের ও মনের;

ভোরে পাখি ডাকে
সকাল হলেই ফেরিওয়ালা
দুপুরটা সুনসান ঝিমধরা
বিকেলে বাচ্চাকাচ্চার হৈ চৈ
আমার কিছুই আসে যায় না,
বন্ধ দরজার এপাশে বেশ নির্লিপ্ত কাটিয়ে দিচ্ছি সময়;

অনেকদিন হয়ে গেলো সন্ধ্যে বেলায় সূর্য ডোবা দেখি না
চাঁদ দেখা হয় না আকাশে
রাত তো সব একই রকম
দরজার এপাশে কিংবা ওপাশে
আমি দরজা বন্ধ করে রেখেছি
ঘরের ও মনের;

একবার ভুল করে দরজা খুলেছিলাম
হুট করে তুই ঢুকে পড়লি জীবনে;

জানিস! প্রথমে না অনেক আলো ছিল,
তোর আভাতে;
তারপর? সেই তো পুরনো অন্ধকার
সেই আগের মতই
সেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় ভালোবাসার মত;

আদতে
সব ভালোবাসাই অন্ধকার হয়ে আসে
একটা সময় পরে,
তোর
তার
আর ওর মত
যখনই তোরা একে একে এসেছিস জীবনে;

তারচেয়ে আমার বন্ধ দরজাই ভালো
মন বন্ধ ঘুমের দেশে।



এন্টিক



এন্টিক
- যাযাবর জীবন



চেয়ারটার দিকে তাকা
পুরনো, ভাঙাচোরা, জরাজীর্ণ;
এবার আমার দিকে তাকা
মিল খুঁজে পাচ্ছিস কি?
রাতে সব কিছুই অন্ধকার অন্ধকার লাগে।

এবার একটু দৃষ্টিভঙ্গি পাল্টা
কি দেখছিস?
চেয়ারটা, এন্টিক পিস;
ঝুড়ি নামা পুরনো বট গাছটা কি সুন্দর, তাই না?
আমাকে দেখতে হবে না, আলো দেখ।



গ্রাস



গ্রাস
- যাযাবর জীবন


এক টুকরো খাল
এক টুকরো নীল
একটুখানি সবুজ
বাকিটা সভ্যতা;

সভ্যতা গ্রাস করেছে নদী
সভ্যতা গ্রাস করছে সবুজ
সভ্যতা ইট কাঠ দালান কোঠা
সভ্যতাই নগর।



আবেগ




আবেগ
- যাযাবর জীবন


আবেগ একটা কালব্যাধি ভাইরাস,
সময়ের সাথে সাথে বাড়তেই থাকে;
আর একা থাকলেই মন খারাপ।

ঘুম ভাঙতেই সূর্যোদয়ের সাথে সাথে মনে আবেগোদয়
দুপুরে রোদ চড়লো! তো আবেগ চড়লো
বিকেলের পড়ন্ত রোদে কোথায় কমলো?
সন্ধ্যায় তো মনখারাপের ঢেউ
আর রাতে? সাগরে উত্তাল কান্না, একা একা।



শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

অধরা



অধরা
- যাযাবর জীবন


চোখে অন্ধকার বুলালেই তুই রাত
তোকে না ভাবলে চোখ বোজে না চোখ
ক্যানভাসে তুলি বুলালেই তুই চাঁদ
অথচ চাঁদনি আঁকা হলো না আমার;

মনে প্রেম বুলালেই চোখে তুই
তুই বিহনে চোখ কান্না
কাগজে কলম চললেই তুই ভালোবাসা
অথচ কবিতাই লেখা হলো না আমার;

আর কত খুঁড়ব মন
তোকে আঁকতে
আর কত নিব ভাঙবে কলম
কবিতা লিখতে।




শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

কেমন আছিস তুই?



কেমন আছিস তুই?
- যাযাবর জীবন


কেমন আছিস তুই?
জানিস! আকাশে আজ এত্ত বড় একটা চাঁদ,
নিশ্চয়ই অনেক খুশি তুই আজ;

কেমন আছিস তুই?
দেখ, দেখ, ঈশান থেকে একটি দুটি মেঘের ভেলা
বলতো দেখি, বৃষ্টি আসবে কি আজ?

কেমন আছিস তুই?
দেখ, চাঁদটা ঢেকে গেলো মেঘে
মন খারাপ হলো বুঝি তোর?

কেমন আছিস তুই?
বাইরে ঝুম বৃষ্টি নেমেছে
ভিজবি আমার সাথে?

কেমন আছিস তুই?
আমি ভিজছি একা, শরীর ও মনে
তুই কোথায়?