বুধবার, ৮ মে, ২০১৯

ভালোবাসার অভিনয়ে



ভালোবাসার অভিনয়ে
- যাযাবর জীবন


মানুষই তো অভিনয় করে
জেগে থাকার সকল প্রহরে,
ঘুমিয়ে গেলে?
ঘুম মানেই তো মৃত্যু
সাময়িক কিংবা চিরতরে;

আমি তো অভিনয় করে যাই ক্রমাগত,
ভালো থাকা ও না থাকার
কাছে আসা আর না আসার
দূরে সরা ও না সরার
প্রেমে পড়া ও না পড়ার
ভালোবাসা আর না বাসার;

তুই কি অভিনয় করিস?
আমার সাথে,
আমায় খুশি করার জন্য না বলতে হবে না তোকে;
মানুষ মাত্রই অভিনয় শিল্পী
ইচ্ছা কিংবা অনিচ্ছায়
বাধ্য হয়ে কিংবা দায়ে পড়ে,
তুই মানুষ হয়েই থাক আমার জীবনে
কিছু সত্য আর কিছু মিথ্যা অভিনয়ে;

শুধু পাকা অভিনেত্রী হয়ে উঠিস না
ভালোবাসার অভিনয়ে,
মনে বিষ নিয়ে।





বিলীন হ ঝড় তুলে



বিলীন হ ঝড় তুলে
- যাযাবর জীবন


আকাশে রোদ
বাতাস আগুন
সাগরে নাকি ঝড়;

আমি সাগর পাড়ে আকাশের দিকে তাকিয়ে আছি
রোদ ধাঁধিয়ে দিচ্ছে চোখ
বাতাস পুড়ছে গরমে
আমি পুড়ছি তোতে,

এবেলায় না পারলেও আমার পাশে এসে বসিস ওবেলায়
গরম তুলে দেব ঠোঁটে
তারপর ঝড়ে ঝড় তুলব দুজনে;

ভয় করছে?
বড্ড ভীতু তুই
প্রকৃতির ঝড়ে লণ্ডভণ্ড পৃথিবী
ভালোবাসার ঝড়ে তুই
তোর ঝড়ে আমি,
আয়,
ভয় ভুলে শরীরে বিলীন হ একবার
ঝড় তুলে।




পাখির ঠোঁটে আকাশ ঠুকরে



পাখির ঠোঁটে আকাশ ঠুকরে
- যাযাবর জীবন


আমি আকাশ ঠুকরে একা একা
বৃষ্টি হতে পারিস নি তুই মেঘে
তৃষ্ণা মেটে না চাতক জীবনের
বড্ড তাতানো রোদ চারিদিকে,
বৃষ্টির হাহাকারে নীলাকাশ
আমি ঠোঁট ডুবিয়েছি সাগরে
আছড়ে পড়া ঢেউয়েও খুঁজে পাই না তোকে
তৃষ্ণা মেটাবো কি দিয়ে?
একটা চুমু খেয়ে যা
পাখি ঠোঁটে;

কাল সারারাত একটা পাখি ডাকছিলো কোথায় জানি
খুব করুণ স্বরে
হয়তো সঙ্গিনী হারিয়ে গিয়েছে,
আচ্ছা! আমি কত রাত তোকে ডেকে ডেকে গলা ভেঙেছি
বলতে পারিস?
কত ঢেউ আছড়ে পড়লে পাথরে দাগ কাটে?
আমি সাগর হয়েছি তোর জন্য
এবার তো পাথর থেকে বালি হ,
একটা চুমু খেয়ে যা
পাখি ঠোঁটে;

কেও ভালোবাসার ডাক শোনে কেও বধির থাকে ইচ্ছা করে
আমি বারবারই কড়া নেড়ে যাব তোর দরজায়
পাখি হয়ে
ঢেউ হয়ে
আকাশ হয়ে
সাগর হয়ে
দিন হয়ে
রাত হয়ে,
একদিন তোকে দরজা খুলতেই হবে
বিরক্ত হয়ে
রাগ হয়ে
আর না হয় ভালোবাসায় গলে গিয়ে;

আমি অপেক্ষায় আছি
পাখি ঠোঁটে।




অতল জলে, ভালোবাসার খোঁজে



অতল জলে, ভালোবাসার খোঁজে
- যাযাবর জীবন


মুখে মুখে আমায় ভালবাসি বলতে হবে না তোকে
শুধু মাঝে মধ্যে ঠোঁট ছুয়ে যাস ঠোঁটে
আবেগ কতটুকু আছে বুঝে নেবে আমার ঠোঁট
হৃদয় অনুভব করে নেবে ভালোবাসার গভীরতা;

আমি নীল দিয়ে সাগর বোঝাতে চাই
তোর কাছে নীল মানেই আকাশ
তুই ভালোবাসা খুঁজিস বিশালত্বে
আমার ডুব গভীরে, সাগর কিংবা ভালোবাসার;

হিসেব নিকেষে বড্ড পটু তুই
দেনা পাওনার অংক কষিস ভালোবাসায়
আমার সময় যায় তোকে বুঝতে
আর তারা গুনে গুনে ভালোবাসা খুঁজতে;

কোন একদিন তুই হিসেব কষতে থাকবি ভালোবাসার
আমি ডুবে যাব সাগরে
হয়তো উঠবো কিংবা সমাধি
হিসেব কষে নিস সেদিন কতটুকু কি পেলি;

হিসেবে কি আর ভালোবাসা হয়?
কে আমি?
কে তুই?
কিসে ভালোবাসার পরিণয়?

ডুব দিবি?
হিসেব ছাড়া?
তবে আয় ডুবে যা আমার সাথে,
অতল জলে, ভালোবাসার খোঁজে।





ভালোবাসার পরীক্ষা



ভালোবাসার পরীক্ষা
- যাযাবর জীবন


আকাশটা নেমে এসেছে নিচে
একদম মিশে গিয়েছে সাগরে
নিকষ অন্ধকার সবার চোখে সয় না,
আমি অন্ধকারে সাগর দেখি;
অনেকক্ষণ এক দৃষ্টিতে অন্ধকারে তাকিয়ে থাকলে
সাগর উঠে যায় আকাশে
কিংবা আকাশ গড়িয়ে নেমে যায় সাগরে;

আমি রাতের দিকে তাকিয়ে অন্ধকারের খেলা খেলি একা একা
তুই সারাদিন খুঁজিস আমায় সূর্যের দিকে চেয়ে
আরে বোকা দিনেও তো আকাশ নামে সাগরে
নীলের সাথে নীল মিশে
সূর্যে আমায় কোথায় পাবি বল?
আমার বাস রাত্রিতে;

দেখ দেখ!
কি চমৎকার এক রাত্রি নেমেছে
একদম মিশমিশে নিকষ কালো
চল, লুকোচুরি খেলি মনের সাথে;

একবার পরীক্ষা দিয়েই দেখ না!
কে বেশী ভালোবাসতে পারে।





দুজনে মিলে চিল অথবা কাক



দুজনে মিলে চিল অথবা কাক
- যাযাবর জীবন


আমার এক পাখির জীবন
আকাশটা মন আকাশ,
এখানে আকাশ ক্ষণে ক্ষণে রঙ বদলায়;

সবুজ আকাশ দেখেছিস কখনো?
তোর ঠোঁটে ঠোঁট রাখলেই আমার সবুজ আকাশ,
তোর ভাঙা ডানায় ভালোবাসার প্রলেপ দিতে গেলেই তো চোখ কান্না
আর আমার আকাশে সাগর,
তোর চোখ থেকে ফোঁটা ফোঁটা মেঘ ঝরতেই আমার আকাশে সাদার ভেলা
আচ্ছা! মনে করে দেখ তো কতবার লাল করেছিস আমার আকাশ তোর অভিমানে!
তবুও একবারও হলুদ হলি না আমার সাথে জ্যোৎস্না স্নানে,
তুই কি জানিস?
তোর মন খারাপে রাত্রি নামে আমার পুরোটা আকাশ জুড়ে?

তুই কোন আকাশের অপেক্ষায় বসে আছিস?
একবার পাখি হ আমার আকাশে
চল একবার উড়ি সোনালী ডানা মেলে, রূপোর আকাশে
তারপর বাকি জীবনটা না হয় ধুসর কাটাবো
ডানায় ডানায় মিলে
পালকে পালক ঘষে
একসাথে মিলেমিশে;

দুজনে মিলে চিল হলাম বা কাক,
কি যায় আসে?




পাড় ভাঙা নারী



পাড় ভাঙা নারী
- যাযাবর জীবন


কোনো এক ঢলা বিকেলে বসে ছিলাম নদী পাড়ে
পাড় ভাঙা নদী
আমি ভাঙা পাড়ে পা ঝুলিয়ে
আমায় পায়ে খেলা করে পানি বয়ে যাচ্ছে কুলকুল
আচ্ছা! নদীর বুকে কি আমি আছি?
ধ্যাত! তা কি করে হয়!
আমি তো ছিলাম নারীর বুকে
ঠিক তাই,
তুই'ই ছিলি সেই নারী;

বুকে ধরে রাখতে ও ফেলে দিতে সময় লাগে কি তোর?
যখন ইচ্ছে খেলবি
যখন ইচ্ছে ভাঙবি
যখন ইচ্ছে দুমড়ে মুচড়ে ফেলে দিবি
তবেই না নারী!

আচ্ছা! এই যে ভাঙা পাড়ে বসে আছি
তুই সুড়সুড়ি দিয়ে বয়ে যাচ্ছিস পায়ে পায়ে,
তোর মনে কি কোন অনুভূতি খেলা করে?
পুরনো কোন অনুভব?
ভালোবাসা কিংবা ঘৃণার?

একবার না হয় অনেক ঘৃণা নিয়ে পাড় ভেঙে দে
ডুবিয়ে নে আমায় তোর অতলে,
চিরতরে;

আমি তো সেই কবেই ডুবে আছি তোতে,
ভালোবেসে।