বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

আমি একতরফা রাত



আমি একতরফা রাত
- যাযাবর জীবন


তুই একতরফা প্রেম করেছিস
ভালোবেসেছিস
কখনো চাঁদ হয়েছিস
কখনো রাত,
গাছেরও হয়তো অনুভূতি থাকে
অনুভব দাগ কাটে না পাথরে;

সব মেঘে কি আর বৃষ্টি ঝরে?
সব রাতে চাঁদনি!
আমি শুধুই অন্ধকার
অনুভূতি ও মনে;

আমি একতরফা রাত
ভালোবাসা ও প্রেমে।




অন্য কারো ঘর




অন্য কারো ঘর
- যাযাবর জীবন


যেদিন থেকে তুই হয়েছিলি পর
যেদিন থেকে তুই অন্য কারো ঘর
সেদিন থেকে তুই অনেক দূরে
ভৌগলিক অবস্থানে,
মন থেকে?
মন কি আর মানে রে?
মনের তো কত ইচ্ছেই মনে মনে!
কল্প চোখে;

মাঝে মাঝে বড্ড অস্থির লাগে আজকাল
মাঝে মাঝে কেমন আছিস জানতে ইচ্ছে করে,
তোরও কি করে না?
তবে কেন ডাকিস ইথারে ইথারে?
কেন ডাকিস ঠারে ঠোরে ইশারাতে?
কেন আকুল ডাকিস নীরব হয়ে, নৈঃশব্দ্যের রাতে?

একবার অবশ্যই যাব তোর কাছে,
নিজেকে ভেঙে;
নিজের ঘর দেখতে অন্য কারো ঘরে।





আগুন আগুন, রিপুর আগুন



আগুন আগুন, রিপুর আগুন
- যাযাবর জীবন


আগুন আগুন,
কোথায় আগুন?
আগুন আমার মনে;
আগুনে পুড়ি আমি
রিপুগুলোর সনে;

আগুন পুড়তে দেখেছ?
পড়ে থাকা ছাই?
মানুষ পুড়তে দেখেছ?
হতাশায় নাই নাই;

এই যে সম্ভব আর অসম্ভব সব চাওয়া
আর না পাওয়ার হতাশায় পুড়ে পুড়ে যাওয়া;

রিপু পোড়ালে কি হয়?

শরীরের মাঝে মানুষ রয়
রিপু পুড়ে পুড়ে মানুষ হয়।



মন'রে মন



মন'রে মন
- যাযাবর জীবন


মন'রে মন যখন তখন
কোথায় কোথায় চলে,
দিনে'তে চাঁদে রাতে সূর্যে
আকাশ বাতাস জলে;
যখন চোখ ঘুমিয়ে থাকে, তুই স্বপ্নচোখে
দিবা নিশীথে আলো আঁধারে, মন তোর কথা বলে.........





থাক না অনুভব, আমার কাছে



থাক না অনুভব, আমার কাছে
- যাযাবর জীবন



কেও কেও কবিতা লিখে
কেও কেও গল্প
কেও উপন্যাস
কেও খটমটে প্রবন্ধ,
যে যাই লিখে তা প্রকাশ করে ছাপা অক্ষরে
রংবেরং এর প্রচ্ছদ সকল, ছাপা বইয়ের মলাটে;

কারো কারো লিখা মানুষকে টানে
কেও কেও বিখ্যাত হয়ে ওঠে অল্পদিনে
আর কারো কারো বই উলুতে কাটে;

ইশশ! আমি যদি লিখতে পারতাম ওদের মত করে!!
আমারও মাঝে মাঝে ইচ্ছা করে, বিখ্যাত হতে;

আমি জলরঙে মন লিখি সাদা রং ক্যানভাসে
আমি ক্রমাগত রাত আঁকি অন্ধকার কলমে
আমি মনে মনে কবিতা লিখি, মনের খাতা ভরে
তোকে মনে এলে;

এখন কেই বা আর কষ্ট করে মন পড়ে বল?
সবাই কি আর বিখ্যাত হতে পারে?

তোকে কাগজে লিখার দরকার হয় নি আমার কখনো;

অনুভব?
থাক না আমার কাছে!




মনের করিডোরে অন্ধকার



মনের করিডোরে অন্ধকার
- যাযাবর জীবন


মনের লম্বা করিডর, সুনসান নিস্তব্ধতা
সারারাত একটা বেঞ্চে বসেছিলাম আর পেছন ফিরে দেখা,
রাতটা ছিলো পূর্ণিমা, আকাশে বিশাল একটা চাঁদ
মনটা ছিলো অমাবস্যা, অন্ধকারের হাহাকার;

সাগরে একটা নৌকা দুলছিলো
মনের ভেতরে দুলছিলাম আমি
চোখে জীবনের অনেকগুলো কালো অধ্যায়
অন্ধকার করছিলো আমায়;

জ্যোৎস্নায় অন্ধকার দেখে কে?
জীবনে অন্ধকার যেচেছে যে;

আমি সারারাত অন্ধকার যেচেছি মনের করিডোরে
জ্যোৎস্নার তীব্র আলোতে।




দলছুট



দলছুট
- যাযাবর জীবন


কেও কেও জন্ম নেয় ভালোবাসা দিতে
কারো কারো জন্মই হয় ভালোবাসা পেতে
খুব অল্প সংখ্যক জন্মায় ভালোবাসা দিতে ও পেতে,
যেমন তুই;

আমি এদের কারো দলেই পড়ি না
না পেরেছি কাওকে ভালোবাসতে
না পেয়েছি ভালোবাসা কারো কাছ থেকে,
গাছের জন্মই হয় গাছ হয়ে থাকতে।