শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

অনাকাঙ্ক্ষিতের অপরাধ

সাধারণত জন্ম মানেই আনন্দ

একটি শিশুর পৃথিবীতে আগমন

বাবা-মা, আত্মীয় স্বজনের মধ্যে খুশির আমেজ বয়ে যায়,  

তবুও! 

সব জন্মেই কি আনন্দ আছে? 


ঐ যে ওদিকে চেয়ে দেখ তো! 

ওখানেও কিছু কিছু সন্তানের জন্ম হয়েছে

কই! কারো মুখেই তো হাসি দেখছি না!

কারো চোখে নেই খুশির ঝিলিক,

ঐ সন্তানগুলো অনাকাঙ্ক্ষিত 

হয়তো বাবার কাছে কিংবা মায়ের কাছে অথবা সমাজের চোখে;


বাবার কাছে সন্তান অনাকাঙ্ক্ষিত হতে পারে?

হ্যাঁ, পারে তো! 

আমি দেখেছি, পারে;

এর আগে পরপর তিনটি কন্যা সন্তানের বাবা হওয়ার পর

চতুর্থ এ সন্তানটিও যখন কন্যা হয়ে জন্ম নিলো!

তখন খুশির পরিবর্তে বাবার মুখটা কালো হয়ে গেলো,

আচ্ছা! সন্তানটার কোথায় অপরাধ হয়েছে?  

কেউ বলতে পারবে!  


মায়ের কাছে সন্তান অনাকাঙ্ক্ষিত হতে পারে?

হ্যাঁ, পারে তো! 

আমি দেখেছি, পারে;

কিছু কুকুর ঐ মায়ের শরীরের আঁচরে কামড়ে রক্তাক্ত করে

পেটে একটা সন্তান ভরে দিয়েছিলো, 

এ সন্তানটির কথা যখন মা জানলো! 

তখন আর ফেলে দেয়ার কোন উপায় ছিলো না 

নিজের জীবনের ওপর কেই বা রিস্ক নিতে চায় বলো! 

সন্তানটা যখন জন্ম নিলো! খুশির পরিবর্তে মায়ের মুখটা কালো হয়ে গেলো,

এ সন্তানটা মায়ের কাছে বোঝা, ঘৃণ্য সমাজের চোখে, 

আচ্ছা! সন্তানটার কোথায় অপরাধ হয়েছে?  

কেউ বলতে পারবে!  


০৯ আগস্ট, ২০২১


#কবিতা 


অনাকাঙ্ক্ষিতের অপরাধ 

 - যাযাবর জীবন 



কাঙ্ক্ষিত মৃত্যু

সাধারণত মৃত্যু মানেই কান্না 

যে কেউই পৃথিবী ছেড়ে চলে যায় 

হোক বাবা-মা, হোক সন্তান, হোক আত্মীয় স্বজন 

সবার মাঝেই কান্নার রোল বয়ে যায়,  

তবুও! 

সব মৃত্যুই কি বেদনার? 

 

ঐ যে ওদিকে চেয়ে দেখ তো! 

ওখানেও কিছু কিছু মৃত্যু হয়েছে

আমি কারো চোখেই কান্নার পাশাপাশি অন্য কি জানি একটা দেখেছি,  

ওটা কি স্বস্তির ঝিলিক? 

ঐ মৃত্যুগুলো কাঙ্ক্ষিত 

কাঙ্ক্ষিত বাবা-মায়ের কাছে, কাঙ্ক্ষিত সন্তানদের কাছে

কিংবা পরিবারের অন্য কারো কাছে,

কিছু মৃত্যু কাঙ্ক্ষিত সমাজের কাছে; 


ঐ যে বৃদ্ধ কিংবা বৃদ্ধা মারা গেলেন!  

বছরের পর বছর অথর্ব হয়ে খাটে শোয়া ছিলেন 

শেষের কয়েক মাস তো বোঝাই যায় নি বেঁচে আছেন না মারা গিয়েছেন! 

বেডশোর হয়ে পেছন দিকটায় পচন ধরেছিলো অনেক আগেই

ওনার প্রচণ্ড কষ্ট সইতে পারছিলেন না সন্তানরা, আত্মীয় স্বজনরা 

আজ চলে গেলেন একবারে, নিথর দেহটা পড়ে রইলো

সন্তানদের চোখে জল, পাশাপাশি কোথায় যেন একটা স্বস্তির আভা

খুব কাছে থেকে দেখলে তোমরাও ঠিক বুঝতে পারতে, 

এ মৃত্যুটা কাঙ্ক্ষিত ছিলো পরিবারে কাছে

জীবন নয়; 


ঐ যে ছেলেটা কিংবা ঐ যে মেয়েটা আজ মারা গেল!  

বহুদিন ক্যান্সারে ভুগছিলো 

মধ্যবিত্ত পরিবারে ঘোড়ারোগ  

সহায়সম্পত্তি ঘটিবাটি যা ছিলো বিক্রি করে কোনমতে চিকিৎসা চলছিলো

ডাক্তার অনেক আগেই জবাব দিয়ে দিয়েছিলো

আজ একবারেই চলে গেলো 

নিথর দেহটা পড়ে রইলো

পরিবারে মানুষগুলোর চোখে জল, 

এ কান্না প্রিয়জনের চলে যাওয়ার 

এ কান্না পরিবারটা নিঃস্ব হবার 

আর হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে না ভেবে হয়তো 

কারো কার চোখে খানিক স্বস্তির আভা,  

খুব কাছে থেকে দেখলে তোমরাও ঠিক বুঝতে পারতে,

এ মৃত্যুটা কাঙ্ক্ষিত ছিলো পরিবারে কাছে

জীবন নয়;  


ঐ যে আজ একটা মানুষের ফাঁসি হলো!

ফাঁসি মানেই তো মৃত্যু, তাই না? 

টিভিতে, রেডিওতে সবাই নিউজের সামনে 

ভয়ঙ্কর এক অপরাধীর ফাঁসি 

মৃত্যুতে কান্নার পরিবর্তে সবার মুখে হাসির আভা

ঐ যে, ঐ পরিবারগুলোকে দেখ!

ঐ লোকটা যে পরিবারগুলোর কোন না কোন সদস্যকে খুন করেছিলো! 

ঐ যে ঐ পরিবারটাকে দেখ!

ঐ লোকটা যে পরিবারগুলোর মেয়েদের নষ্ট করেছিলো! 

ঐ লোকগুলোর চোখের দিকে তাকাও!

ঐ লোকটা যাদের হাত পা কেটে পঙ্গু করে দিয়েছিলো! 

আসলে ঐ লোকটা কোন মানুষ ছিলো না, ছিলো দানব

মানুষের পৃথিবীতে দানবের ঠাঁই কোথায়? 

ওর মৃত্যুতে কেন খুশি হবে না এরা?

ফাঁসি দিয়ে মৃত্যু তো খুব সহজ মৃত্যু 

এ দানবটার এর থেকেও অনেক অনেক কঠিন মৃত্যু পাওনা ছিলো

এ মৃত্যু কাঙ্ক্ষিত ছিলো ঐ ভুক্তভোগী মানুষগুলোর কাছে 

এ মৃত্যু কাঙ্ক্ষিত ছিলো সমাজের কাছে।  



০৯ আগস্ট, ২০২১


#কবিতা 


কাঙ্ক্ষিত মৃত্যু 

 - যাযাবর জীবন 

চিঠি স্মৃতি

অনেক দিন পর তোর কথা মনে পড়তেই বই এর ভাঁজ থেকে একটা 

হলুদ খামটা বের করলাম, অনেক অনেক দিন আগের পুরনো একটা 

চিঠির খাম। হলুদ রঙটা পুরনো হতে হতে কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে 

গেছে, যেন ভাঁজ খুললে এক্ষুনি ঝুরঝুর করে হাতের ভেতর ঝরে পড়বে।


খামটা খুললাম। ভেতর থেকে তোর চিঠিগুলো বের হলো, আমাকে লেখা 

তোর বিভিন্ন সময়ের চিঠিগুলো। বেশ অনেকগুলো চিঠি, আমি খুব যত্নে 

রেখে দিয়েছিলাম ঐ হলুদ খামে। আজ একটা একটা করে চিঠি খুলতেই

একটা একটা করে খুলে যাচ্ছে স্মৃতি। স্মৃতিগুলো এখনো এত নতুন কেন? 


এক একটা চিঠির এক একটা স্মৃতি। একটা চিঠিতে এক বৃষ্টির বিকেলের 

স্মৃতি; সেদিন আমরা একটা কফি-শপে। তুই বললি খুব বৃষ্টি খেতে ইচ্ছে 

করছে। আমি সাথে সাথে তোর হাত ধরে তোকে নিয়ে রাস্তায়, ঝুম বৃষ্টিতে; 

পরের দিনই এত্ত বড় এক চিঠি, কত পাগলামিই না করতে পারিস তুই!  


একটা চিঠিতে কোন এক চাঁদনি রাতের স্মৃতি। সেদিন রাতে চুপিচুপি এনালগ 

টেলিফোনটার ওপার থেকে তোর গলা, এই! জ্যোৎস্না খেতে ইচ্ছে করছে। 

আমি ফোন রেখে তোর বাড়ির নীচে। চাঁদ চাঁদ বলে চিৎকার করছি, জানালায় 

তোর উঁকি, পরের দিনই বই এর ভাঁজে চিঠি, এত পাগলামি করিস কেন তুই?   


কোন একদিন দুপুরে ক্লাস করে হাঁটতে হাঁটতে বললি, খুব ক্ষুধা পেয়েছে। চল 

আজ অন্য কিছু খাই। আমি হেসে বললাম, কি খাবি? চায়নিজ না কোরিয়ান?

জাপানি চলবে? তুই ফিক করে হেসে দিয়ে বললি - চুমু খাব, খাওয়াবি? আমি 

সাথে সাথে জড়িয়ে ধরে চুমু; পরেরদিনই চিঠি - ছিঃ! তুই এত খারাপ কেন? 

   

আমি একটি একটি করে চিঠির সাথে একটি একটি স্মৃতি খুলে যাই। মধুর সব

স্মৃতি। প্রতিদিন আমাদের দেখা হতো আর প্রতিদিন বই এর ভাঁজে একটি করে

চিঠি। খুব বিশেষ কিছু কি লিখা হতো তাতে? শুধুই কিছু ভালোবাসার টুকিটাকি। 

ওগুলো আজ সব অতীতের কিছু স্মৃতি। ধ্যাত! চোখের কোণে কিছু পড়লো কি?     


 

০৮ আগস্ট, ২০২১


#কবিতা 


চিঠি স্মৃতি 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।  





মানুষরূপী

মানুষরূপী কিছু পশুর দল আমাদের আশেপাশেই থাকে  

আদতে স্বার্থ-লোভী এরা সুদিনে চারিদিকে ঘিরে থাকে 

কথায় মধুর নহর বয়, অন্তরে বিষের বিষ 

স্বার্থের টোকা পড়লে ব্যবহারে বদল, দশ থেকে বিশ;


কথায় পিন ফোটায়, বাঁশ দেয় পেছনে একটু সুযোগ পেলে 

দুধের মাছি এরা মুহূর্তে উড়ে যায়, স্বার্থ উদ্ধার হলে 

কখনো পেছনে কামড়ে ধরে কখনো ঢালে কথার বিষ 

কানকথায় কানভারী করে, আর কানেতে ঢালে বিষ;  


স্বার্থ উদ্ধারে তৈল মর্দন, পা চাটে প্রয়োজন হলে 

তারপর মুহূর্তেই উধাও হয়ে যায় স্বার্থ উদ্ধার হলে  

ময়লা থেকেও খুঁটে খুঁটে এরা সিক্কাও চিমটি দিয়ে তুলে   

চুপেচুপে মুছে পকেটে ভরে, মানুষের চোখের আড়ালে;   


স্বার্থের প্রয়োজনে কাছে আসে এরা স্বার্থে সম্পর্ক গড়ে 

এদের তুমি একদম চিনবেই না স্বার্থ উদ্ধারের পরে 

মানুষ নামে মানুষ এরা মনেতে বিষের বিষ 

পশুর সাথে পার্থক্য এদের উনিশ আর বিশ।  


০৬ আগস্ট, ২০২১


#কবিতা 


মানুষরূপী 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



দাম্পত্যের রূপ

ঐ যে দম্পতিটাকে দেখছ!

সারাক্ষণ যেন ঝগড়া করছে! ও বাসায় সারাক্ষণই চিৎকার চেঁচামেচি 

একজন উত্তর বললে আরেকজনকে যেন দক্ষিণ বলতেই হয়

একজন পূবে গেলে আরেকজন যেন রওয়ানা দেয় পশ্চিমে 

আশেপাশের মানুষ দেখছে, এরা সারাক্ষণ লড়ছে;


রাত নেমে এসেছে, ঘুমানোর সময় হয়েছে

এবার এদের শোবার ঘরটায় ঢুকি তো! 

একজন বিছানার চাদর ঝাড়ছে, আরেকজন মশারীর দড়ি বাঁধছে 

যথারীতি দুজনার মুখ কিন্তু চলছে, ও কি! মুখে দেখি দুজনার হাসি! 

হাসতে হাসতে ঝগড়া করছে কি?

আরেকটু কাছে গেলাম;

দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়েছে

একজন তখনো যেন ঝগড়া করছে, মুখ চলছে, ঠোঁটে বিড়বিড়  

আরেকজনেরও মুখ চলছে, ঠোঁট বিড়বিড়; 


এবার আরেকটু কাছে গিয়ে কান পাতলাম

       - একজন আরেকজনকে বলছে, তোকে কি সারাক্ষণ ঝগড়া করতেই হয়? 

       - এবার আরেকজন প্রথম জনের ঠোঁটে তার ঠোঁট চেপে ধরে বললো, 

       - দিনের বেলায় ঝগড়া থামাবার জন্য তোর ঠোঁট আর আজকাল পাই কোথায়?

       - সারাক্ষণ তো সংসারের এটা ওটা সেটা, লেগেই আছে; আমার জন্য একটু সময় বের করিস? 


আরে! ওরা তো ঝগড়া করছে না! 

পরস্পর আদর করছে, চুমু খাচ্ছে; ভালোবাসাবাসি করছে  

ভালোবাসাবাসির সমাপ্তিতে একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে তলিয়ে গেলো শান্তির ঘুমে, 

এদের দাম্পত্যের পঁচিশ বছর হয়ে গেছে;

 

এরা ভালোবেসে ঘর বেঁধেছিল

এদের মধ্যে ভালোবাসাটুকু এখনো আছে, পুরোমাত্রাতেই আছে 

এদের ঘরটাও আছে, ভালোবাসায় গড়া মজবুত একটা ঘর। 


এবার ঐ দম্পতিটাকে দেখ,

সারাক্ষণ যেন মুখে মধু লেগেই আছে 

জান, বাচ্চা, বাবুটা ইত্যাদি আদরের ডাক  ছাড়া পরস্পর সম্বোধনই নেই যেন! 

সবার সামনে কত মধুরই না ব্যবহার পরস্পরের প্রতি

খাবার টেবিলে, তুমি এটা খাও; প্লিজ এটা একটু নিয়ে দেখ!

এই তরকারিটা না খুব মজা হয়েছে, আজ সব তোমার পছন্দের আইটেম রান্না করেছি

মুরুব্বীদের সামনেও পরস্পর গায়ে ঘেঁসে বসে আছে, কথা বলছে একদম যেন গালে গাল লাগিয়ে 

ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে, পারলে খাবার মুখে দেওয়ার আগে যেন পরস্পরের ঠোঁট মুখে তুলে নেয় 

খাবারের আগেই যেন চুমু খাবে খাবে এমন একটা ভাব 

দেখে কে বলবে না এরা ভালোবাসার লায়লি মজনু! 

 

রাত হয়ে এসেছে, এবার এদের শোবার ঘরটায় ঢুকি, 

একজন বিছানা থেকে তোষক নামাচ্ছে মাটিতে আরেকজন জাজিমের ওপর চাদর বিছাচ্ছে 

দুজনার কারো মুখে কোন কথা নেই  

তবে কি এরা কোন কারণে ঝগড়া করেছে?  

আরেকটু কাছে গেলাম;

একজন শুয়ে পড়লো খাটের ওপর জাজিমে, আরেকজন মাটিতে তোষকে 

দুজনার কোলে দুটি কোলবালিশ, ঘরে পিন পতন নৈঃশব্দ্যতা; 

 

অনেকক্ষণ পর একজনের দীর্ঘশ্বাস ভেসে এলো 

আরেকজনের মুখ ঝামটা - দীর্ঘশ্বাস বারান্দায় গিয়ে ফেলো 

অসহ্য হয়ে গেছি অভিনয় করতে করতে, 

এটা কোন জীবন হলো? এভাবে আর কতদিন কাটানো যায়? 


এবার আরেকটু কাছে গিয়ে কান পাতলাম

        - একজন আরেকজনকে বলছে, তোমার কি প্রতি রাতে ঝগড়া না করলেই চলে না?  

        - এবার আরেকজন মুখিয়ে উঠলো, তোমার মত অমানুষ কপালে জুটলে চলবে কিভাবে? 

        - এতদিন হয়ে গেলো, শোধরাতে পেরেছ নিজেকে? আর কত সময় দেব? 

        - আরেকজনেরও গলা চড়ছে, তুমি বদলেছ নিজেকে? সারাক্ষণ ঠ্যাস মেরে কথা বলা, কিভাবে আমাকে ছোট করবে তার পাঁয়তারা! কখনো বুঝতে চেয়েছ আমাকে? 

        - এভাবে ক্রমাগত কথা কাটাকাটি চললো প্রায় অর্ধ রাত ধরে, তারপর মনে হয় প্রায় মধ্যরাতের কোন একটা সময় কথা কাটাকাটিতে ক্লান্ত হয়ে এরা ঘুমিয়ে পড়লো 

        - দুজন দুজায়গায় বুকে দুটি কোলবালিশ জড়িয়ে,  


ওহ, ওরা তো প্রেম করছে না,

পরস্পর আদর করছে না, চুমু খাচ্ছে না; ভালোবাসাবাসিও হচ্ছে না 

এদের মধ্যে ঠাণ্ডা একটা যুদ্ধ চলছে, 

এরা এক ঘরে বসবাসরত নামে দম্পতি 

এদের দাম্পত্যের মাত্র পাঁচ বছর পেরিয়েছে; 


এরাও ভালোবেসে ঘর বেঁধেছিল

আজ এদের মধ্যে ভালোবাসার রেশ মাত্রও অবশিষ্ট নেই, 

শুধু নড়বরে ঘরটাই রয়ে গেছে, 

তাও কি আছে?  ওটাও তো আজ ভাঙে তো কাল ভাঙে। 


বাইরে থেকে দেখে একটা দম্পতি’কে বিচার করতে যেও না 

বাইরে থেকে আসলে দাম্পত্য বিচার করা যায় না 

দাম্পত্য দুজনার মধ্যে পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক নির্ভরশীলতা 

পরস্পরের প্রতি সম্মানবোধ, পরস্পরের জন্য ভালোবাসা; 

ওটা শুধু দম্পতিরা নিজেরাই অনুভব করতে পারে 

আর বাইরের মানুষ শুধু দাম্পত্যের বাইরের রূপটাই দেখে।  

 


০৩ আগস্ট, ২০২১


#কবিতা 


দাম্পত্যের রূপ

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





চূড়ান্ত গন্তব্য

একটা একটা করে দিন যাচ্ছে 

একদিন একদিন করে বয়স বাড়ছে

বাড়ছে কি? 

কমছে না তো!  

আমি তো দেখছি কমছে; 

 

ঐ যে একটা চূড়ান্ত গন্তব্য স্থির করা ছিলো না?

সেই জন্মেরও আগে যে গন্তব্যটা নির্ধারণ করে পাঠানো হয়েছিলো! 

জন্মের সাথে সাথেই ঐ গন্তব্যের দিকে পথ যাত্রা

আমি জীবন নামক এক ট্রেনে চেপে বসেছি 

একটি একটি দিন এগোচ্ছি 

ক্যালেন্ডারের পাতায় দেখছি একদিন একদিন বয়স বাড়ছে 

ট্রেনের জানালায় উঁকি দিয়ে দেখছি, গন্তব্য এগোচ্ছে 

আমার বয়স বাড়ছে আবার সময় কমছে

এটা বিপরীতধর্মী  কথা হয়ে গেলো না?   

হোক গিয়ে! ঐ তো গন্তব্য যেন চোখেই দেখা যাচ্ছে! 

আমি আমারটা দেখতে পাচ্ছি  

তোমরা কেউ তোমাদেরটা পারছ কি? 


এই যে এত বড় একটা যাত্রায় নেমেছি! 

পথে কত কিছুই না কুড়িয়েছি! 

কত কিছু দেখলাম

কত মানুষের সাথে পরিচয় হলো

পরিচয় হলো টাকার সাথে

পরিচয় ধনসম্পদের সাথে 

পথে পথে কুড়িয়েছি কত কত সম্পর্ক!  

কিছু কিছু সম্পর্ক নেমে গেছে পথেই কোন এক স্টেশনে

কিছু কারণে কিছু একদম অকারণে 

আবার নতুন সম্পর্ক নতুন স্টেশনে উঠেছে

কাছে এসেছে, পাশে বসেছে, আপন হয়েছে

তারপর কোন একদিন কি জানি এক স্বার্থ বলে একটা পাথর কুড়িয়েছিলাম না! 

ওটায় আঘাত পেয়ে আবার দূরে সরে গেছে, নেমে গেছে পরের স্টেশনে; 


এই যে পথে পথে ক্রমাগত কুড়িয়ে যাওয়া এত এত অর্থ! 

সম্পদের পাহাড় 

এত এত সব সম্পর্ক!  

আচ্ছা আমার চরম গন্তব্য চলে এলে এগুলো নিয়ে নামতে পারব তো!

নাকি কিছু রয়ে যাবে জীবন গাড়িটায়? 

জানো! আমার না পেছনে কিছু ফেলে যেতে খুব খারাপ লাগে,

এত কষ্ট করে কুড়ানো সব জিনিসপত্র! কেউ ফেলে যায়?


ক্যালেন্ডারে একটি একটি দিন যায়, গাড়ি একটু একটু এগোয়  

জানালা দিয়ে তাকিয়ে ঐ দূরে স্টেশনটা দেখছি 

আর একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি 

একটু একটু করে ট্রেনের দরজার কাছে নিয়ে রাখছি

আমার স্টেশনে ট্রেনটা থামলেই সব নিয়ে নেমে যাব, 

তোমরাও সব গুছিয়ে রাখ কিন্তু! 

জীবনের যা কিছু উপার্জন; 

 

ঐ তো সামনে একটা স্টেশন এলো

ট্রেনটা ক্ষণিকের জন্য থামলো, 

এখানে আমি নামব কি? 

উঁহু! আমার বন্ধুটা নেমে গেলো, 

এই, এই! 

এই শোন! 

ওকি? তোর জিনিসপত্রগুলো নিয়ে নামলি না? 

সব তো গুছিয়ে রেখেছিলি দরজার সামনে,  

কিছু না নিয়েই নেমে গেলি?

এত এত টাকা, এত এত সম্পত্তি

এগুলো সাথে নিলি না? 

এই যে তোর এত এত আত্মীয় স্বজন! 

এদের নিয়ে গেলি না? 


হায়! ট্রেনটা আবার চলতে শুরু করলো আরেক গন্তব্যে

আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আমার বন্ধু মাটিতে পড়ে রইলো শব হয়ে

কেউ গোসল করালো, কেউ সাদা কাফন পড়ালো

জানো! তারপর না ওকে নিয়ে রেখে দিলো ছোট্ট একটা মাটির ঘরে

আচ্ছা! তোমরাই বলো!

এত এত সম্পদের মালিক'কে কি না শুইয়ে দিলো মাটির ঘরে? 

ওর বুঝি কষ্ট হবে না! 


ঐ তো সামনে আরেকটা স্টেশনে ট্রেনটা থামছে যেন 

এবার কে নামবে? 

আমি 

তুমি 

না সে?

আমার স্টেশন এলে আমাকে অন্তত টাকাগুলো সাথে নিতে দিও! 

একদম কপর্দকহীন অবস্থায় যাওয়াটা কি ঠিক হবে? 


ট্রেনটা থামলো, 

কোত্থেকে জানি একটা আওয়াজ এলো

ওরে! বোকা নাম,

আমি বললাম, টাকাগুলো সাথে নেই?  

ভারিক্কী গলায় কেউ ধমক দিয়ে বললো, 

তোর আমলনামাটা সাথে করে নেমে যা।  

 

 

০২ আগস্ট, ২০২১


#কবিতা 


চূড়ান্ত গন্তব্য

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 






শনিবার, ৩১ জুলাই, ২০২১

ফাটল

দেয়ালে ছোট্ট একটা চিঁড়ের মত ফাটল
কালে কালে ধ্বসে পরে দেয়াল, 
পাহাড়ে চিঁড়ের মত ফাটল
একটা সময় পরে পাহাড়-ধ্বস, 
নদীর গতিপথে চিঁড়ের মত ফাটল
নদীর গতিপথের পরিবর্তন,  
জীবনটার দিকে তাকাও!
জীবনটাও এমন;

সম্পর্কে চিড় ধরলেই চিড় ধরে অনুভূতিতে 
চিড় ধরা অনুভূতিতে বাসা বাঁধে রাগ, অভিমান 
সুখের অনুভূতিতে ফাটল ধরলেই দুঃখের সূত্রপাত
সম্পর্কগুলোতে ছোট্ট ছোট্ট ভুল বোঝাবুঝির চিড় 
সম্পর্কে ফাটল, বেড়ে বেড়ে সম্পর্কের ভাঙন 
ঘটছে, চারিদিকে অহরহই ঘটছে 
অথচ সময়ে চিড়টা মেরামত করে নিলেই 
ভাঙন রোধ করা যেত;

বেশীরভাগ মানুষ চিড় ধরলেই বুঝতে পারে
কেউ আমলে নেয় 
কেউ দেখি না কি হয়! এর অপেক্ষায় 
যারা আমলে নেয় তারা ফাটল মেরামত করার চেষ্টা করে 
প্রথম দিকে চেষ্টা করলে খুব সহজেই ফাটল মেরামত করা যায়  
সে দেয়ালেরই হোক কিংবা পাহাড়ের অথবা নদীর 
কিংবা অনুভূতির অথবা সম্পর্কের 
খুব হাতেগোনা অল্প কিছু চেষ্টা হয়তো বৃথা যায়
তবে মনে একটা শান্তি তো পাওয়া যায়!
চেষ্টা করেছিলাম সাধ্যমত;
দেয়ালে কিংবা পাহাড়ের ধ্বসে জীবনে খুব একটা পরিবর্তন না এলেও
সম্পর্কের ধ্বসে জীবন ওলোট পালট হয়ে যায়
জীবনভর কাঁদায়; 

কোন ফাটলই উপেক্ষার নয়,  
চিড় দেখলেই সাবধান হয়ে যেতে হয় 
সম্পর্কের ফাটল অনুভূতিতে কান্নানদী হয়ে যায়। 
       

৩১ জুলাই, ২০২১

#কবিতা 

ফাটল
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত।