বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

ভালোবাসার খেলা


কষ্টগুলো দানা বেঁধে আছে বুকে
মন যেন মরে গিয়েছে আমার সে দিন থেকে
যেদিন থেকে খেলা শুরু করেছিলি আমার অনুভুতিগুলো নিয়ে
আমার সকল অসহায় দুর্বলতাগুলোকে নিয়ে।

ভালবাসা হয়তো তোর জন্য কিছু সময় পার করা
অলস দুপুরগুলো কাজে লাগানো
কিংবা বিষণ্ণ বিকেলবেলায় কিছু মধুর সান্নিধ্য
ভালোলাগার মানুষের সাথে খেলা মিছে মিছি
কিন্তু আমার কাছে ভালোবাসা মানেই যে ছিলি তুই
দিন রাত্রিতে মনের কাছা কাছি।

তোর প্রতিটি নিঃশ্বাস চেনা হয়ে গিয়েছে আমার
প্রতিটি রক্তকণিকার ছুটোছুটি আমার অনেক দিনের চেনা
প্রতিক্ষণের ভাবনাগুলো যেন খোলা বইএর পাতা
তবে আজ বড্ড কষ্ট হয় যেন চিনতে
তোর এই অচিন খেলা আমাকে ঘিরে
প্রতিদিন প্রতিক্ষণ আঘাতে আর আঘাতে।

তুই আজকাল কেমন জানি অবুঝ হয়ে যাচ্ছিস
মোহের নেশায়
আঘাত করে যাচ্ছিস প্রতিনিয়ত খেলার ছলে
কি জানি হয়তো বা ভালোবাসার আশায়
কি জানি হয়তো বা বুঝে কিংবা না বুঝেই।

ভালোবাসা তোর কাছে কি?

শুধু কষ্ট দিয়ে যাওয়া ক্ষণে ক্ষণে
কথার আঘাতে জর্জরিত করা
সমস্ত দুর্বলতাকে পুঁজি করে।

কিংবা অভিমানের কান্না আপনমনে
অবুঝের মত কিছু চাইতে গিয়ে ধাক্কা খাওয়া
সময়ের বাস্তবতা বা বুঝে।

হয়তো ভালোবাসা তোর কাছে খেলা মাত্র
খেলারাম খেলে যার মত করে
শরির নিয়ে কিংবা মন নিয়ে।

আমার কাছে ভালোবাসা মানে শুধু যে তুই
আর তোর দেয়া কষ্টগুলো
মনের ভেতর সাজিয়ে রেখেছি থরে থরে।

তোকে নিয়ে আমার ভালোবাসা হয়ে আছে যেন
অসমাপ্ত একটা ছবি
রংতুলি হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছি ভেবে ভেবে;
ক্যানভাসের পিছনে যেন উঁকিমারে আকাশটা
মেঘে ছেয়ে আছে আজ ধুসর হয়ে
আমি রংতুলি হাতে ঠায় দাঁড়িয়ে আছি
ভালোবাসার রঙ আঁকব বলে আকাশের নীল রঙে রাঙ্গিয়ে।

তোকে নিয়ে আমার ভালোবাসা হয়ে আছে যেন
এক অসমাপ্ত কবিতা
দাঁতে পেন্সিল চেপে বসে আছি ভাবনার ঘরে
সাদা কাগজে আকিঝুকি লেখা কিছু ফুটে ওঠে
কেন রক্তের রঙ এ
তারি মাঝে কালো ছোপ ছোপ কিছু জেগে রয়
যেন জীবনের খেলায় হেরে যাওয়া
মানুষের একটা পোড়ানো হৃদয় ।

জীবনের কাছে হেরে গিয়েছিলেম
আমি তো অনেক অনেক দিন আগেই
ভালোবাসার ছলনায় কেন তবে দিয়েছিলি
নতুন করে বেচে থাকার প্রেরণা?
আমার দুর্বলতাগুলোকে খুঁচিয়ে রক্তাক্ত করবি বলে
নাকি আমাকে মন থেকে ভালোবাসার বিষটুকু তুলে নিবি বলে
কিংবা খেলার পর ছুড়ে ফেলে দিবি বলে।

আজ আমি জ্বলন্ত সিগারেটের অর্ধেক পোড়া ছাই হয়ে বসে আছি
ভালোবাসার মানে জানব বলে এক পোড়া অবয়ব নিয়ে
হয়তো তোর কাছ থেকে আসা কোন এক দমকা ঝড়ে
ঝরে পরার অপেক্ষায় ...
কিংবা ভালোবাসার পরিসমাপ্তিতে ক্লান্ত হৃদয়ে
শান্ত ঘুম এর আশায় ...


সোমবার, ১৪ মে, ২০১২

জীবন



ঝড়ের রাতে মনের ভেতর খামখেয়ালীর কালো আকাশ
হঠাৎ কেন জাগে মনে মনখারাপের পাগলা বাতাস
অভিমানে উল্টো ঠোঁটের একটু রেখা যদি দেখি
মনের ভেতর ঝড়ের নাচন এটাই বুঝি ছিল বাকি
কাজল কালো চোখের নিচে কালি ফেলা কাহার লাগি
অপেক্ষার ঐ প্রহর নিশি তোমার লাগি রাত্রি জাগি
মন ভুলানো ছোট্ট কথায় তোমার মুখে হাসি আনে
বলছি তোমায় অষ্টপ্রহর ভালোবাসি কানে কানে
হারিয়ে ফেলার ভাবনা যতই থাকুক তোমার মনে মনে
পাশেই তোমার থাকি আমি খুব নিশীথে সংগোপনে।



রবিবার, ১৩ মে, ২০১২

স্বপ্নের বাস্তব রূপ



অনেক দিন ধরে একটি স্বপ্ন গাঁথছিলেম মনে মনে
তোরে নিয়ে অনেক দূর কোথাও হারিয়ে যাব
একটি দিনের জন্য
থাকব নিজেদের মতন করে
হয়তো বনে চলে যাব
হয়ে যাব মোরা বন্য।

অনেকদিন ধরে কল্পনার জাল বুনে চলেছিলেম মনে মনে
একসাথে সারারাত জেগে বসে রব
জ্যোৎস্নায় ভাসিয়ে নিয়ে যাবে চারিধার
আমি তোরে একটু একটু করে
আবিস্কার করব
বন্য সে জ্যোৎস্নায়।

আজ আমরা দুজনে
বসে আছি মুখোমুখি
তবু কথা নেই কারো মুখে
তুই চুপ
আমি চুপ
হাত ধরে হাতে হাতে
চুপচাপ বসে থাকি
একটুকু ছোঁয়াছুঁয়ি
হাতে হাতে ঠোঁটে ঠোঁটে
কত কথা জমা আছে
দুজনার মনেতে
তবু যেন কথা নেই
কারোরই মুখেতে
তুই চুপ
আমি চুপ
বসে আছি ধরে হাত
মুঠো করে হাতেতে।



চিতার ধোঁয়া


চিতায় শুয়ে আছি আমি আজ
চন্দন কাঠ জোটেনি আমার
থরে থরে থাক দেয়া বাঁশের দেয়ালে
সাজানো হয়েছে চিতা আমার
আগুন দেবে কে?

চিতায় শুয়ে আছি আমি আজ
ঘি দিয়ে কে জ্বালাবে আমায়
কেরোসিন তেল পাওয়া গেছে কিছু
ঢালা হয়েছে চিতার ওপরে অল্প কিছু
আগুন দেবে কে?

সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে চিতা ঘিরে
আগুন দেয়ার লোক পাওয়া যাচ্ছে না
এত মানুষের ভীরে, তুমি এখনো আসনি বলে
শব হওয়ার আগে আমি বলে গিয়েছিলেম
সবচেয়ে বেশি ঘৃণা করে যে আমায়
আগুন দেবে সে আমার চিতায়।

তোমার দেয়া আগুন জ্বলবে দাউ দাউ করে
পুড়ে নিঃশেষ হব আমি কালো ধোঁয়ায় উড়ে
পাপ কাঁটা যাবে তাতে হয়তো কিছু আমার
তোমার ঘৃণার আগুনে পুরে কিছু পুণ্য হবে সঞ্চয়
ধোঁয়াগুলো পাক খেতে খেতে উড়ে যাবে আকাশের দেশে
চাঁদের দেশ ছাড়িয়ে মঙ্গলের দুটি জ্যোৎস্নায়
ভাগ হবে তাঁরা দুটি ভাগে সেখানে।

উপরওয়ালা দেখবেন দুটি ধোঁয়ার ভাগ
একটিকে দেবেন পাঠিয়ে নরকের আগুনের ধোঁয়ায়
যদি কিছু ভালো থেকে থাকে আমার
সে ধোঁয়ার ভাগটুকু আবার পাঠিয়ে দেবেন ধরাচরে
মেঘের পরে ভর করে
আবার হয়ত ফিরে আসব তোমাদের কাছে
টাপুর টুপুর বৃষ্টির বেশে
তোমার গাঁয়ে পড়া বৃষ্টির ফোঁটা যদি চিনতে পার সেদিন
একট মুঠো রেখে দিও বোতলে ভরে
যদি আমার কথা মনে পড়ে।

শনিবার, ১২ মে, ২০১২

বৃথা অপেক্ষা


বর্ণহীন অলস দিনগুলো কেটে গেছে তুই আসবি এই প্রতিক্ষায়
কত নিদ্রাহীন রাতগুলো জেগে বসে ছিলেম তোরই অপেক্ষায়
পথ চলতে চলতে কোন কোন খামখেয়ালীর বিকেল বেলায়
চমকে উঠে থমকে দাঁড়াই মাঝ রাস্তায়
ধুলো উড়িয়ে সামনে দিয়ে কালো এক জীপ চলে যায়
কালো টিনটেড গ্লাসে ঢাকা আয়নায়
একটি চেনা মুখ কি উঁকি দিয়ে দেখলো আমায়?

হঠাৎ করেই কত কথা আসে ভাবনায়
সবই কল্পনা আর দিবাস্বপ্ন আমার হায়
আমি হেটে চলি আনমনে, বিকেল ফুরিয়ে সন্ধ্যা গড়ায়
মিছে তোর কথা ভেবে ভেবে সময় কেটে যায়
তোর পথ চেয়ে চেয়ে হয় না কোন কাজ এ ধরায়
জানি আর কখনো ফিরে আসবি না, অপেক্ষা যাবে বৃথায়
তুই তবু তোর ভাবনা প্রতিমুহূর্তে কেন হৃদয়ে রক্ত ঝরায়?


শুক্রবার, ১১ মে, ২০১২

সেদিন আর আজ


সেদিন ছিল চোখে কিছু বর্ণহীন কান্নার জল
তারি সাথে বুক চেরা বেদনার ঢল
ছিল অনেক অনেক ভালোবাসার মায়া
মাথার পড়ে ছিল তোর জ্যোৎস্নার ছায়া
কিছুই সেদিন পারেনি তোরে রাখতে আটকিয়ে
অভিমানে গিয়েছিলি চলে, আমায় ভাসিয়ে।

তারপর অনেক দিন গেছে চলে
আমি পড়ে ছিলেম একাকীত্বের গহীন জলে
সময় কেটে গেছে তাঁরা গোনার ছলে, রাতের কালে
থমকে থাকা দিনগুলি কেটে গেছে একটু একটু করে
কষ্টের বোঝাগুলি ভারি হতে হতে পাহাড় গিয়েছে ছাড়িয়ে
তবু আমি বেঁচে আছি আজো, তোকে হারিয়ে।

আজ হঠাৎ করেই চমকে যদি উঠিস মুঠোফোনের শব্দে
কিংবা বিরহের কোন সুর গেয়ে ওঠে তোর মনে
কারণে আর অকারণে
ঠিক তখনি বুঝে নিস, আমি ডাকছি তোরে
মনে মনে অনেক দূর হতে, তোকেই ভেবে ভেবে।

আজ হঠাৎ করেই যখন তোর চোখ ভিজে ওঠবে লবন জলে
ঝাপসা হয়ে আসবে চারিধার কারো কথা মনে পরে
কারণে আর অকারণে
ঠিক তখনি ভেবে নিস, আমি দেখছি তোরে
চোখ বুঁজে অনেক দূর হতে, তোকেই ভেবে ভেবে।



খেলোয়াড়


খেলোয়াড় তুই যে অনেক বড়
মন নিয়ে খেলে যা
একজনের পর একজন এসে
ফাঁদে তোর দিবে পা।

একের পর দুই তিন চার
খেলে যাচ্ছিস টানা
খেলিস যে তুই মন নিয়ে আর
কত যাবে হাতে গোনা।

ভালোবাসা নয়কো কাঁচের দেয়াল
আঘাত পেলে হয় চুরমার
আঘাত যদি পাস কখনো
বুঝবি সেদিন করে মুখভার।

রূপের দেমাগ যতদিন রবে
একে একে এসে পুড়িবে সবে
চিন্তা করিস একটু বসে
কি করেছিস দিনের শেষে।

অহংকারের আজ আকাশে উড়িস
বুঝতে যদি তুই কখনো পারিস
আঘাত পাওয়ার যন্ত্রণা কভু
অনুশোচনার আগুনে একটু পুড়িস।

পাকা খেলোয়াড় হোস না যতই
প্রকৃতি একদিন নেবেই শোধ
আঘাত পেয়ে ভাঙবি যেদিন
সেদিন হবে তোর ভালোবাসার বোধ।