সোমবার, ৩১ মার্চ, ২০১৪

আঙ্গুল

আঙ্গুল
- যাযাবর জীবন

দোষগুণ আর ভুলত্রুটি
মানুষ মাত্রই থাকে
সবাই শুধু পরেরটা দেখে
নিজেরটা ঢেকে রাখে;
আঙ্গুল তুলতে সবাই পারে
নিজের ভুল কজন দেখে?
আঙ্গুলি করতে সবাই পটু
কজন শুধরে থাকে?

এক আঙ্গুলে তোকে দেখাই
আরেক আঙ্গুল ওপরওয়ালাকে
এক আঙ্গুলে তোকে তাক করতে গিয়ে
তিন আঙ্গুলে তাক করি নিজেকে;
অন্যের দোষ ধরায় এতই মশগুল
দেখি না তাকিয়ে, পুরো হাতটার দিকে।

পরের তরেতে আঙ্গুল দেখাতে আমাদের জুড়ি মেলা ভার
আঙ্গুলি করতে একবারও চোখ পরে না, নিজের পেছন পর।



বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

স্বার্থের রং


স্বার্থের রং
- যাযাবর জীবন

প্রয়োজনে খুঁজে বের করতে
বোতাম ঘোরানোর কত আয়োজন!
মাধ্যম তুচ্ছ মুঠোফোন;
কাজের সমাপ্তি
প্রয়োজনীয় নাম্বারটির আপাতত: লম্বা ছুটি
এখন তার বড্ড ঘুমের প্রয়োজন;
আবার কখনো যদি দরকার পড়ে
ঘুম ভাঙ্গাবে আবার না হয় তাকে
বোতাম টিপে টিপে মুঠোফোন।

স্বার্থের কত রঙ যে আছে!
বড্ড ভয়ে ভয়ে থাকি,
কে কবে রং দেখাবে কাকে।


রবিবার, ২৩ মার্চ, ২০১৪

একদিন দুপুর বেলায়


একদিন দুপুর বেলায়
- যাযাবর জীবন

আবার একদিন না হয় যাব তোর বাসায়
ঠিক সেদিনের মত
খুব হঠাৎ করেই,
এবার না হয়
কোন এক ঝড়ো দুপুর বেলায়;
ঝড়ো হাওয়ায় তোকে এলোমেলো করতে
কিংবা নিজেই এলোমেলো হয়ে যেতে।

তপ্ত দুপুর সেদিনও ছিল
তপ্ত চুমুর ঝড় উঠেছিল
তপ্ত ঠোঁটে তপ্ত কামে
ডুবেছিলাম তুই-আমি দুজনে
সাড়া দিয়েছিলেম সেদিন দুপুরের
তপ্ত আহ্বানে।

যেতেই হবে যে আমার
তোর কাছে, আরেকটিবার
বুঝে নিতে;
ভুল কি হয়েছিল একার আমার,
নাকি দুজনার?

দুপুর বেলা বড্ড খারাপ সময়,
বিষণ্ণতার
কিংবা ভালোবাসার;
ভুল হয়েই যায়
কোথাও না কোথাও
একার কিংবা দুজনার।

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

ভুল করে


ভুল করে
- যাযাবর জীবন

একদিন না হয় ভুল করেই চলে যাব সন্ধ্যের অবসরে তোর ঘরে
সেদিন না হয় ভুল করেই বসতে দিস আমায় শীতল পাটিটি পেড়ে,
একদিন না হয় ভুল করেই ভালোবেসে ফেলবো তোরে
সেদিন না হয় ভুল করেই জড়িয়ে ধরিস মোরে,
একদিন না হয় ভুল করেই স্বপ্ন দেখব মধ্য দুপুরের রোদে পুড়ে
সেদিন না হয় ভুল করেই ঘর বাঁধার স্বপ্ন সাজুক তোরও চোখের পরে।

তারপর না হয় ভুল করে দুজনে মিলে উড়ে যাব স্বপ্নে ডানা মেলে
কিংবা ভুল ভেঙ্গে মানুষ হয়ে ফিরে আসব জল-জঙ্গলের পৃথিবীতে
আবার নতুন করে ভালোবেসে দুজন দুজনাকে
কিংবা আরেকটিবার ভুল করে ভুল বুঝে
ভুল ভালোবাসার মালা গেঁথে
দহনে পুড়ে যেতে
ক্রমাগত ভুল আর ভুলের পৃথিবীতে;

মানুষ'ই তো ভুল করে, ভুল করে
বারে বারে, বারে বারে।

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

ভুল, ক্রমাগত


ভুল, ক্রমাগত
- যাযাবর জীবন

যত টান টান উত্তেজনাই থাকুক না কেন
প্রেমের সূর্যোদয়ের সাথে সাথে,
সকাল গড়িয়ে দুপুর হতে না হতে
গরমের ছোঁয়া একটু লেগেই যায় তাতে;
দুপুর গড়িয়ে বিকেল না হতে হতে
বিষণ্ণতায় ছেয়ে ধরে এসে
মন খারাপের সন্ধ্যে গড়িয়ে অমাবস্যার রাতের অন্ধকারে
দুজন দুজনার পেছন ফেরে
বরফ যুগে পদার্পণ;
কিংবা যদি আকাশেতে চাঁদ ওঠে
শরীর হয়তো আবার কথা বলে, শরীরের সাথে
তারপর অবসাদে সমর্পণ;
কোথাও না কোথাও কেমন জানি
ঝুলেই যায় সম্পর্কগুলো
দিন গড়ানোর সাথে সাথে।

সকালের সোনারোদে সূচনা যে দিনের
বিকেলের ঢলারোদে তা কোথায় গড়াবে
কে বলতে পারে!

কোথাও না কোথাও ভুল হয়েই যায়
আচরণে
অনুভবে
প্রেমে পড়তে কিংবা বিচ্ছেদে লড়তে
সম্পর্ক গড়তে কিংবা ভাঙ্গতে।

তবুও বারে বার একই ভুল করেই যাই
নতুন আশায়
হয়তো রাতের অন্ধকারের পরে
আবার দেখব সোনারোদ সকাল।



ফারাক


ফারাক
- যাযাবর জীবন

চাওয়া আর পাওয়ার মাঝে
বিস্তর ফারাক, রয়েই যায়;
কিংবা হৃদয় আর মনে
কারণে আর অকারণে।

ভালোবাসি শুভ্র সাদা
কাশবন নদীতীরে
ভালোবাসি পেঁজা তুলা
মেঘ-দল আকাশে ভাসে
ভালোবাসি নীল
আকাশের বাস মেঘের ওপরে।

কাছাকাছি শুধুই তোর বাস
তবু ধরাছোঁয়ার অনেক দূরে
পলাশের লালে প্রকৃতি সাজে
ক্ষরণের লাল হৃদয় জুড়ে।



রবিবার, ১৬ মার্চ, ২০১৪

ঋণাত্মক অনুভূতি


ঋণাত্মক অনুভূতি
- যাযাবর জীবন

অন্তত একজন কেউ তো একজন পাশে থাকুক তোর,
না হয় আমার মতই কেউ একজন;
যার জন্য না হয় একটু ছলনাই করলি
যাকে না হয় একটু মিথ্যে মায়াতেই জড়ালি
আর না হয় একটু মিথ্যে করেই ভালোবাসলি।

তবুও তো জানব যে
তোর হৃদপিণ্ডটা নয় শুধুই রক্ত সঞ্চালন মেশিন
অনুভূতির কিছু ছিটেফোঁটা এখনো বেঁচে আছে সেখানে
হোক সে মায়ার না হয় ঘৃণার
ভালোবাসা আর না হয় ছলনার।

ধনাত্মক হতেই হবে এমন দিব্যি কে দিয়েছে?

অন্তত কেও তো একজন থাকুক
যার জন্য দুদণ্ড মানুষ হয়ে বেঁচে থাকার অনুভব
মিথ্যে মায়া আর ভুল ভ্রান্তি মেলানো এই পৃথিবীতে;

ক্রমাগত সদা সত্যের পথে
মায়া আর ভালোবাসার অনুভূতিতে জড়িয়ে থেকে
মানুষ তো ভগবান সেজে যাবে।

মানুষের বন জঙ্গলে ভগবানের ঠাই কোথায়?