বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪

নতুন সূর্য



নতুন সূর্য
- যাযাবর জীবন

বছরটা পেরিয়ে গেল টুপ করে সূর্য ডোবার সাথে সাথে
কত কথা কত প্রেম কত স্মৃতি
ডুবে গেল সূর্যের সাথে সাথে;
পুরনোকে ভুলে নতুন দিনের আশায়
নতুন সূর্যের পানে
সবাই চেয়ে আছে;
প্রতি জানুয়ারিতে নতুন বছর আসে একবার করে
নতুন সূর্যে ঘুরে ঘুরে
প্রতি বছর নতুন নতুন মানুষ আসে বন্ধু হয়ে
জীবনে প্রেম একবারই আসে হৃদয় ঘরে?
কেও অনুভবে বুঝতে পারে,
কেও চারিদিকে খুঁজে মরে
খোঁজে না হৃদয় ঘরে।

অল্প কথায় কবিতা হয়
ভালোবাসা বুঝে নিতে হয়।



ঘুম বিলাস


ঘুম বিলাস
- যাযাবর জীবন

কিছু আগুন পেলে প্রেম পোড়াতাম
দহনে আগুনে কাটাকাটি
কিছু বরফ পেলে তোকে ঢেকে দিতাম
এত গরম সইতে পারে না প্রকৃতি;
চুমু খাব না কথা দিলাম তোকে
চুন খেয়ে ঠোঁট পুরেছে
আমায় একটু ঘুম ধার দে
স্বপ্নগুলো থাকুক সব তোরই।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

বাসনা



বাসনা
- যাযাবর জীবন

কখনো প্রেমের সূত্রপাত
কখনো প্রেমের সমাধি
শারীরিক আকর্ষণে,
কেও ত্বরিত বোঝে
কেও বা বোঝে
প্রেমের টানে শরীর বিসর্জনে;
মন ছাড়া শরীর দিয়ে কি হবে?
শরীর তো প্রতিদিনই কেনাবেচা হয়
অন্ধকারের হাটে;
বাসনা মিটে গেলে সে তো শুধুই মাংসপিণ্ড
তারপর?
ভালোবাসার খোঁজে জীবন কাটে।

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

বরফ বোধ


বরফ বোধ
- যাযাবর জীবন

মাঘের শীতে জমে গেছে প্রেম
কুয়াশার ভরে মোহগুলো মাটিতে
তোর স্পর্শগুলো সব ঢেলে দিয়েছি উনুনে
বরফে কি ভালোবাসার অনুভূতি থাকে?

ধোঁয়া ওঠা চায়ের কাপেও গরম চুমু খাওয়া যায়
তোর আর তার ঠোঁটের পার্থক্য কোথায়?
বিছানা তো গরম হতেই পারে নরম লেপের ওমে
তোর আর লেপের পার্থক্য কি শুধুই কামে?

ইদানীং তোর কথা মনে হলে বড্ড শীত লাগে
অনুভূতিগুলো তো মরে গেছে সেই কবে
তবুও শীতের রাতে তোকে জড়িয়ে থাকার বাসনা
এ তো কাম নয়
তবে কি স্পর্শের নির্ভরতা?
না কি?
?
?
?
আচ্ছা থাক.........



আমি ভালোবাসা বুঝি না।


রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

প্রকৃতির অংশ


প্রকৃতির অংশ
- যাযাবর জীবন

ঘুম ভেঙেছে সূর্যের
এখনো চোখ মেলেনি
শীতে কুঁকড়ে আছে সকালটা
রোদ দেখে নি
আকাশে কুয়াশা উড়ছে কিছু
কিছু ভাসছে মনে
বিষণ্ণতা প্রকৃতি জুড়ে
বিষণ্ণতার ছোঁয়া মনে
মনের রঙ বদল আকাশের রঙের সাথে সাথে
মনের ভাব বদল প্রকৃতির ভাবের সাথে সাথে;

মন কি প্রকৃতির অংশ না আমার
আজো বোঝা হলো না।

মোহের ষড়ঋতু



মোহের ষড়ঋতু
- যাযাবর জীবন

গাছের পাতাগুলো হলদেটে শীতের কুয়াশার ভরে
একটু বাতাসেই টুপ করে ঝরে পরে;
মনের ডালে মোহের পাতা বসন্তে পাতা ছাড়ে
শরতের আকাশে ওড়ে
বর্ষায় সতেজ হয়ে সবুজ রঙ ঝরে
হেমন্তে পাক ধরে
ফিকে হতে থাকে হৃদয় ঘরে
মোহের বিবর্ণ পাতা মাটিতে ঝরে
মোহকাটা হিম শীতের পরে
মোহাচ্ছন্ন মানুষগুলো ক্রমশ দূরে সরে;
প্রেমের শেকড় মাটির অনেক গভীরে
ভালোবাসার গাছ'কে প্রতিনিয়ত সবুজ সতেজ করে।



ওম



ওম
- যাযাবর জীবন

শীতের ঘন কুয়াশায় দুপুর কোথায়?
প্রহরগুলো কেটে যায় ধোঁয়াটে কুয়াশায়
ধোঁয়াটে মনে কিছু ধোঁয়াটে অনুভব
ধোঁয়াটে কুয়াশায় কাটে ধোঁয়াটে সময়;
কখন সূর্য ওঠে
কখন দুপুর হয়
কখন বিকেল গড়ায়
কখন যে সন্ধ্যে ঢলে রাতের বুকে,
প্রকৃতিকে বোঝার সাধ্য কার?
আমারও তো ঢলে পড়তে ইচ্ছে করে
তোর বুকে,
ওম নিতে
লেপমুড়ি শীতের রাতে।

শীত চুমু খায় লেপমুড়ি সকালে
রোদ চুমু খায় কুয়াশার দুপুরে
কুয়াশা চুমু খায় বিষণ্ণ বিকেলে
বিকেল ঢলে পড়ে রাতের আঁধারে
আঁধার জড়াজড়ি কুয়াশামুড়ি ঘুমে
আমার উপোষী ঠোঁট খোঁজে তোরে;
ঠোঁটেরও তো ওম দরকার
কনকনে শীতের রাতে।