বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

বিলীন



বিলীন
- যাযাবর জীবন

তুই আর আমি এক হতেই
ট্রাফিক সিগন্যাল সবুজ
কিংবা আমাদের মন,
বাকি সব মোড়েই লাল
রাস্তার কিংবা মনের
আমার আর তোর।

রেললাইন সমান্তরালই দেখায়
বিচ্ছেদ আর ভালোবাসার,
তুই আর আমি মিলতেই
রেলের পাতে ইঞ্জিন কু ঝিক ঝিক
পথটা আমাদের,
হাতে হাত।

আকাশে মেঘ সাদা কিংবা কালো
ঘর্ষণে বজ্র
ভালোবাসায় না ভিজলে কি আর
আষাঢ় আসে?
অপেক্ষায় প্রকৃতি, বর্ষায় ভিজে যেতে;
তুই আর আমি মিলতেই বৃষ্টি,
পরস্পরে বিলীন।



মনের ঘর



মনের ঘর

- যাযাবর জীবন

দিনমান পাখিই'তো ওড়ে
আমাদেরও না হয় কদিন পাখি জীবন
আপাতত থাকুক না কিছুদিন
ঘরখানা শূন্য পড়ে;
আকাশে সাদা কালো কত মেঘের ভেলা
কদিনের জন্য আমরা না হয় মেঘই হলাম
তারপর'তো সেই আবার হাঁড়িকুঁড়ি ঠোকাঠুকি
জীবন যুদ্ধের সংসার জুড়ে;
মেঘের ডাকে ময়ূর পেখম তুলুক আর নাই তুলুক
আমার পাখি জীবনে মন'তো বসে আছে শুধুই তোতে
সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত
তুইও তো আছিস ঠিক তেমনি, আমায় আগলে ধরে;

মনের ঝড়ে ভালোবাসার ধুলো ওড়ে,
উড়ুক না!
মাখামাখি তো হয়ে আছি দুজন দুজনে,
দুজনার মনের ঘরে।



সোমবার, ২০ জুলাই, ২০১৫

ক্ষরণ



ক্ষরণ
- যাযাবর জীবন

প্রেম গলে গেছে ঘন বৃষ্টিতে
মনে কাঁদার ছোপ
রোদ উঠলেই পুড়িয়ে নেব ভাণ্ড
ভালোবাসার;
হয়তো আবার ভালোবাসা ডুবে যাবে খুব শীগগির
জমাট বাঁধা রক্তে,
ক্ষরণ দিতে জুড়ি নেই তোর
বার বার,
নতুন করে প্রতিবার;
হৃদয় সয়ে গেছে আমার
আমিও সয়ে গেছি তো'তে।



রবিবার, ১৯ জুলাই, ২০১৫

প্রহর



প্রহর
- যাযাবর জীবন

আরেকটি দিন মৃত্যুর দিকে হাঁটি হাঁটি পা পা
খেয়ালে বা বেখেয়ালে,
আরেকটি দিন মৃত্যু আমার দিকে খুব ধীরে পা পা
নিয়তি মুচকি হেসে,
কদম বাড়তেই থাকে একে অপরের দিকে
পরস্পর আপন করে নিতে;

জীবন তো হারিয়ে যাবে আমার কাছ থেকেই
যেদিন ওদের, কদমে কদম মিলে যাবে;
অপেক্ষার প্রহর গোনে, "মাটির ঘর"।


রবিবার, ১২ জুলাই, ২০১৫

আলো আঁধার


আলো আঁধার
- যাযাবর জীবন

শার্শি বেয়ে চুইয়ে নামা অভিমানে বাষ্পীভূত মন-জানালার কাঁচ
জ্যোৎস্না আটকে আছে কালো মেঘের ওপরে,
রাতের কপাট খুলে দিতেই দরজার বাইরে অন্ধকার
তুই মন ফিরিয়েছিস বলে,
রাগের ধোঁয়ায় কান্না নামলেই প্রেমের বন্যায় ভেসে যাবি তুই
সেদিন আমি ধরাছোঁয়ার ওপারে;
দেরি হয়েই যায়
কোথাও না কোথাও
প্রেম গাড়ির চাকা হুইসেলের অপেক্ষায় প্রহর গোনে
অভিমানের কুয়াশা সরে যেতে যেতে থেমে যায় জীবন গাড়ি;

আফসোসের বাস কোথায়?
রাগের অস্থিমজ্জায়,
অন্ধকার কোথায়?
অভিমানে সময় বয়ে যায়;
আলো কোথায়?
ভালোবাসা যেথায়।


প্রতিবিম্ব



প্রতিবিম্ব
- যাযাবর জীবন

আরশিতে দুটি মানুষ
মুখোমুখি
একটি রক্তমাংসে গড়া
অন্যটি প্রতিচ্ছবি;

মানুষ কথা বলে
ছবির মুখ নড়ে
মানুষ কাঁদে
জলের দাগ প্রতিচ্ছবির গালে,
নিজের সাথে মূকাভিনয়
প্রতিফলন প্রতিচ্ছবির গায়
অভিনয় যখন মনের সাথে
কান্না কেন প্রতিচ্ছবির চোখে?

তবুও প্রতিদিন আয়নায় চোখ রাখি প্রতিচ্ছবির চোখে
যদি আলোর প্রতিসরণে ভুল করে তোর চোখ ভেসে ওঠে
ভালোবাসা দেখে নিস কাঁচের প্রতিবিম্বে।




শনিবার, ১১ জুলাই, ২০১৫

দূরত্ব


দূরত্ব
- যাযাবর জীবন


প্রথম দেখাটা,
কেমন যেন;
একটু ভয়
একটু শঙ্কা
লজ্জা ছিল কি? একটু;
কিংবা মন জ্বর,
প্রথমবার চোখে দেখার পর?
দেখেছিলাম তোর চোখে বিস্মিত থমক!
আমি যেনো তোর স্বপ্নের উল্টোরথ,
চমকে ওঠাটা চোখ এড়ায় নি আমার।

তারপর টেবিলের এপার আর ওপার
চোখে চোখে তাকিয়ে থাকা
সময়ের সাথে সাঁতার কাটা
চোখের ভেতর চোখ
তারপর ডুবতে ডুবতে ভেসে ওঠা
আবেগগুলো সামলে ওঠা
তারপর?
সময়ের দূরত্বে তুই আর আমি,
যোজন দূরত্বে ভালোবাসা;

তারপরও অনুভব রয়েই যায়
কোথাও না কোথাও
চিন্তা ও চেতনায়;
তোর,
আমার,
কিংবা ভালোবাসার।