সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

সাদাকালো রঙ



সাদাকালো রঙ
- যাযাবর জীবন

সবার মনে রঙ
সবার মনে ঢং
সব রঙের মন সাজাতে হবে সব রঙে
সব ঢঙের মান ভাঙাতে হবে সব ঢঙে;
আমি না হয় সাদাকালোই রইলাম
বাস্তব মেনে।


ভালোবাসার নোনাবাতাস



ভালোবাসার নোনাবাতাস
- যাযাবর জীবন

আমার অশ্রু কান্নার
তোর অশ্রু ভালোবাসার
নোনা হতে হতে ভালোবাসাও কান্না হয়
কান্নার অশ্রু'তো আর ভালোবাসা নয়;

আমরা বেদনায় কাঁদি
কাছে আসা আর না আসার
পরস্পর ছুঁতে পারা আর না পারার
দুজন দুজনকে ভালোবাসা আর না বাসার;

তবুও আমরা প্রতিদিনই ভালোবাসি
প্রতিদিনই ঘৃণায় জ্বলি
চোখেতে বাষ্প গড়ি
বাতাস নোনা করি,
কারণে আর অকারণে;

যখন তখনই আমাদের মনে নোনাবাতাস বয়
সব লবণজল'তো আর কান্না নয়।





শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

ব্যঞ্জনপ্রেম



ব্যঞ্জনপ্রেম
- যাযাবর জীবন


অস্থির অসময়ের অদৃশ্য বলয়ে সকলেই যেন অশান্ত
আকাঙ্ক্ষিত আগামীর আশায় আঙিনা জুড়ে আকুল আষাঢ়ে স্বপ্ন
ইঁচড়েপাকা ইচ্ছেগুলো ইতস্তত মুখ থুবড়ে ইষ্টিশনে পড়ে থাকে বিকল ইঞ্জিনের মত
ঈশানকোণে ঈর্ষামেঘের ইঙ্গিতে ঈর্ষাকাতর মনে ঈর্ষানল জ্বলে উঠলেই ভালোবাসা ঈগল ডানায়
উম্মাদিয় উপস্থাপনার উপহাসে উৎসর্গ উভয়ের প্রেম উপাখ্যান
ঊর্বশীর ঊরুসন্ধির ঘ্রাণে ঊর্ধ্বশ্বাস ঊনকোটি ঊর্মিমালীর
ঋতুতে ঋতুতে রঙ বদল প্রকৃতি ও নারীর, ঋণ শুধতে হয় শুধুই নরের
একা একা চলার পথে এলেবেলে একটু হাওয়ায় এটেল মাটির ন্যায় এঁটে বসে একাকীত্ব
ঐকান্তিক প্রচেষ্টায় ঐকল্য ঘুচিয়ে দিয়ে ঐতিহাসিক হতে পারাই যেন আজকালকার প্রেমের ঐতিহ্য
ওড়নার তলে ওম নিতে ওৎ পেতে থাকা প্রেমিকের ওষ্ঠ শুকিয়ে আসে হিসেবের ওলোটপালট হলে
ঔজ্জ্বল্য মরে যায় ভালোবাসার, ঔদ্ধত্যে কিংবা ঔদাস্যে।






ঘুমঘোরে স্বপ্নদের ঠুকঠাক


ঘুমঘোরে স্বপ্নদের ঠুকঠাক
- যাযাবর জীবন

অনেক দিন হলো গল্পটা অসমাপ্ত রয়ে গেল
অনেক দিন হলো কবিতাটা লেখা হলো না
অনেক দিন হলো ছবিটা আঁকা হলো না
ইদানীং কোন কিছুরই ইচ্ছে জাগে না;
বেলা কেটে যায় ছোট ছোট ভাত-ঘুমে
স্বপ্নেরা আসে ছোট ছোট স্প্যানে
মাথায় ঠোকর দিয়েই উড়ালডানা,
বড্ড বিরক্ত লাগে;
পানিতে বাতাস ঠোকরায় মাছগুলো
গাছে কাঠঠোকরার ঠুকঠুক ঠুকঠুক
স্বপ্নদের ঠোকরের আমার মাথায় তবলার তালে
আর ঠোঁট ঠুকরে মধু খেয়ে যাস তুই ঘুমঘোরে
আমি রক্তের স্বাদ পাই ঘুম ভেঙ্গে;

অসমাপ্ত রয়ে যায় জীবনের ছোট ছোট গল্পগুলো
অসমাপ্ত ছবি আর কবিতাগুলো
স্বপ্নে অধুরা তুই
অসমাপ্ত আমি;
ঘুমঘোরে স্বপ্নদের ঠুকঠাক
বেশ কেটে যাচ্ছে জীবন, অতৃপ্ত তৃপ্তিতে।

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

শীতল


শীতল
- যাযাবর জীবন

দেহের গরমে পারদের ওঠানামা শরীর জুড়ে
কাম মিটে গেলে সেই তো বরফ
তুই
আমি
দুজনে;
প্রেমের পারদের ওঠানামা মনের ভাপে,
ঈর্ষায় ভাপে সূর্য গরম
অভিমানে চন্দ্রে গ্রহণ
থার্মোমিটারের কি এসে যায় প্রেমে অথবা কামে?
পারদের ওঠানামা'তো শুধুই ঠাণ্ডা কিংবা গরমে;

তোর গরমে শীতল হতে হতে আমি বরফ হয়ে গিয়েছি
কিংবা তোর
ঈর্ষা
আর অভিমানে,
শিহরণ জাগে না এখন আর তোর চুমে।



শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

গ্রহণ



গ্রহণ
- যাযাবর জীবন

রাত নেমে আসতেই তুই চাঁদনি হলি
ভালোবাসার সাথে বোঝাপড়া শেষ হয় নি আমার
আলো সবার
আমি অন্ধকার
তুই প্রেমের সূর্য জ্বেলে পূবাকাশে
আমিই গ্রহণ তোর আকাশে।



আলো আঁধার


আলো আঁধার
- যাযাবর জীবন

দিন শেষ হওয়ার আগেই আমি অন্ধকার হয়ে যাই
সূর্যের সাথে বোঝাপড়া শুধুই তোর;
চাঁদ সবার
আমি চাঁদনির,
এবার তুই জ্যোৎস্না হয়ে যা;
রাত শেষ হওয়ার আগেই আমি আলো হতে চাই।