বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

মাটির টান



মাটির টান
- যাযাবর জীবন

মাটির ডাকে এসেছি মাটিতে
মাটির শরীর সংগে নিয়ে;
আমি
তুই
সে,
আর বাকি সকলে;
মাটির দেহের এত বড়াই কেন তবে, মাটির রূপ দিয়ে?

বালু ঘড়ির টিক টিক শোন নি কান পেতে?
ডাকছে আমাদের মাটির দিকে;
মাটির দেহ সবই এক
রূপের হাতছানি অনেক অনেক
রমণ সুখের পার্থক্য কোথায়?
ব্যভিচারের পথে শরীরের ভিন্নতায়;
তবুও আকাঙ্ক্ষা বহুগামী রমণে
আর গা ভাসানো ব্যভিচারে, কারণে অকারণে।

এগোচ্ছি কি সময়ের সাথে আমরা সমুখের পানে?
না কি এগোচ্ছি মাটির পানে, মাটির টানে।



অনিদ্রার রাত



অনিদ্রার রাত
- যাযাবর জীবন

শরীরের টানে কাছে আসায়, ভালোবাসা কোথায়?
কুকুরও কাছে টানে কুকুরীকে, ভাদ্রে;

শীতের রাতে দম্পতি ওম খোঁজে লেপের তলায়,
তুই জেগে আছিস কেন চোখে শিশির মেখে? পৌষের রাতে।


অনুভবের কাব্য



অনুভবের কাব্য

- যাযাবর জীবন

প্রেমিকা ঘরণী না হলে তাকে নিয়ে শুধুই কাব্য করা যায়
প্রাত্যহিক জীবন যাপনে তার স্থান কোথায়?
অনুভবে ক্ষুধা মেটে না
পেটের কিংবা দেহের,
কবিতা'তো শুধুমাত্র অনুভবের।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

কাগজ কলম বিহীন চিঠি



কাগজ কলম বিহীন চিঠি
- যাযাবর জীবন

অনেক দিন পর চিঠি লিখতে ইচ্ছে করছে তোকে
সেই সে আগেকার মত
সেই পুরনো দিনের ভালোবাসার মত;

একটু মন ভালো হতেই একটা চিঠি
একটু মন খারাপ হতেই একটা চিঠি
একটা চুমু খেতে ইচ্ছে হলেই একটা চিঠি
একটু জড়িয়ে ধরতে ইচ্ছে হলেই একটা চিঠি
বাহানা খুঁজতাম চিঠি লিখার তোর থেকে দূরে গেলেই
পুরনো সেই দিনগুলো বড্ড মনে পড়ে
আর আমাদের ভালোবাসা চিঠি লিখার ছলে;

অনেক দিন হলো চিঠি লিখা হয় না তোকে
হয়তো কালি ফুরিয়ে গেছে
কিংবা কাগজ
কিংবা মন
আর নয়তো সময়,
কিছু একটা হবে হয়তো!

আজ অনেক অনেক দিন পর চিঠি লিখতে ইচ্ছে করছে তোকে
সেই সে আগের দিনের মত;
শীতের রাতে চিঠি লিখার মজাই আলাদা
পৌষের রাতে ভালোবাসার মজাই আলাদা,
আর কিছু প্রেমের কথা
তোর আর আমার,
কাগজ কলম বিহীন চিঠিতে।




শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

অসমাপ্ত গল্প



অসমাপ্ত গল্প
- যাযাবর জীবন

একটা গল্প বলি শোন,
একটা ছেলে ছিল অন্ধকার রাত
একটা মেয়ে ছিল চাঁদের পানে যার হাত
প্রেমে পড়লো দুজন
কিছুদিন মনে তাদের পাখিদের কূজন
কিছুকাল খুব দহরম মহরম
তারপর তালে বেতাল হতেই
বাঁশিতে রাগ বেসুরা
তারপর দা-কুমড়া
তারপর সেই আগের জায়গায় যে যার মতন,
কিংবা মেয়েটা অমাবস্যা হলো
ছেলেটা হয়তো হারিয়ে গেলো।

থাক,
অসম প্রেমের গল্প আজ অসমাপ্ত থাক
আজ পূর্ণিমার রাত;

চল আজ আকাশ দেখি
চল আজ জ্যোৎস্না মাখি।


শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বাঁক



বাঁক
- যাযাবর জীবন

কত বাঁক নদীর
কত বাঁক নারীর
জোয়ার ভাটার মন
মনের বাঁক গভীর;

আমারও সাধ জাগে কচুরিপানা হতে,
ভাসতে কিংবা ডুবতে
নদী ও নারীতে।


সম্পর্কের ধরণ



সম্পর্কের ধরণ
- যাযাবর জীবন

কিছু সম্পর্ক রক্তের
কিছু বন্ধুত্বের
একটি মাত্র সম্পর্ক দাম্পত্যের
সব সম্পর্কই স্বার্থের,
গড়ায় কিংবা ভাঙ্গায়;
কিছু সম্পর্ক ভালোলাগার
কিছু ভরসার
আর কিছু কাঁদায়
সব সম্পর্কই বিশ্বাসের,
ভাঙে বিশ্বাসহীনতায়;

কিছু সম্পর্ক ওপর ওপর দেখাবার
কিছু সম্পর্ক শুধুই অনুভবের
কিছু সম্পর্ক বলে বোঝাবার নয়
কিছু সম্পর্ক অনেক দূর থেকেও মনে গভীর রয়
কিছু কিছু সম্পর্কে ভালোবাসা-বাসি হয়
কিছু সম্পর্ক স্বার্থের কারণে এক হয়
কিছু সম্পর্ক শুধুই ঘৃণায় বেঁচে রয়,
খুব কাছের সম্পর্কগুলোও মাঝে মাঝে খুব বেশি অচেনা মনে হয়
যুগ যুগ এক ছাদের নীচে কাটিয়ে দিয়েও যেন কেও কারো নয়;

তোর আর আমার সম্পর্ক আজো অবোধ্য, আমার কাছে।