বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মনবাড়ি'তে বৃষ্টি



মনবাড়ি'তে বৃষ্টি
- যাযাবর জীবন


কিছু আলো দিনে
কিছু মনে
বাকীটা অন্ধকারে

এক একটা খেয়ালী বাতাস
যখন তখন সূর্য হয়
যখন তখন চাঁদ
যখন তখন মন খারাপ

ইদানীং খালি চোখে যা কিছু ছায়া ছায়া
মন চোখে বড্ড অচেনা
ভেতর আর বাইরের হিসেব মেলে না

এই যে শ্রাবণ, এত এত বৃষ্টি হয়ে গেলো
বন্যায় ভেসে গেলো চারিদিক
নোনা জল কমলো কি?
চোখে
কিংবা সাগরে

আমি অন্ধকার দেখেছি দিনে
অন্ধকার দেখেছি মনে
এর
ওর
তার
আমার
সবার

এখন আর খেয়ালি বাতাস কাঁদায় না
অন্ধকার ভাবায় না
পাহাড় দেখতে দেখতে পাথর হয়েছি

কালো যতই হাসতে হাসতে খুন করে যাক
আমি ক্ষয়ে যাওয়া দাঁতে হাসি ধরে রাখি
আর লবণ সয়ে যাই চোখে

আজ আকাশটা বড্ড ছায়া ছায়া
বৃষ্টি হবে কি?
মনবাড়ি'তে।






যুদ্ধ


যুদ্ধ
- যাযাবর জীবন


চাহিদা অসীম,
সীমিত সাধ্য;
সমন্বয়ের যুদ্ধ প্রতিনিয়ত।


কান্না মেয়ে



কান্না মেয়ে
- যাযাবর জীবন


একটা মেয়ে, দিনমান সূর্য
দুপুর রৌদ্দুর মন তাপ দাহ
একটা মেয়ে রাতের জ্যোৎস্না
দেখে সবাই, বোঝে না তারে কেহ

একটা মেয়ে, আকাশে বিজলির চমক
রঙে রঙিন গা, মনে ঢঙের ঠমক

একটা মেয়ে, সারাদিন ইনায় বিনায়
যারে তার লাগে ভালো তার পথ চায়

একটা মেয়ে, মোবাইল ক্যামেরা হাত
সেলফিও বিরক্ত, ফেসবুকে দিনরাত

একটা মেয়ে, মন বারোমাস ষড়ঋতু
হয়তো কারো জীবনে ফুল ফোঁটার হেতু

একটা মেয়ে, অকারণ মন মেঘ
যখন তখন মন বদলে ঝড়ের বেগ

একটা মেয়ে, সারাক্ষণই অস্থির
মুখে কথার খৈ, মনে অলীক স্বপ্নের ভীর

একটা মেয়ে, হয়তো আজ তার কোন বিশেষ দিন
কেও বলে না ডেকে, কি রে! কেমন কাটছে তোর দিন?
বড্ড একাকীত্বে সারাদিন অপেক্ষায় যায় কেটে কেটে
সুধায় না কেও, ওগো ও মেয়ে! কান্না কেন রে তোর দুচোখে?



মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

সঙ্গম


সঙ্গম
- যাযাবর জীবন


তোর সাথে আমার মিলন,
জন্ম ভালোবাসার;
মনের সাথে কলমের সঙ্গম,
জন্ম কবিতার।


জড়াজড়ি অন্ধকার



জড়াজড়ি অন্ধকার
- যাযাবর জীবন


ভোর জড়িয়ে থাকে কুয়াশার ভাজে
সকাল জড়িয়ে রয় সূর্যের সাথে
বিকেল জড়ায় এলোমেলো দুপুর রোদে
সন্ধ্যে জড়ায় ঘরে ফেরা পাখির ডানায়;

আমি রাতের অপেক্ষায়,
অন্ধকারে জড়িয়ে যেতে তোতে।


উচ্চতা


উচ্চতা
- যাযাবর জীবন


পাহাড় অনেক দূরে
অতটা উঁচুতে ধরতে পারব না তোকে,
উড়িয়ে দিলাম মন আকাশে
বৃষ্টি হয়ে নেমে আসবে তোর চোখে......


মায়ার কান্না


মায়ার কান্না
- যাযাবর জীবন


ইদানীং ঘুমন্ত আগ্নেয়গিরিতেও নাকি লাভা উদ্‌গিরণ
বড্ড বদলে গেছে প্রকৃতি
বদলে গেছে আবহাওয়া
তুই আসার পর থেকেই বদলে গেছে জীবন

আজকাল ঘরে বাইরে গনগনে আগুন
ফুসফুসে বিষাক্ত বাতাস
মাথার ওপর না হয় নাই থাকলো ছাদ
মন মশারিতে উঁকি চাঁদ,

ধ্যাত!
অমাবস্যায় জ্যোৎস্নার কৌতুক
কেওড় এঁটেছি মন ঘরে;
ভালোবাসা, তুমি দূরে থাকো।

মায়া!
বড্ড কাঁদায়।