বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

অবোধ্য ঠোঁট



অবোধ্য ঠোঁট
- যাযাবর জীবন


নারী,
বড্ড অবোধ্য তুই মাঝে মাঝে
মুখের ভাষায় কখনো প্রেম কখনো আগুন
কখনো ঠোঁট নড়ে তো প্রেম করে
কখনো ঠোঁট নড়ে তো রাগ ঝড়ে;

রাগে কিংবা চুমুতে ঠোঁট নড়ে, ঠোঁট নড়ে।

আমাদের অপ্রেম কাহিনী



আমাদের অপ্রেম কাহিনী
- যাযাবর জীবন


তুই বিছানায় শুয়ে
আমি চুপিচুপি তোর জানালায় উঁকি
তোর চোখ বন্ধ
স্বপ্ন দেখছিস কি?
কি জানি! হবে হয়তো,
আমি অপলক তোকে দেখি
একমনে চুপিচুপি;

শুনেছি তুই নাকি খানিক অসুস্থ,
কই?
আমি তো বিছানায় শোয়া গোলাপ দেখি প্রস্ফুটিত;

দূর থেকে হাত রাখি তোর কপালে, মনে মনে
আর সুস্থতার কামনা করি,
তোর খুব কাছে যাওয়ার সাহস হয় না আমার;
কি জানি! যদি ভালোবাসা হয়ে যায়?

একটা তুই আর একটা আমি
আমরা স্বপ্নে স্বপ্নে উড়ি
আমরা স্বপ্নে স্বপ্নে ঘুরি
আমরা কেও কারো খুব কাছে যাই না
কি জানি! যদি আমাদের ভালোবাসা হয়ে যায়?
এই আমাদের মন অথবা স্বপ্ন কাহিনী,
এটাই আমাদের প্রেম কিংবা অপ্রেম কাহিনী।


অপরিচিত



অপরিচিত
- যাযাবর জীবন


কত কত পাহাড়
কত কত নদী
কত কত সাগর
কত জায়গা ঘুরি
নিজেকে যাচি, নিজেকে খুঁজি
মন গহীন কুঁয়ো, নিজেকে খুঁড়ি
কোথায় আর নিজেকে চিনি?

এই যে এত এত বোধ
প্রেম ভালোবাসা
সুখ দুঃখ
হাসি কান্না
নিঃসঙ্গতা একাকীত্ব
বিপরীত মানসিকতার কত কত বোধত্ব
বোঝা আর হয়ে ওঠে না আমার বোধের বৈপরীত্য
তবুও খুঁজে যাই নিজেকে খুঁড়ে
যখই যেখানে যাই একা একা ঘুরে;

কত কত শব্দ প্রকৃতি ঘিরে
মেঘের ডাক আকাশ চিরে চিরে
ঢেউ এর গর্জন সাগর তীরে
পাহাড়ের নীরবতার ভাষা বোঝে কে
আমি নিস্তব্ধতার কান্নায় স্তব্ধ হয়েছি কতবার!
তবু কান পেতে রই প্রকৃতির ডাক শোনার ;

কত কত রোদে দিনের তীব্র আলো
সূর্যের ঘুমে রাতের রঙ কালো
ফর্সা শ্যামলা কালোতে মেশানো
কত কত রঙের মানুষ চারিধার
জ্যোৎস্নার রঙ বুঝতে বুঝতে কত কত রাত
নির্ঘুম করেছি পার,
গায়ের রঙ চোখ চিনে নিলেও
মনের রঙ চেনা হয় নি আমার;

কত কত দিন
কত কত রাত
কত কত সূর্য কত কত চাঁদ ঘুরি
কত কত কুঁয়ো নিজেকে নিজে খুঁড়ি
কোথায় আর নিজেকে চিনি?

খুঁড়তে খুঁড়তে শুধুই অন্ধকার
খুঁজতে খুঁজতে সময় পার
চেনা হয় না নিজেকে নিজে আমার।

টাপুরটুপুর আঁধার



টাপুরটুপুর আঁধার
- যাযাবর জীবন


সকালটা শিশির শিশির
ম্যাড়ম্যাড়ে রৌদ্র দুপুর
বিকেল হতেই সন্ধ্যে নামে
আঁধার টাপুরটুপুর

আধ লজ্জায় চাঁদের উঁকি
অর্ধচন্দ্র মাসে
দিনের বেলায় কুয়াশায়
চাঁদের কি যায় আসে

রাত্রি এলেই মন তুই তুই
বুকের বাঁ পাশে
মনের মাঝে তুই থাকলে
চাঁদ আকাশে হাসে

ঘুম জড়ানো আবেশ চোখে
স্বপ্নে স্বপ্নে উড়ি
তুই বিহনের স্বপ্নগুলো
নাটাই ছেঁড়া ঘুড়ি

রাতটা বড় কালো কালো
অন্ধকারের নূপুর
তুই বিহনে অমাবস্যা
আঁধার টাপুরটুপুর।

দিনরাত্রি



দিনরাত্রি
- যাযাবর জীবন


বিকেল হতেই মন খারাপ
হলুদ হলুদ রোদ
গাঙচিল এর ডানায় ওড়ে
মন খারাপের বোধ

পুকুর পুকুর সবুজ পানি
নদীর পানি ঘোলা
উনিশ থেকে বিশ হলে তোর
কান্না চোখে তোলা

মাঠের মাঠ ধানের ক্ষেত
সবুজের বাহার
সন্ধ্যে হলেই বুকের ভেতর
মন খারাপের পাহাড়

সূর্যটা লাল হয়েছে
বিকেল বিদায় নিলো
মনের ভেতর অন্ধকার
রাত্রি নেমে এলো।




ধোঁয়া ধোঁয়া সকাল



ধোঁয়া ধোঁয়া সকাল
- যাযাবর জীবন


ধূসর ধূসর ধোঁয়া ধোঁয়া
সকালটা কুয়াশা
শিশির শিশির তোতে ভেজা
মনটা ধোঁয়াশা
সূর্য কোথায়?

কুয়াশা ঘেরা চারিধার
সকাল আমার, মন তোর,
তুই কার?



অবুঝ অন্ধকার



অবুঝ অন্ধকার
- যাযাবর জীবন


মাঠ ভরা সবুজ সবুজ
ধানে ধানে ছাওয়া
উথাল পাথাল বিকেল বাতাস
অবুঝ অবুঝ হাওয়া
আকাশ ভরা নীল নীল সাদা মেঘের পাল
মন খারাপের নদী টইটুম্বুর, নৌকায় নাই হাল;

একা একা রাত
একা একা চাঁদ
নদীতটে পথ হাঁটা একা একা ধীর লয়ে
ঢেউগুলো সব আছড়ে পরে একসাথে আবেশে পায়ে
আকাশে চাঁদ থাকে তবু
চোখ থেকে কভু কভু
জ্যোৎস্না যায় হারায়ে;

কত কত নক্ষত্র একটা আকাশে
মিটিমিটি জোনাক হাসে
কত কত প্রেম মুখ গুমরে গুমরে অন্ধকারে ভাসে
কত কত মন দুপুরেই রাত হয়
আর সারাদিন অন্ধকার
তোর জীবনে প্রেম আসে ঘুরে ঘুরে
ঋতুতে ঋতুতে বারে বার
আমার জীবনে 'তুই' এসেছিলি
প্রেম হয়ে একবার;

আজ আমায় রাত্রি বলিস! কেন রে তুই বারবার?
ভালোবাসার তুই কি বুঝিস, হে রাত্রি অন্ধকার!