সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

নিয়ে যায় জীবন



নিয়ে যায় জীবন
- যাযাবর জীবন


ওখানে যেতে চাই নি আমি
নিয়ে গিয়েছে মন
এখানে আসতে চাই নি আমি
নিয়ে এসেছে জীবন;

ওখানে উঁচু উঁচু সবুজ পাহাড়
গাছে গাছে লাল শিমুলের বাহার
এখানে পাকা ধানের ক্ষেত, মাটির সোঁদা গন্ধ চারিধার;
ওখানে পাথর ভাঙে ঝর্ণা
এখানে নদী ভাঙে পাড়
ভাঙনের সম্পর্কে আমি কার, কে আমার?

আমি কোথাও যেতে চাই না, নিয়ে যায় মন
আমি কোথাও থামতে চাই না, থেমে যায় জীবন;
একদিন আমিও থেমে যাব মাটির দেশে
আর মাটিতে বিলীন হব মাটিতে মিশে
প্রাণ ভরে সেদিন মাটির সোঁদা গন্ধ নিস
আমায় ভালবেসে কিংবা না বেসে।





সবুজের নানা রঙ



সবুজের নানা রঙ
- যাযাবর জীবন


সবুজের কত কত রঙ
সবুজের সমারোহ
আধো আঁধার অপরূপা
রাত্রি বড্ড কালো;

আমি অন্ধকার দেখেছি
দেখেছি অন্ধকারে আলো
বহু বহুদূরের অধরা এক রমণী
তাকে বড্ড বাসি ভালো;

ঐ দূরে অন্ধকার
ঐ দূরে আলো
এই যে কাছের আমি
রাতের মত কালো;

বহু বহু দূরে তুই
অনেক অনেক আলো
যেদিন আমি থাকব না
সেদিন বাসিস ভালো।





দু কলম কবিতা



দু কলম কবিতা
- যাযাবর জীবন


বেশি কিছু চায় নি বালিকা
চেয়েছিল দু কলম কবিতা;

আমি তাকে দিতে চেয়েছিলাম আমাকে
সে বললো তার অনেক কিছু আছে,
বললাম, অন্তত একটি চুমু?
মুচকি হেসে বললো
কেন ভেজাতে চাও দূরে বসে বসে?

আচ্ছা! ইচ্ছে করলেই কি কবিতা হয়?
দূরে থেকে কতই বা আর ভালোবাসা হয়!
একবার বুকের খাঁচায় কান পেতে শোন
ভালোবাসা কারে কয়;

তুই দু লাইন কবিতা চেয়েছিলি
তোকে ছাড়া কি কবিতা হয়?



সবুজ দুপুর



সবুজ দুপুর
- যাযাবর জীবন


ওখানে নিস্তব্ধতা ছিল আর সবুজ দুপুর
এখানে বুকের ভেতর মন, শান্ত পুকুর
এখানে একদিকে ধূসর বালু, আমার মত
ওখানে চারিদিকে গভীরতা, ভালোবাসা যত;

ওখানে যেতে চাই নি আমি
নিয়ে গিয়েছিস তুই
ওখানে পাহাড় পাহাড়
আমি তোর কেও নই,
ঐ দূরে চেয়ে দেখ, কুয়াশা কুয়াশা
মন খারাপের মেঘ
আমার পায়ে পায়ে ঝর্ণা
আর তোর ভালোবাসার বেগ;

ওখানে ঐ পানির গভীরে দেখ!
কেমন শ্যাওলা শ্যাওলা, সবুজের সাথে মিশে
আমার মাঝে গভীরতা কই?
ধূসর হয়েছি তোকে ভালোবেসে।






একজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন



একজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন
- যাযাবর জীবন


অনেক দিন দেখা হয় নি
দেখতে ইচ্ছে করছে খুব;

তুমি তো ডাক না;

ডাকি তো;

মনে মনে ডাকলে আমি শুনতে পাই না তো;

তুই যে কান দিয়ে শুনিস, তাই মনের ডাক শুনতে পাস না;

তুমি শুনতে পাও?

আমি মুখের ডাক কানে শুনি
মনের ডাক মনে;

ইশশ, তাইলে ভালোবাসা বোঝ না কেন?

কে বললো বুঝি না? তুই যখনই আমায় মনে করিস আমি তখনই তোর মনে;

থাক, আর ভোলাতে হবে না, চলো আজ দেখা করি গোধূলি বিকেলে;

উঁহু, আজ পূর্ণিমা
চল চাঁদের আলোয় ডিনার করি, ছাদ বিহারে;

না গো, আজ কিছু খেতে ইচ্ছে করছে না,
শুধু দেখা করব, চোখের দেখা;

তাহলে মোমের আলোয় এক কাপ চা? চুমুর সাথে?
এটাতে অন্তত না করিস না;

ওপাশ থেকে উত্তর আসে না;

অনেকক্ষণ অপেক্ষার পর ঘুমের চন্দ্রপুকুরে সূর্যের আলো ঢিল ছুড়তেই চোখ খুলে উঠে বসলাম,
কোথায় তুই?
শূন্য ঘরে আমি একা
জানালায় বাতাসের ঝাপটার গুনগুন
আমার কানে বাজছে,
চা চুমু, চা চুমু, চা চুমু;

মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে।




এই আছি এই নেই



এই আছি এই নেই
- যাযাবর জীবন


সেদিন আমি অনেক কেঁদেছিলাম
তোমরা সবাই হেসেছিলে মন খুলে,
একদিন আমিও অনেক হাসব একা
তোমাদের আকুল কাঁদিয়ে;

জীবন মৃত্যু দুটোই খুব অদ্ভুত
তাই না?
এই আছি তো এই নেই
কেও জানি না।




ইচ্ছে করছে দেখতে তোকে



ইচ্ছে করছে দেখতে তোকে
- যাযাবর জীবন


আজ খুব দেখতে ইচ্ছে করছে তোকে
কত কত দিন হয়ে গেছে বল তো! দেখি নি তোকে;

একটু চেয়ে দেখ চারিদিকে,
গাছে গাছে কেমন আগুন লেগেছে
পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া লাল হয়ে আছে;
তোর মনে লাল লাগে না?
বড্ড কেমন হয়ে গিয়েছিস ইদানীং
হিজাবে নিজেকে ঢেকে রেখে,
আচ্ছা! আমার সামনে আসলে কি চেহারায় নেকাব টানবি?
দেখব কিভাবে তোকে?
চুমু খেতে দিবি? আগের মত করে;

দুপুর বেলাটা বড্ড খারাপ সময়
কোন কারণ ছাড়াই মন খারাপের বৃষ্টি নামে
মনের ডালে ভাবের চালে;

কোথায় জানি একটা কোকিল ডাকছে
হবে হয়তো আমারই মত কোন এক পাগল কোকিল;
জানিস! কোকিলটাকেও আমার বড্ড ঈর্ষা হচ্ছে
কুহু কুহু ডেকে ডেকে ঠিক খুঁজে নেবে তার সঙ্গিনীকে,
আর আমি?

কোকিলের মত কণ্ঠ কই রে আমার?
তোকে গান শোনাতে,
খাঁ খাঁ দুপুর রোদে
মনে মেঘ নিয়ে আমি ভাবতে থাকব তোকে
আর একা একা জপতে থাকব,

ইচ্ছে করেছে
বড্ড ইচ্ছে করছে
দেখতে তোকে।