শনিবার, ৩০ মার্চ, ২০১৯

ডুবে যাওয়া সূর্যে



ডুবে যাওয়া সূর্যে
- যাযাবর জীবন


ডুবে যাওয়া সূর্যে ডুবন্ত আমি
গোধূলির আকাশে কত কত উড়ন্ত পাখি!
বড্ড চঞ্চল ওরা
বাতাসে ডানা ঝাপটানো ইতিউতি
সন্ধ্যে ঘুমানোর আগে
ডুবন্ত চোখে চেয়ে চেয়ে দেখি;
আমি কখনো মন খারাপ করা নারী দেখি নি,
আচ্ছা, পাখিদের কি মন খারাপ হয়?
আমার মত;

পাখিগুলো বড্ড ওড়ে
তোর মত করে
আমি ডুবে যাচ্ছি ধীরে ধীরে
অন্ধকার থেকে অন্ধকারে
তারপর এক সময় রাত নামতেই তুই চাঁদনি
আর সূর্যাস্তে ঘুমন্ত আমি,
আমি কখনো মন খারাপ করা চাঁদ দেখি নি,
আচ্ছা! রাতের কি মন খারাপ হয়?
আমার মত;

আমার কখনো নারী চেনা হলো না
দেখা হলো না তোকে
দেখা হলো না রাত
চেনা হলো না চাঁদ,
ভালোবাসা চিনব কি করে?
কিংবা তোকে;

একদিন ডানা ঝাপটে ক্লান্ত হয়ে গেলে
একদিন উড়ে উড়ে ডানা ভেঙে গেলে
একদিন তোর আকাশে চাঁদ ডুবে গেলে
একদিন তোর চোখে আলো হারিয়ে গেলে
ডাক দিস আমায় অমাবস্যার ওপার থেকে
সেদিন না হয় ভালোবাসতে শেখাবো তোকে
অন্ধকারের আঁধার হয়ে;

সবাই তো ভালোবাসে
আলোতে আলোতে রূপ দেখে দেখে
আমি না হয় ভালোবাসব তোকে, অন্ধকারে অন্ধ চোখে।




কোথাও মেঘ নেই



কোথাও মেঘ নেই
- যাযাবর জীবন


আমার আকাশটা বড্ড শুকনো শুকনো
ঘোলাটে নীল নীল,
একটি দুটি মেঘ না থাকলে কি ভালো লাগে?
কিংবা একটি দুটি পাখি;

তোর আকাশে বড্ড মায়া
মেঘের মত ভেজা ভেজা,
তোর বুকের সবুজ পুকুরে অনেক শ্যাওলা
ভালোবাসায় যখন তখন ভেজাতে চাস আমাকে,
আরে বোকা মেয়ে!
সবুজ কি কখনো নীলকে ঢেকে দিতে পারে?
তবুও কেন এত ভালোবাসিস আমাকে?
কেন পাখি হয়ে উড়তে চাস আমার আকাশে!
ভালো করে চেয়ে দেখ
কোথাও মেঘ নেই আমার আকাশে।




ভালোবাসার হরেক রকম



ভালোবাসার হরেক রকম
- যাযাবর জীবন


এক একটা সময়ের ভালোবাসা এক এক রকম
একটা সময়ে ভালোবাসা শুধুই শরীর
ঠোঁট, হাত, লিঙ্গ আর
কেজি কেজি মাংস,
একটা সময়ে ভালোবাসা নদী
দুজন দুজনে বয়ে যাওয়া,
একটা সময়ে ভালোবাসা পাহাড়
ঠেলেও যায় না সরানো,
একটা সময়ে ভালোবাসা সাগর
লবণ আর চোখের জল,
একটা সময়ে ভালোবাসা আকাশ
বিশাল এক নীল কষ্ট,
কোন একটা সময়ে এসে বোঝা যায়
ভালোবাসা মন
শুধুই অনুভব;

কত আর ভালবাসবো তোকে?
নদী হয়ে
পাহাড় হয়ে
সাগর হয়ে
আকাশ হয়ে;

তুই আমায় চাঁদ দিতে চাস
জ্যোৎস্না তোর কাছে রেখে
মেঘ দিতে চাস
বৃষ্টি তোর কাছে নিয়ে
সূর্য দিতে চাস
আলো হরণ করে
আকাশ দিতে চাস
নীলটুকু শুষে নিয়ে,
একবার তো তোকে দিয়ে দেখ!
শুধু মন দিয়ে
অনুভবে অনুভবে;

তুই আমায় ভালোবাসিস
পাখি হয়ে উড়ে উড়ে,
আমি আকাশ নই;
তুই আমায় ভালোবাসিস
হরিণী হয়ে ছুটে ছুটে,
আমার মাঝে বন কই?
তুই আমায় ভালোবাসিস
মাছ হয়ে ভেসে ভেসে
আমি তো নদী নই;
তুই আমায় পেতে চাস
সাপ হয়ে দংশনে,
আমি তো কবেই মরেছি তোতে;
একবার তো ভালোবাসে দেখ!
অনুভবে
নারী হয়ে;

একবার আমাতে তুই বিলীন হ
ভালোবাসার অনুভবে
ভালোবেসে মন দিয়ে,
শুধুই আমাতে।





শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

ইচ্ছেগুলো ইচ্ছেমত



ইচ্ছেগুলো ইচ্ছেমত
- যাযাবর জীবন


তোর ইচ্ছেগুলো প্রখর সূর্য
আমি পুড়ে যাই বারে বারে,
সূর্যকে কি আর প্রতিহত করা যায়?
আলো বিলাতে;
তুই বড্ড আলো
চোখ ধাঁধানো;

আমার ইচ্ছের ডানা নেই পাখির মত
উড়ে এসে বসতে পারে না তোর বুকে,
তবুও তুই একতরফা আলো দিয়ে যাস
অন্ধকার ভালোবেসে,
আমার ইচ্ছেগুলো যদি চাঁদ হতো
ভালোবাসা হয়তো কিছু আলো পেতো;

আমার চাঁদনি হবি তুই?
ভালো না বেসে;
যাহ্‌! তা কি করে হয়?
চাঁদনির কি দেখা মেলে?
অমাবস্যা রাতে;

আচ্ছা! অন্ধকারে কি কবিতা লিখা যায়?
রাতের কলমে সূর্য কালি কোথায়?
তবুও তোর কথা ভাবতে গেলেই মন কবিতা হয়ে যায়
আর তোকে কবিতায় আঁকতে গেলেই
চোখ থেকে ঘুম হারায়,
আমি সারারাত অন্ধকারে চেয়ে থাকি
অন্ধকার চোখে।










কোথায় কোথায় তুই?



কোথায় কোথায় তুই?
- যাযাবর জীবন


সূর্য বলে তার কাছে তুই নেই
দিনের আলোতেও তুই নেই,
নেই রাতের অন্ধকারে,
চাঁদ বলে তুই তার কাছে নেই
জ্যোৎস্না বলে নেই তার আলোতে
নক্ষত্র বলে মিটিমিটি জোনাকে তুই নেই
আকাশ ও সাগর বলে নেই তুই তাদের নীলে
চোখ বলে নেই তুই স্বপ্নে
অথচ মন বলছে তুই আছিস
কোথাও না কোথাও তো তুই আছিসই;

তোকে খুঁজতে শুরু করলাম মনের ঘরে,
মন খুঁড়তে খুঁড়তে যতই গভীরে ঢুকছি
ততই পাচ্ছি তোকে
আমার পুরো অস্তিত্বের মাঝে
হৃদয়ের খাঁজে খাঁজে
তোতে তুইময় হয়ে .........






চোখ কেন স্বপ্ন দেখে?



চোখ কেন স্বপ্ন দেখে?
- যাযাবর জীবন


সারাদিন কাজের শেষে সন্ধ্যা নামতেই
ক্লান্তিতে আমার শরীর ঘুম ঘুম
আমি স্বপ্ন দেখছি আধখোলা চোখে
- তোর সাথে প্রেম করছি

বাতাসে বাঁশের ঝাড় দুলে উঠতেই শোঁ শোঁ শব্দ
আকাশে এত্তবড় একটা চাঁদ
আর বাঁশ ঝাড় চুইয়ে জ্যোৎস্না নামছে
তোর মাথা আমার কাঁধে
আমার হাত তোর কোলে
তুই চুমু খেতেই স্বপ্ন ভেঙে গেলো

আমি গা ঝাড়া দিয়ে উঠে আবার ছুটলাম কাজে

আমার পুরাটাই শরীর
মনের স্থান কোথায় শরীরে?

তবুও চোখ যে কেন স্বপ্ন দেখে?


বুধবার, ২০ মার্চ, ২০১৯

ভাবতে চাই না তোকে




ভাবতে চাই না তোকে
- যাযাবর জীবন


তোর কথা আমি ভাবতে চাই না
দুপুর রোদে তোর কথা ভাবলেই মন মেঘলা
মেঘলা বিকেলে তোর কথা মনে এলেই মন বৃষ্টি
বৃষ্টির টাপুর টুপুরে তুই মনে এলেই চারিদিকে ঝড় ওঠে
রাতের বেলায় তোকে মনে করলেই আকাশ চাঁদনি
তোকে খুঁজে না পেলেই চোখ অমাবস্যা
ঘুমঘোর আবেশে তুই মনে এলেই চোখ স্বপ্ন
স্বপ্নে তোকে না পেলেই আমি রাত হই নির্ঘুম চোখে
এমন কেন হয় বলতে পারিস?
একে কি ভালোবাসা বলে?
উঁহু!
তুই তো সেই কবেই বলে দিয়েছিস
- "আমি প্রেম বুঝি না"
- "আমি ভালোবাসতে জানি না";
তারপর অভিমানে চাঁদ হয়ে গিয়েছিস
আমায় অমাবস্যা করে;

জানিস!
এখন আর আমি তোকে ভাবতে চাই না
তবুও কেন যে মনে আসিস? প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে
যখন তখন মনের ঘরে, সংগোপনে;
আমায় মেঘ করে
বৃষ্টি ঝরে
ঝড় তুলে
স্বপ্ন দিয়ে
আর চোখ কান্না হয়ে;

তোকে ভাববো না ভাববো না জপতে জপতে
আমার দিন কাটে তোকে ভেবে ভেবে
আর রাত কাটে নির্ঘুম চোখে;

একে কি ভালোবাসা বলে?