সোমবার, ১ জানুয়ারি, ২০১৮

উপলব্ধি বাস্তবতার



উপলব্ধি বাস্তবতার
- যাযাবর জীবন


যখন আমার সকল ভাবনা-স্বত্বা তোকে স্পর্শ করে
ঠিক তখনই তুই স্পর্শের অনেক দূরে
কারণে আর অকারণে;
যখন আমার সমস্ত ভেতর বোধ ঘিরে ধরতে চায় তোরে
ঠিক তখনই তুই বোধের অন্তরালে
কারণে আর অকারণে;

মন পাড়ি দেয়া কি এতই সহজ?
মাঝে দূরত্বের বিশাল সাগর,
দূরত্ব চিন্তা চেতনার
দূরত্ব মন মানসিকতার
দূরত্ব বয়সের
দূরত্ব সময়ের
দূরত্ব জীবনের
দূরত্বে দুজন
কারণ আর অকারণ;

হয়তো দূরত্ব নেই আমাদের ভালোবাসার
তবে বিশাল দূরত্ব পারিপার্শ্বিকতার
যেখানে অকারণই হয়ে যায় মুখ্য কারণ;

উপলব্ধি বাস্তবতার।







জীবন জীবনের ভাঁজে



জীবন জীবনের ভাঁজে
- যাযাবর জীবন


সবাই মানবিক হতে পারে না
তোমাদের মত,
শিক্ষা দীক্ষায়, আচার আচরণে;
সবাই মানসিক হতে পারে না
আমার মত,
বোঝালেও না বুঝে;

জীবনের এক এক মোড়, জীবন বোঝে;
টাকা, পয়সা, স্বার্থ, সম্পর্ক
সবই জীবনের প্রয়োজনে।

মানুষ চাকচিক্য খোঁজে
আমি জীবন যুঝি, জীবনের ভাঁজে।


নতুন বছরের শুভেচ্ছা



নতুন বছরের শুভেচ্ছা
- যাযাবর জীবন


নতুন বছর
নতুন ভাবনা
পুরাতন যা কিছু ভেতরের ময়লা
ছাই হোক পুড়ে পুড়ে মনের কয়লা
যা কিছু দুঃখ আর যে সকল বেদনা
অনেক কিছুই ছিল না পাওয়ার যাতনা
কষ্ট যা কিছু উড়ে যাক আকাশে
নতুন গন্ধ নেব নতুন বাতাসে
অপূর্ণ স্বপ্নের পুরনো ভালোবাসা
নতুন জীবনে নতুন বাঁচার আশা
অতীত থেকে ভুল যাচার শিক্ষা
আগামীর জন্য হোক সংশোধনের দীক্ষা
নতুন বছরে নতুন করে
নতুন নতুন সব ভাবনা।




চেনা অচেনা


চেনা অচেনা
- যাযাবর জীবন


নিজেকেই চিনতে পারলাম না আজ পর্যন্ত
মানুষ চিনব কি করে?

যাকে ভালোভাবে চিনতেই পারলাম না
তার ভেতর জানব কিভাবে?
অযথাই অনাবশ্যক মন্তব্য এর ওর সম্পর্কে;

আদতে লাগাম নেই আমাদের
জিহ্বার ও রিপুর.........

আগে না হয় একটু চিনি, নিজেকে।




আনাড়ি যখন তখন



আনাড়ি যখন তখন
- যাযাবর জীবন


ইচ্ছে হলেই ইচ্ছে মতন
যখন ইচ্ছে যখন তখন

একমাত্র তোকে দিয়েই সম্ভব
হে নারী

প্রেমে আমি বড্ড আনাড়ি।

খোলস



খোলস
- যাযাবর জীবন


বড্ড তাড়াহুড়া আমাদের সিদ্ধান্তে পৌঁছতে
আবার সিদ্ধান্ত বদল মুহূর্তে
সামনে যা থাকে হুটোপুটি লুটি
পেছন যাচে কে?

বাহ্যিক চাকচক্যে অভিভূত সবাই
ভেতর যাচে কে?
রংবেরঙ এর খোলস আছে যার
সেই তো সেই সে।


যন্ত্রানুভুতি



যন্ত্রানুভুতি
- যাযাবর জীবন


যে ভোর দেখেনি সে সূর্যোদয় বোঝে না
যে জ্বলন্ত রৌদ্দুর বোঝে না রাগ তার কাছে বাতুলতা
যে ঢলে পড়া বিকেল চেনে না তার মন খারাপ হয় না
যে সূর্যাস্ত দেখেনি সে অভিমান বোঝে না
যে মেঘ দেখে নি সে কান্না বোঝে না
চাঁদ দেখে যে নির্লিপ্ত থাকে সে পাথর
যে জ্যোৎস্না দেখে না সে ভালোবাসা বোঝে না
ভালোবাসা থেকে যে দূরে থাকে সে পাষাণ;

আমি ভোর, সকাল, দুপুর কিংবা বিকেল চিনি না
আমি সন্ধ্যে, রাত, অমাবস্যা ও পূর্ণিমা চিনি না
আমার কাছে সময় মানে দিন, দিন মানে কাজ
আমার কাছে সময় মানে রাত, রাত মানে ঘুম,
রাগ,দুঃখ, হাসি, কান্না
মান, অভিমান, প্রেম, ভালোবাসা
মনুষ্যের অর্বাচীন অনুভব;

আমি শুধুই জীবন লাঙলে সময় চষে
টাকা উৎপাদন করে চলেছি,
ক্ষুধা মানবানুভুতি;

যন্ত্রের আবার অনুভূতি কি?