সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯

স্বপ্ন ভেঙে অন্ধকার



স্বপ্ন ভেঙে অন্ধকার
- যাযাবর জীবন


চোখ ছুঁয়ে ছুঁয়ে কান্না
গাল ছুঁয়ে ছুঁয়ে আদর
মন ছুঁয়ে দিয়ে ভালোবাসা
ঘুমহীন স্বপ্ন বাসর,
অনেক তারায় রাত জোনাকি
অনেক জ্যোৎস্নায় সেজেছে চাঁদ
অনেক প্রেমেও বাসর সাজে নি
ভালোবাসায় কোথাও তো ছিল ফাঁক,

চোখ ভেঙে ভেঙে নির্ঘুম রাত
স্বপ্ন ভেঙে অন্ধকার
যতবারই আমার মন ভেঙেছিস
ততবারই তুই আমার।





আনাড়ি



আনাড়ি
- যাযাবর জীবন


তোর সামনে একজন
তুই ছুঁয়ে থাকিস তাকে,
ভালোবাসিস অন্য কাওকে
কান্না অন্য আরেকজনের জন্য,
আমি তোকে বুঝি না নারী;
মন পড়ায় আমি বড্ড আনাড়ি।

আমার সামনে তুই
ছুঁয়ে থাকি তোকে
মন পোড়ে তোর জন্য,
একে কি ভালোবাসা বলে?
মন বুঝতে আমি তোকেই বুঝি রে নারী!
ভালোবাসায় আমি বড্ড আনাড়ি।



একাকীত্ব



একাকীত্ব
- যাযাবর জীবন


একাকীত্বের সমস্যা কি জানিস?

একাকীত্ব তোকে বিবেকের সাথে পরিচয় করিয়ে দেবে
বিবেক তোকে অতীত মনে করিয়ে দেবে
সাদা সুখের অতীত নয় কিন্তু!
ভয়ঙ্কর দুঃসহ কালো অতীতগুলো,
তারপর বিবেক তোর ভেতরের প্রত্যেকটা অন্ধকারের গল্প বলে তোকে কামড়াবে, খামচাবে
আর অসহায় তুই রক্তাক্ত হতে থাকবি নিজেতে নিজে;

আমার বড্ড ভয় হয় একা হতে
দিনে কিংবা রাতে
অমাবস্যা কিংবা পূর্ণিমাতে,
অথচ দেখ!
আমাকেই সামলাতে হয় একাকীত্ব
বড্ড একা হয়ে একলা হাতে;

আর চুপচাপ একাকীত্বের প্রতি মুহূর্তে রক্তাক্ত আমি,
নিজেতে নিজে।





হাস্নাহেনার গন্ধ





হাস্নাহেনার গন্ধ
- যাযাবর জীবন


একদিন সাদা শাড়ি পরেছিলি
স্বচ্ছ সাদা
আমরা আকাশ ভ্রমণে গিয়েছিলাম
স্বপ্ন ভেলায়;

মেঘের গাড়িটা আমাদের নিয়ে গিয়েছিল ঐ দূরে
মেঘের ওপারে,
সারাদিন সূর্য ভ্রমণ শেষে সন্ধ্যা ঘনিয়ে আসতেই
এত্ত বড় একটা চাঁদ আলো করে ছিল আমাদের
আর ঝুম জ্যোৎস্না বৃষ্টি ভিজিয়ে দিল তোকে
ভেজা শাড়িতে তুই বড্ড লজ্জা পেয়েছিলি সেদিন,
তোর লজ্জায় মেঘ গাড়ি আমাদের নামিয়ে আনলো মেঘের দেশে;

ও কি!
এখানে তো বৃষ্টি বিলাস
ভিজে চুপচুপ তুই
ভিজে চুপচুপ আমি
আর লজ্জায় আনত তোর চোখ,
আমি চোখ চুমে তোকে জড়িয়ে ধরতেই তুই এলিয়ে গেলি আমার বুকে
কোথা থেকে যেন হাস্নাহেনার ঘ্রাণ ভেসে আসছে শাড়ির প্যাঁচ খোলার সাথে সাথে
তারপর ডুব সাঁতার প্রেম বিলাসে;

হঠাৎ করে ঘুম ভেঙে যেতেই স্বপ্ন মিলিয়ে গেলো অন্ধকারে
কোথায় সাদা শাড়ি? চোখজুড়ে কালো রাত,
শুধু হাস্নাহেনার গন্ধ জড়িয়ে আছে সারা মন জুড়ে;

পাশের বাড়ির টবে ঝাঁপিয়ে হাস্নাহেনা ফুটেছে।





কেও কথা রাখে না



কেও কথা রাখে না
- যাযাবর জীবন


সূর্য সবসময়ই দিনের
আমি রাত
তোর আর আমার মাঝে ভীষণ ফারাক

তবুও কাছে এসেছিলি
ভালো কি বেসেছিলি?
আকাশের সাথে সাগরের মিতালি শুধুই নীলে
সাগর কবে আকাশ ছুঁতে পেরেছিল রে?
তোর ঠোঁট ছুঁয়ে ছুঁয়েও আমি কি ছুঁতে পেরেছি তোকে?
বিচ্ছেদ কি বলে?

সেদিন আমি কি বলেছিলাম মনে আছে?
যেদিন শুয়েছিলি বুকের ওপর আলুথালু চুল মেলে;
বলেছিলাম,
একদিন খুব তাড়াতাড়ি
তুই হারিয়ে যাবি সূর্যের ওপারে;
যদি কখনো আমার কথা মনে হয়,
যদি সময় পাস,
একটি দুটি চিঠি লিখিস
জ্যোৎস্নার অবসরে;

ভ্রুকুটি হেনে বলেছিলি, হারাবি না;

সেও তো অনেক বছর পার হয়ে গেছে
তুই এখন কোথায় রে?

কেও কথা রাখে না
সে আমার খুব ভালো করেই জানা,
সেদিনের তোর ভ্রুকুটি ছিল আবেগের কথা
আবেগ দিয়ে জীবন চলে না;

তুই চাঁদনি
আমি অন্ধকার রাত
তোর আর আমার মাঝে বিস্তর ফারাক

এখনো কোন কোন চাঁদনি রাতে
মাঝে মাঝে মন শ্যাওলা হলে
খুব জানতে ইচ্ছে করে
কোথায় আছিস
কেমন আছিস রে!





কাঁচের হৃদয়



কাঁচের হৃদয়
- যাযাবর জীবন


কাঁচ দিয়ে তৈরি নয় হৃদয়
তবুও ভাঙে যখন তখন,
ভাঙনের শব্দ নেই কোন
শুধুই ক্ষরণ;

ব্যথা দেয় খুব আপনজনেরা
জেনে ও না জেনে
বুঝে কিংবা না বুঝে
কখনো ইচ্ছাকৃত কখনো ভুল করে,
আমার ঠোঁট হাসতে থাকে, ব্যথা গিলে;

কোথায় যেন কে কাঁদছে,
ডুকরে,
বুকের খুব গভীরে;
শুনতে পাচ্ছ?

যে ভালোবাসে সেই অনুভূতির সাথে খেলে;

আপনজনেরা?
প্রতিনিয়ত অনুভূতির সাথে খেলা তো ওদের অধিকার!
আমার ঠোঁট হাসে, হো হো করে;

হৃদয়?
আরে, ও তো মাংসের দলা
ভেঙে গেলে তবেই না কান্না!

কি?
ভাঙনের শব্দ পাও নি?
বুকে কান পাততে পারে কজনা?









বার্তা চিঠি





বার্তা চিঠি
- যাযাবর জীবন


একদিন অনেকগুলো গল্প হয়েছিল
একরাতে অনেক কবিতা
চায়ের কাপে অনেক চুমু
ঠোঁট ঠোঁটে অনেক ভালোবাসা,
তারপর অনেকগুলো দিন কাটলো
অনেকগুলো রাত
কথা ছিল অনেক জ্যোৎস্নায়
হাতে রাখবি হাত;

সে কত দিন আগেকার কথা!
মনে আছে?
আচ্ছা! সময়ের ডানা আছে রে?
কত কত জ্যোৎস্না পার হয়ে গেছে!
চোখের নিমিষে,
এখন আর হিসেব কষি না;

একসময় মাঝে মধ্যে চিঠি লিখতি
নীল রঙের খামে
ইনিয়ে বিনিয়ে তোর নতুন জীবনের কথা নতুন গানে,
তারপর যুগের বদলে চিঠি ছোট হতে হতে
মোবাইলে এস এম এস
তারপর?
কত দিন হয়ে গেলো!
মোবাইলটাও নিস্তব্ধ হয়ে গেছে;

আমি কয়েকবার চেষ্টা করেছিলাম
তোকে ফোন করতে
অসহায় রাতগুলোতে,
ওপাশ থেকে উত্তর এসেছিল
- এ নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না,

কেমন আছিস রে?
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে;

শরীর কেমন রে তোর?
মন?
চিঠি পাইনা অনেকদিন
মন উচাটন;

জ্যোৎস্নার ডানায় উড়ছে চাঁদ
নিদ্রা কোথায়?
পুরছে রাত;

মন কেমন রে তোর?
শরীর?
চিঠি পাইনা অনেকদিন
মন স্থবির;

আমি কিন্তু বাসার ঠিকানা বদলাই নি রে,
যদি কখনো ডাকপিয়ন নীল খামের চিঠি হাতে ফিরে যায়!
মোবাইল নাম্বারটাও আগেরটাই রেখে দিয়েছি
এস এম এস এর একটি ছোট্ট বার্তার অপেক্ষায়।