সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

পরিধি ছুঁয়ে ছুঁয়ে



পরিধি ছুঁয়ে ছুঁয়ে
- যাযাবর জীবন


- কি করছিস ভোর সকালে?
– সূর্যের অপেক্ষা, তুমি কি করছ?
- আলোর অপেক্ষা;
- সে তো একই হলো,

- না রে, এক হয় কিভাবে?
সূর্য তো একটা বিন্দুমাত্র, বৃত্ত আলোকিত করে,
তুই কেন্দ্রে চেয়ে থাকিস, আমি পরিধি খুঁজি
তুই চাঁদ দেখিস, আমি চাঁদনি
তুই ভালোবাসা দেখতে চাস, আমি অনুভব করি;

তুই আমাকে পেতে চাস, হাতে ছুঁয়ে ছুঁয়ে
একবার আমার হৃদয়ে ঢুকেই দেখ না!
ডুবে যাবি তোতে তুইময় হয়ে।




আয়না ভালোবাসা



আয়না ভালোবাসা
- যাযাবর জীবন



আয়নার এপাশে আমি
ওপাশে তুই
বড্ড ইচ্ছে করে
একটু তোকে ছুঁই

আয়নার এপাশে অন্ধকার
ওপাশে জ্যোৎস্না
হাত বাড়িয়েও
তোকে ছোঁয়া হলো না

আয়নায় কার প্রতিবিম্ব?
অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া
নীল নীল ভালোবাসায়
হলো না তোকে ছোঁয়া

রাত গভীর হয়
আয়না কথা কয়
এখানে অন্ধকার
শুধুই হতাশার

আমি আয়নায় দেখি তোকে
আয়নায় ভালোবাসি
আয়নায় তোকে এঁকে এঁকে
আয়নার কবিতা লিখি

একদিন দেখিস
ঠিক ঢুকে যাব আয়নায়
তোকে জড়িয়ে নেব
আয়না ভালোবাসায়



আন্তরিকতায় তুই



আন্তরিকতায় তুই
- যাযাবর জীবন


একটা তুই নামের আন্তরিকতা
একটা তুমি তে কোথায়?
একটা তুই এর সাথে ভালোবাসা
একটা তুমি তে কোথায়?
তুই আমার তুই'ই
ভালোবাসা আর ভালোবাসায়.....

আয় বিলীন হ সাগরে কিংবা আমাতে
আমার মত ভালোবেসে,
দেখি কে কতটা ডুবতে ভাসতে পারে নীলে
ভালোবাসায় ভালোবেসে.....




অসীম সীমিত



অসীম সীমিত
- যাযাবর জীবন


দিন থেকে একটু সরে রাত
সূর্য ঢেকে রাখে চাঁদ
আলোর খুব কাছে অন্ধকার
মাঝে সন্ধ্যার হাহাকার
ভালোবাসার উল্টো পাশেই ঘৃণার বাস
ঈর্ষায় প্রেমের সর্বনাশ
জীবন আর মৃত্যুর ফারাক কত?
কেন অহংকার আর দাম্ভিকতা এত এত?

ক্ষুধার সীমা নেই, পেটের ও চোখের
অথচ পেটে আঁটে কতটুকু?
সীমা নেই লোভের, স্বার্থের
সম্পর্ক? সে আবার কি!
সীমা নেই ভালোবাসা কিংবা ঘৃণার
অথচ একটু জড়িয়ে ধরা, একটি চুমু
ভালোবাসার এক পৃথিবী;

চাহিদা অসীম
অথচ সীমিত জীবন রেখা
চোখ খুলে রাখা আর ঘুমিয়ে যাওয়া, চিরনিদ্রায়;
তাহলে কেন বিভাজন?
কেনই অহংকার আর দাম্ভিকতা?
সুন্দর জীবন? একটু সহনশীলতা।




সবুজ পাথর




সবুজ পাথর
- যাযাবর জীবন


পাথরেও সবুজ ধরে
হোক না শ্যাওলা
তবুও তো সবুজ
জড়িয়ে পাথরে অবুঝ অবুঝ,
তুই ভালোবাসায় নীল
বুকের ভেতর
আমি ভেতরে বাইরে
শুধুই ধুসর;

নীল জড়ায় না ধুসরে কখনো
তবুও কেন জড়িয়ে রেখেছিস আমায়,
এত ভালোবেসে এত ভালোবাসায়?





একটি দুটি তুই আমি



একটি দুটি তুই আমি
- যাযাবর জীবন


একটি দুটি তুই আমি
একটি দুটি আকাশ পাখি
একটুখানি মনের খাঁচায়
ভালোবাসার অচিন পাখি

একটি দুটি কথায় কথায়
অনেকখানি অভিমান
অভিমানে বিচ্ছেদ
ভালোবাসার অপমান

একটি দুটি তুই আমি
অনেক ভালো বেসেছিলাম
বিচ্ছেদে দুজন দুদিক
সেদিন উড়ে গিয়েছিলাম

একটি দুটি পাখির ডানায়
কত পথ উড়ে চলা
পেছন পেছন ভালোবাসা
ডানায় করে উড়ে চলা

একটি দুটি তুই আমি
যতই করি অভিমান
ভালোবাসা বুকের ভেতর
দুজনারই একই সমান

একটি দুটি তুই আমি
চল এবার এক হই
অভিমান উড়িয়ে দিয়ে
ভালোবাসার কথা কই......



একদিন উড়াল ডানায়



একদিন উড়াল ডানায়
- যাযাবর জীবন


একদিন উড়ালডানা আমার
একদিন ভালোবাসা তোর
একদিন মিলেছিলাম দুজন
ভালোবাসা কান্না হলো তোর.....

তারপর পথ বেঁকেছিল
আর মন কবিতার প্রহর.....

আরেকবার চল উড়ি একসাথে
তুই আমার হয়ে, আমি তোর......