সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯

উপহার



উপহার
- যাযাবর জীবন


কতজন কত দামী দামী উপহারই না দিয়েছে আমায়
বিভিন্ন পালা পর্বণে
আমার ঘরের আলমিরায় সাজানো আছে থরে থরে
কখনো সখনো একটি দুটির দিকে চোখ যায়
কখনো একটি দুটির দিকে মন;

ওখানে তোর দেয়া কোন উপহার সাজানো নেই,
কাঁচের আলমিরাতে;
কেন জানিস?
তোর দেয়া সব উপহারগুলো সাজানো আছে মনের ঘরে
থরে থরে;

আর তোর দেয়া সবচেয়ে দামী উপহারটা রেখে দিয়েছি
বুকের মধ্যেখানে, একান্ত নিজের করে;
জানিস সেটা কি?
তুই নিজে;

তুই নিজেই বুঝিসনি কখন নিজের অজান্তে
তোকেই দিয়ে দিয়েছিস আমায়!

আমি চুপে চুপে বের করে দেখি তোকে
মনঘর খুলে খুলে,
মন খারাপের প্রহরে প্রহরে;
তারপর আবার ঢেকে রেখে দেই তোকে
মনঘরে
খুব যতনে।




সৌন্দর্য কোথায়?



সৌন্দর্য কোথায়?
- যাযাবর জীবন


সৌন্দর্য কি রূপে?
আরে নাহ!
যে দেখে তার চোখে;

আমার চোখে অপরূপ অমাবস্যা
তোর চোখে জ্যোৎস্না
চাঁদ হাসে বিভিন্ন রূপে
অমাবস্যা আর চাঁদনির রাতে;

আমি অমাবস্যায় মজেছি তোতে
তুই ভরা চাঁদে আমাতে
ছোঁয়াছুঁয়ি হয়নি আমাদের
ভালোবাসার রাতে;

আয় ভালোবাসাবাসি করি একবার
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
চাঁদহীন চাঁদনি রাতে।




তোতে, তোতে



তোতে, তোতে
- যাযাবর জীবন


যখন স্পর্শে তুই, ছুঁয়ে ছুঁয়ে থাকা
ছুঁয়ে ভালোবাসা
যখন অনেক দূরে, মনে মন রাখা
মনে ভালোবাসা

আমার ভোর শুরু হয় তোতে
আকাশে সূর্য ওঠে সকালে, আমি রোদ তাপাই তোতে
দুপুর গড়িয়ে বিকেল নামে, আমি ভাত ঘুমে তোর সনে
সন্ধ্যা গড়ালেই আকাশে চাঁদ, তুই চাঁদনি আমার
তারপর ভালোবাসাবাসির সারা রাত
স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে
দূর থেকে মনে মনে
তারপর সারারাত স্বপ্নঘুমে তুই বুকে,

আর ভালোবাসাবাসির অষ্টপ্রহর তোতে, তোতে।









রাতটুকুই আমার



রাতটুকুই আমার
- যাযাবর জীবন


কিছু থাকে না রাতে, ছুঁয়ে থাকে অন্ধকার
থাকে না কিছু হাতে, মুঠো মুঠো আঁধার
কিছু থাকে না চোখে, নির্ঘুম স্বপ্নহীন রাত
থাকে না কিছু মনে, শরীরে মন কোথায়?

মন তো সেই কবেই দিয়ে দিয়েছি তোকে
অনিদ্রা কেড়ে নিয়েছে চোখ
হাতে শূন্যতার হাহাকার,

রাতটুকুই কেবল আমার।




কান্নার রঙ



কান্নার রঙ
- যাযাবর জীবন


কত কত রঙ তোর
কত রঙের মন
মন আর নারীতে
কত কত বিভাজন,
চিনতে পারি নি নারী
চিনি নি তোর মন
রংধনুর রঙে দেখি
তোর নানা রঙ;

সাদা দেখি কালো দেখি
জ্যোৎস্না মন
মনের রঙ কি হে নারী
রংধনুর রঙ,
কত কত মন রঙে
কত রঙের ঢং
ভালোবাসার রঙ নাকি
অশ্রুর রঙ;

জলের রঙ কি রে নারী?
অশ্রুর রঙ?
ভালোবাসা কান্না
ভালোবাসা ক্ষরণ,
নারীর মন কেমন?
ষড়ঋতু যেমন
প্রেম মানেই ছলনা
কান্নার রঙ।







জল ধোয়া জল


জল ধোয়া জল
- যাযাবর জীবন


যতবার উড়াল ডানা
ততবার মন অজানা
আকাশে সাদাকালো মেঘ
তুই কোথায়?

যতবার ভেসেছি জলে
ততবার ভিজেছি তোতে
জল ধুয়ে নেয় ভেজা চোখ
তুই কোথায়?

যতবার ভালোবাসা মন
ততবার রাতজাগা শিহরণ
চোখ জড়িয়েছে নির্ঘুম রাত
তুই কোথায়?

যতবার ভেবেছি তোকে
হারিয়েছি নিজেতে নিজে
কোথায় রে তুই? তুই কোথায়?
একবার তো আয়! ভালোবাসায়।



মনের ভেতর নদী



মনের ভেতর নদী
- যাযাবর জীবন


মনের ভেতর নদী
মনের ঠাঁই অতল
আমি বয়ে যাই, ডুবে যাই
মনে ভালোবাসার চলাচল

চোখের ভেতর জল
চোখ বায় জল
আমি ভেসে যাই, ডুবে যাই
আর নোনা জল চলাচল

মনের ভেতর তুই, জলের ভেতর জল
চল চোখ, সাগর চল
আমি বয়ে যাই আর ডুবে যাই তোতে
বল, একটিবার ভালোবাসি বল।