বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ঐ বয়রা - হিবিজিবি কথা

 ইফতারের সময় হয়ে আসছে, রিক্সা খুঁজে পাচ্ছি না। 

একের পর এক রিক্সা সামনে দিয়ে চলে যাচ্ছে, একের পর এক রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছি - ভাই বনানী যাবা? কেউ কেউ মুখে না করছে, কেউ মাথা নাড়ছে কেউ আমার কথার পাত্তাই না দিয়ে আকাশের দিকে তাকিয়ে চলে যাচ্ছে। যেন ওদের কোথাও যাওয়ার কোন তাড়া নেই, যেন আজকের ইনকামের কোটা পূর্ণ হয়ে গেছে, যেন একজন দুজন বৃদ্ধ রাস্তায় আমাকে পৌঁছে দেও বলে চিৎকার করতে থাকুক; তাদের কিছু আসে যায় না। 


বৃদ্ধদেরও মেজাজ খারাপ হয়, গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার মেজাজ তখন তুঙ্গে। সামনে এক রিক্সা দেখলাম হেলতে দুলতে প্যাডেল মারছে। ডাকলাম এই বাবা বনানী যাবা? শুনলো না। আবার ডাকলাম এই রিক্সা বনানী যাবা? পাত্তাই দিলো না। এবার জোরে ডাকলাম এই রিক্সাওয়ালা - উঁহু, শালা পাত্তাই দিচ্ছে না; নাকি শুনছে না। আবার কয়েকবার এই রিক্সা এই রিক্সা করে ডেকে শেষমেশ রাগের চোটে কর্কশ স্বরে ডেকে উঠলাম এই ব্যাটা বয়রা। আশেপাশের অনেকগুলো রিক্সায় বসে থাকা লোকজন হো হো করে হেসে উঠলো। রিক্সাওয়ালা রক্তচক্ষুতে আমার দিকে তাকিয়ে বলে - বয়রা ডাকেন কেন চাচামিয়া? আমি বললাম - এতক্ষণ তরে বাবা, সোনা কতকিছু কইলাম; তুই পাত্তাই দিলি না। বয়রা কইয়া ডাইক্কা দেখলাম তুই আসলেও কানে খাটা কিনা? ফিক করে হেসে দিয়ে বললো উঠেন। 

আমি দিরং না কইরা রিক্সায় উইট্টা বইলাম। আশেপাশের রিক্সা থেকে তখনো লোকজন টিটকারি মারতাছে - ঐ বয়রা! ঐ বয়রা! ঐ বয়রা। 


১৯ এপ্রিল, ২০২২


#হিবিজিবি_মন 


ঐ বয়রা 

 - আহসানুল হক 


চিরতা

মানুষের পৃথিবীতে অমানুষের বসবাস কম না 

মানুষের আদলে ঘোরাফেরা, আসলে মানুষ না 

একদল মানুষ আছে ঘামে ভেজে রোদে পোড়ে 

অন্যদল এদের মাথার ওপর, হাতে ছড়ি ঘোরে;


তেলা মাথাতেই লোকে দেখি ঘি ঢালে টনে টনে

তেল ঢালতে ঢালতেই তাকে গালি দেয় মনে মনে

বিপরীত মানসিকতা আজকাল হরেদরে পদে পদে 

বৈপরীত্যের বিচিত্র চরিত্র দেখি আপদে বিপদে; 

   

চরিত্র বলতে আজকাল আছে নাকি কোন কিছু?

এ তার বৌ এর, সে তার জামাই এর পিছু পিছু

যুগ যুগের সংসারে হঠাৎ একদিন দেখি ভাঙন 

পরকীয়া নামের এক ভাইরাস নাকি তার কারণ;

 

প্রেম আজকাল হয়ে গেছে স্কুলের বাচ্চাদের খেলা  

পরস্পর শরীর উন্মোচন, প্রেমের নামে ছোটবেলা 

কলেজে উঠতেই অভিজ্ঞতার ঝুলিতে এবরেশন

জানা স্বত্বেও ভুল করে ফেলে নিতে প্রোটেকশন;

 

চরিত্র নিয়ে আজকাল বোকারাই কথা বলে 

শরীর খেলার পরে শরীর'টা ধুয়ে নিলেই চলে 

সম্পর্কে সত্য কথা ইদানীং বলে নাকি কেউ?

সত্য বললেই তো সম্পর্কে লাগে ভাঙনের ঢেউ;  


ধোঁকাবাজি পদে পদে টাকার গন্ধ যেখানেই থাকে 

কাগজের টাকা সবচেয়ে আপন, সম্পর্ক দূরে থাকে

টাকায় কি না কেনা যায়! বন্ধু বান্ধব আর আপন জন 

কপর্দকহীন হয়ে একবার দেখই না কে তোমার আপন?


স্বার্থ সবাই চেনে যখন যেভাবে যেটাতে যার সুবিধা  

স্বার্থে আঘাত লাগলেই মানুষের হয়ে যায় অসুবিধা   

সত্য কথা বলে না কেউ চলতে ফিরতে সংসারে  

সত্য'কে তিতা জেনে চিরতা কজন রাখে ঘরে?


১৭ এপ্রিল, ২০২২


#কবিতা 



চিরতা 

 - যাযাবর জীবন 


আলগা চোখ


আজকাল চোখের লেন্সের ওপর একটা পর্দা ফেলে দেই,  

চোখে রোদ চশমা লাগাই 

কিংবা ক্যামেরার লেন্সে মানুষ দেখি,

আমি বলি আলগা চোখ;


চোখের লেন্স তীব্র ক্ষমতাসম্পন্ন, বড্ড বেশী প্রখর  

সবকিছুই দেখে নেয়, মানুষের বাহির ও ভেতর; 

স্থির হয়ে সামনে বসে থাকা মানুষকে দেখে ৫৭৬ মেগাপিক্সেলে 

আর ১ কোটি আলাদা রঙ,   

চলমান বস্তু চোখ কত দ্রুত দেখে জানো? 

৭৭৭ গিগাপিক্সেল প্রতি সেকেন্ডে, সে গতি তোমরা কল্পনাও করতে পারো না

খোলা চোখে দেখতে পাই প্রচণ্ড গতিবেগে চারিপাশের সম্পর্কের ভাঙন;


স্বার্থ, সম্পর্ক আর অনুভূতিগুলো

ক্যামেরার চোখ ধরতে পারে সেগুলো?

মানুষ মাঝে মাঝে এত নিষ্ঠুর! এত কদর্য স্বার্থের রূপ

অনুভূতির প্রখরতা! রিপুর কদর্যতা  

চারিদিকে ঝনঝন কাঁচের মত ভেঙে পড়া সম্পর্কের ভাঙন 

আজকাল আর সহ্য হয় না,   

তাই ইদানীং খোলা চোখে মানুষ দেখতে ইচ্ছে করে না 

তার থেকে খালি চোখে আকাশ দেখি, গাছপালা, নদীনালা, পশুপাখি

মানুষের দিকে তাকাতেই হলে চোখে রোদ চশমার একটা আবরণ লাগাই

কিংবা মাঝে মাঝে দেখি ক্যামেরার চোখে  

ক্যামেরা আর কত মেগাপিক্সেলেই বা মানুষ'কে দেখাবে?

ওর তো সর্বোচ্চ ক্ষমতা মাত্র ১০৮ মেগাপিক্সেল! 

ওটুকু তাও সয়; 


আর আবরণ ছাড়া খোলা চোখে?

৫৭৬ মেগাপিক্সেলে মানুষের অনুভূতিগুলোও পড়া যায়,  

নগ্ন চামড়ার মানুষ তাও চোখে দেখা যায় 

ভেতরের নগ্নতা? সে বড্ড পীড়া দেয়। 


১৬ এপ্রিল, ২০২২


#কবিতা 


আলগা চোখ 

 - যাযাবর জীবন 



 



অনুভূতির চোখ

আলোকে কি বন্দী করে রাখা যায়? 

দিন'কে বন্দী করেছিলো কে কবে?

সূর্য'কে? 

রাতের চাঁদ'কে মেঘ বন্দী করার চেষ্টা করলেও আলো ছড়ায়;


কে কবে বন্দী করে রাখতে পেরেছিলো অন্ধকার?

রাত যতই কালো হোক আকাশে তারা ফুটবেই

চাঁদ উঠবেই 

শেষমেশ সূর্য এসে দূর করে দেবে অন্ধকার;


মাঝে মধ্যে দিনের বেলায় মেঘ এসে সূর্য'কে ঢেকে দিতে চায়

মাঝে মধ্যে রাতের বেলায় জ্যোৎস্না'কে 

আসলে কি আলো ঢাকা যায়?

একদম কালো মেঘ হলেও আলোর আভা আকাশে থেকেই যায়;


বন্দী করা যায় না অনুভূতিগুলোকে, হোক সে সুখের কিংবা দুঃখের 

মন ভেদ করে কোন না কোন উপায়ে বের হয়ে আসেই

তারপর ছড়িয়ে যায় মস্তিষ্কের পড়তে পড়তে

অনুভূতিরও চোখ আছে চোখের ছায়ায়, মনের মায়ায়; 


আয়নায় আমরা নিজেদের হাসতে দেখি, কাঁদতে দেখি

চেহারায় হাসি কান্না না দেখা গেলেও চোখ ঠিকই অনুভূতির কথা বলে 

তবে আজকাল আর চোখ পড়ার মানুষ কোথায়?

মানুষ শুধু বাহির দেখে, চেহারা পড়ে, বাকিটুকু নিজে নিজে ধারণা করে;


আমি খুব যত্ন করে অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করি 

তবুও মাঝে মধ্যে কিভাবে যেন সূর্যের ফাঁক গলে কান্নাগুলো বেরিয়ে যায়

খুশিগুলো অবশ্য আটকে ফেলতে পারি অমাবস্যার ছায়ায় 

আমার চোখ পড়ার কেউ নেই, চোখের মায়ায়। 



১৬ এপ্রিল, ২০২২


#কবিতা 


অনুভূতির চোখ 

 - যাযাবর জীবন 




সাদাকালো মন

মাথার ওপর সূর্য ছিলো একদিন তপ্ত দুপুর

নদীতে পাখির জলকেলি, সাঁতার হাপুরহুপুর

চরে রোদের তেজ, গরমে অস্থির আমরা 

নদী পাড়ে বালুর গরমে পুড়ে যায় চামড়া; 


সাথে নৌকা ছিলো একটা চরে চরে ঘোরার

শিকারি ক্যামেরা কাঁধে পাখির ছবি তোলার

কখনো নৌকোয় কখনো চরে কখনো পানিতে

যেখানেই পাখি সেখানেই পাখির হাতছানিতে;


চখাচখি কিছু নদীতে জলকেলি করছিলো 

বকের দল লম্বা ঠোঁটে পানিতে মাছ খুঁটছিলো 

হঠাৎ ক্যামেরার লেন্সে পাকড়া উল্টা ঠোঁটি 

দৌড়ে ক্যামেরা তাক করতে গিয়ে ছিঁড়লো চটি; 


বালির গরমে পা পুড়ে, ক্যামেরা ক্লিক ক্লিক করে

লেন্সে চোখ থাকলে পা এর কথা কে মনে করে?

হঠাৎ বকের ঝাঁক পাখা মেলে দিলো দূর আকাশে 

চর জুরে তপ্ত গরমের লু হাওয়া বইছিলো বাতাসে; 


একজোড়া টার্ন পাখি প্রেমে মত্ত ছিলো নদী তীরে

পুরুষ পাখিটি মেয়েকে খুশি করার চেষ্টায় মাছ ধরে  

মিলনের আশায় মেয়ে পাখিকে খাওয়ায় এনে মাছ 

একমাত্র মানুষই ঝগড়ায় করে সম্পর্কের সর্বনাশ; 


ইদানীং আর মানুষের ছবি তুলতে ইচ্ছে করে না 

ওরা রঙ বদল করে ক্ষণে ক্ষণে ক্যামেরায় ধরে না

তার থেকে পাখির ছবি তোলা ঢের বেশি ভালো 

সাদা আর বাদামী মানুষগুলোর মন দেখেছি কালো।


 

১৩ এপ্রিল, ২০২২


#কবিতা 


সাদাকালো মন 

 - যাযাবর জীবন 




পাখির ডানায়

আমার ডানা নেই তবুও উড়তে মন চায়, পাখির ডানায়

মাছেরা নদীতে সাঁতার কাটে, আমি হেঁটে বেড়াই ডাঙায় 

ভালোবাসা কখনো বড্ড ভাসায়, ডোবায়, কাঁদায়, হাসায়  

স্বার্থ আপন সব সম্পর্কগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে কাঁদায়; 


খুব ইচ্ছে করে পাখি হতে, স্বার্থের ওপরে উঠে যেতে

মানুষ হয়ে জন্ম, স্বার্থের আঘাত সইতে হয় মাথা পেতে 

যখন খুব রক্তাক্ত হই! কোন একটা পাহাড়ে চলে যাই

যখন খুব কান্না পায়! চুপিচুপি একা সাগরে চলে যাই; 


ভাগ্যিস পাহাড় সম্পর্কের কথা বলে না দূরে ঠেলে দিয়ে

সাগর স্বার্থের কথা বলে না কখনো, সম্পর্কের খোঁটা দিয়ে 

একদিন খুব ইচ্ছে করে আকাশে চলে যাব সবকিছু ছেড়ে

শরীরটা মাটি হয়ে গেলে কে পাবে আমায় মাটি খুঁড়ে খুঁড়ে!



১২ এপ্রিল, ২০২২


#কবিতা 


পাখির ডানায় 

 - যাযাবর জীবন 


বোধের রঙ

প্রতিদিন রাত হয় আকাশ কালো করে 

আসলে আকাশ কি কালো? 

সূর্য-বাতিটা ধুসর হতে হতে নিভে যায় প্রতিদিন সন্ধ্যায়

মাসের কিছু সময় আকাশে চাঁদ উঠে 

সূর্যের ঘুমের সাথে সাথে মাসের বাকি সময়টা চাঁদও ঘুমায়, 

আমরা আকাশ'কে অন্ধকার হতে দেখি

কখনো কখনো কালোর ভেতর তারা'র মিটমিট  

আসলে আকাশ কি কালো?    


আকাশ কি রঙ বদলায়?

ঊষালগ্নে কিংবা গোধূলি বেলায় আকাশটা লাল রঙ ছড়ায়

সূর্যের মেজাজের সাথে সাথে কখনো হালকা নীল, কখনো আকাশী 

আবার ঝুমঝুমান্তি বৃষ্টির পরে সূর্য হেসে উঠলে 

মেঘের ভেলার ওপারে গাঢ় রঙের নীল দেখা যায় 

সন্ধ্যার ঠিক আগ দিয়ে আকাশটা নিজেকে কেমন যেন ধুসর করে ফেলে

আমি আকাশে রঙের খেলা দেখি

আকাশের রঙ বুঝতে বুঝতে কখনো হৃদয় খুলে তাকাই, কখনো অনুভূতি

খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করি অনুভূতিগুলোর মাঝে রঙের তারতম্য 

ঠিক আকাশের রঙের মত মনে রঙের খেলা;


কখনো মন প্রশান্ত থাকলে অনুভূতি ঘিরে সবুজ রঙের একটা বলয় তৈরি হয়  

অনুভূতির চারিদিকে কখনো লাল রঙের প্রলেপ দেখি ভালোবাসায়

রাগ আর উত্তেজনায়ও অনুভূতি লাল হয়ে যায় কখনো 

আবার মন প্রশমিত হয়ে আসলে অনুভূতিতে নীলের খেলা দেখি 

মনে খুশির আধিক্যে অনুভূতিতে কখনো হলুদ কখনো কমলা 

শান্ত মন দেখে শুভ্র সাদা 

দুঃখবোধ মনকে ধুসর করতে থাকে 

খুব মাঝে মাঝে উৎকণ্ঠায়, ভয়ে আর অতিরিক্ত দুঃখভারে 

কাঁদতে কাঁদতে অন্ধকার হয়ে যাই রাতের মত 

হ্যাঁ, আমারও কান্না আসে; দুচোখ ছাপিয়ে 

ব্যথা বেদনা দুঃখবোধ তো মানুষেরই থাকে! 


আমি মাঝে মাঝে আকাশের রঙ দেখি মাঝে মাঝে বোধের 

তারপর আকাশ হতে চাই অনুভূতিতে  

মনের অনুভূতিগুলো আকাশের মত ছড়িয়ে দিতে,

কি বোকাই না আমি! মানুষ কি আকাশ হতে পারে? 



১১ এপ্রিল, ২০২২


#কবিতা 


বোধের রঙ 

 - যাযাবর জীবন